ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এক কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, যুক্তরাষ্ট্র সেই দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে।
স্থানীয় সময় বুধবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যে দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, তাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। এ ক্ষেত্রে কোনো ছাড়দেওয়া হবে না।’ তবে তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি।
দীর্ঘদিন ধরেই চীন ও রাশিয়া ইরানকে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে আসছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি চাপ মোকাবিলায় তারা ইরানকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি সরবরাহ করে থাকে। যদিও বেইজিং ও মস্কো সাম্প্রতিক সময়ে কোনো অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে।