যুক্তরাষ্ট্রে শিশুকে মাটিচাপার ২৪ ঘণ্টা পর জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার

১১ মাসের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে ১১ মাসের একটি শিশুকে মাটিচাপা দেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২৪ ঘণ্টা পর গত মঙ্গলবার তাকে জীবিত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুটির নাম কোয়াহ শার্প। তাকে উদ্ধারের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি কুকুরের খাঁচার ভেতরে শিশুটিকে প্রথমে রাখা হয়। এরপর খাঁচাটি তোয়ালে দিয়ে মুড়িয়ে জঙ্গলে নিয়ে মাটির কিছুটা নিচে পুঁতে রাখা হয়।

এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা জে কুন বলেন, শিশুটির মা একটি কাজে বাইরে গিয়েছিলেন। তাই শিশুটিকে বাড়িতে বাবার কাছে রেখে যান। এরপর সোমবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়।

পুলিশ অনুসন্ধানে নেমে বাড়ি থেকে ৪৫ মিটার দূরে জঙ্গলের মধ্যে মাটি খোঁড়ার চিহ্ন দেখতে পায়। সেখান থেকেই শিশুটির সন্ধান পাওয়া যায়। পুলিশের এই কর্মকর্তা বলেন, তাঁরা যখন মাটি খুঁড়তে শুরু করেন, তখন শিশুটির কান্না শোনা যায়। এরপর সবাই দ্রুত তাকে বের করে আনেন।

শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জে কুন। তিনি বলেন, আশা করা হচ্ছে, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এ ছাড়া যাঁরা তাকে উদ্ধারের কাজে অংশ নিয়েছিলেন সবাইকে ধন্যবাদ। শিশুটি বেঁচে থাকার এই ঘটনা উদ্‌যাপন করার মতো।

শিশুটির বাবার নাম মাইকেল কোমার। তাঁর বয়স ২৫ বছর। সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কী কী অভিযোগ আনা যায়, তা নির্ধারণে সরকারি কৌঁসুলিদের সঙ্গে কাজ করছে পুলিশ।