কুখ্যাত এপস্টিনের সঙ্গে ১০ লাখ রুশ অভিবাসী নিয়ে কী বলেছিলেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকছবি: রয়টাস৴

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনকে বলেছিলেন, ফিলিস্তিনি জনসংখ্যার ভারসাম্য বদলাতে এবং উগ্রপন্থী ইহুদিদের প্রভাব কমাতে সহজেই আরও ১০ লাখ রুশ অভিবাসী নিতে পারে ইসরায়েল।

এপস্টিনের সঙ্গে অডিও বার্তা থেকে বোঝা গেছে, ইসরায়েলের জনসংখ্যাগত কাঠামো বদলানোর চেষ্টা নিয়ে আলাপ করছিলেন এপস্টিন ও এহুদ বারাক। এতে অধিকৃত ফিলিস্তিনের জনসংখ্যার প্রভাব কমানোর চেষ্টার কথা যেমন উঠে এসেছে, তেমনি ইহুদি সমাজের ভেতরে প্রোথিত বর্ণবাদী মানসিকতারও ইঙ্গিত পাওয়া গেছে।

এপস্টিনকে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছিলেন, ইসরায়েলের আরও ১০ লাখ রুশভাষী অভিবাসী প্রয়োজন। তাঁর ভাষায়, আগের তুলনায় এখন কর্তৃপক্ষ আরও ‘বাছাই করে’ অভিবাসী নিতে পারে এবং অনেক বেশি কার্যকরভাবে ‘মান নিয়ন্ত্রণ’ করা সম্ভব।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত সপ্তাহে এপস্টিনের বিপুলসংখ্যক নথিপত্র প্রকাশ করে। এতে এহুদ বারাক ও এপস্টিনের অডিও রেকর্ডিংও ছিল।

এপস্টিনের সঙ্গে তারিখবিহীন এক বৈঠকে সাবেক ইসরায়েলি নেতা বলেন, তাঁর দেশ ‘সহজেই আরও ১০ লাখ’ রুশভাষী অভিবাসী গ্রহণ করতে পারে, যা স্পষ্টতই শ্বেতাঙ্গ স্লাভ জনগোষ্ঠীর প্রতি ইঙ্গিত।

১৯৪৮ সালের মে মাসে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর আগে এবং রাষ্ট্র গঠনের প্রাথমিক বছরগুলোতে অভিবাসনের প্রধান উৎস ছিল পূর্ব ইউরোপের আশকেনাজি ইহুদি এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা সেফার্দি ইহুদিরা।

অডিওতে বারাককে সেফার্দি ইহুদিদের নিয়ে অবমূল্যায়নমূলক মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ইসরায়েল যথাসাধ্য করেছে, ‘উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকেই হোক’ ইহুদিদের আনা হয়েছে।

১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটির বিভিন্ন অংশ থেকে ইসরায়েলে ব্যাপক অভিবাসন শুরু হয়।

সরকারি তথ্য অনুযায়ী, সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৯ লাখ ৯৬ হাজার ৫৯ জন সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অভিবাসী ইসরায়েলে ঢুকেছেন। তাঁদের রাজনৈতিক প্রবণতা ছিল ডানপন্থার সঙ্গে মিল রেখে চলা।

এহুদ বারাক উগ্রপন্থী ও ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যে গভীর বিভাজনের কথাও তুলে ধরেন। এই প্রবণতা এখনো দেশটির ভেতরে বিভাজন বাড়িয়ে তুলছে।

বারাক বলেন, ‘আমি মনে করি, আমাদেরকে বিয়ে, মরদেহ সৎকার এবং অন্যান্য বিষয়ে অর্থোডক্স রেবাইতন্ত্রের একচ্ছত্র আধিপত্য ভাঙতে হবে। একই সঙ্গে একজন ইহুদির সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রেও এই আধিপত্য ভাঙতে হবে।’ এখানে তিনি ধর্মের কঠোর নিয়মকানুনের প্রতি ইঙ্গিত করেছিলেন বলে মনে হচ্ছে।

বারাক বলেন, ‘এভাবে একটি পরিশীলিত ও নির্দিষ্ট পদ্ধতিতে ইহুদি ধর্মে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া যাবে। এটি একটি সফল দেশ, অনেকেই আবেদন করবে।’

বারাক বলেন, ‘ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদের পূর্বপুরুষ বা ইসরায়েলের প্রতিষ্ঠাতাদের চেয়ে আরও কার্যকরভাবে জনসংখ্যার মান নিয়ন্ত্রণ করতে পারে।’

এপস্টিনকে বারাক বলেন, ‘উত্তর আফ্রিকা, আরব বিশ্ব বা যেখান থেকেই হোক, এটি একধরনের মুক্তির ঢেউ ছিল। যারা আসত, তারা সবাইকেই গ্রহণ করত। এখন আমরা বাছাই করতে পারি। আমরা সহজেই আরও ১০ লাখ গ্রহণ করতে পারি। আমি সব সময় পুতিনকে বলতাম, আমাদের যা দরকার, তা হলো আরও ১০ লাখ।’

এহুদ বারাকা বলেন, রুশরা প্রথমে কোনো শর্ত ছাড়াই ইসরায়েলে আসবেন। সামাজিক চাপের প্রয়োজনে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের মানিয়ে নেওয়ার প্রয়োজনের পরিপ্রেক্ষিতে, এটি ঘটবেই।

ইসরায়েলের সরকার বহু দশক ধরে দেশটিতে অভিবাসন উৎসাহিত করে এসেছে। বিশেষ করে মার্কিন ও ফরাসিদের স্বাগত জানানো হয়। অনেকে অবৈধ বসতি স্থাপন করে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জমির ওপর আধিপত্য বিস্তারের সঙ্গে যুক্ত হয়ে যায়, যেখানে তাঁদের আগের কোনো সম্পর্ক নেই।

সর্বশেষ গত বছরের নভেম্বরেও ইসরায়েল সরকার জানিয়েছে, ২০২৬ সালে ইসরায়েলে নতুন অভিবাসী ও দেশে প্রত্যাবর্তনকারী বাসিন্দাদের প্রথম দুই বছর আয়ের কর শূন্য শতাংশ নির্ধারণ করা হবে।