জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গায়ে আগুন লাগিয়ে এক ব্যক্তির আত্মাহুতি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গতকাল বৃহস্পতিবার এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়ে দেন। পরে দগ্ধ হয়ে মারা যান তিনি। স্থানীয় পুলিশ বিভাগ এ তথ্য দিয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ বলেছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিটের দিকে তাদের কাছে একটি ফোনকল আসে। জানানো হয়, ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটের সংযোগস্থলে এক ব্যক্তি শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন। পরে বেলভিউ হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্তৃপক্ষ তাঁকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তদন্ত চলছে।
তবে কী কারণে লোকটি গায়ে আগুন দিয়েছেন, সে ব্যাপারে কিছু বলেনি পুলিশ।
সংবাদপত্র দ্য নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, ঘটনার সময় ওই ব্যক্তির কাছে তিব্বতের একটি পতাকা ছিল। তবে এএফপি আলাদা করে বিষয়টির সত্যতা যাচাই করতে পারেনি।
ঘটনাটির বিষয়ে জাতিসংঘের বক্তব্য জানার চেষ্টা করেছিল এএফপি। তবে সাড়া পাওয়া যায়নি।