প্রেমিকার সঙ্গে দেখা করার পরদিনই অভিযানে নিহত মাদকসম্রাট এল মেনচো

এল মেনচোছবি: রয়টার্স

প্রেমিকার সঙ্গে দেখা করাই কি তবে কাল হলো মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরার। ‘এল মেনচো’ নামেই তিনি বেশি পরিচিত। গত রোববার এক নিরাপত্তা অভিযানে নিহত হন তিনি।

মেক্সিকো কর্তৃপক্ষ রোববারের অভিযানের মূল্যায়নে বলেছে, এল মেনচোর এক প্রেমিকার সঙ্গে তাঁর দেখা করতে যাওয়ার সূত্র ধরেই তাঁকে ধরার সামরিক অভিযান চালানো সম্ভব হয় এবং অভিযানে তিনি নিহত হন।

মেক্সিকোর সেনাবাহিনী রোববার কুখ্যাত মাদক চক্র জালিস্কো নিউ জেনারেশনের (সিজেএনজি) নেতা এল মেনচোকে ধরতে দেশটির মধ্য–পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে অভিযান চালায়।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া বলেন, ওসেগুয়েরার এক প্রেমিকার ঘনিষ্ঠজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা এক দিনের মধ্যে অপরাধ চক্রটির প্রধানের আস্তানায় অভিযানের পরিকল্পনা করেন এবং পরদিনই অভিযান চালানো হয়।

তাপালপা শহরের উপকণ্ঠের এক বনাঞ্চলে অভিযানের সময় এল মেনচোর সমর্থক ও সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এ সময় মেনচো গুরুতর আহত হন। পরে তাঁকে হেলিকপ্টারে করে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

অভিযানে এল মেনচো নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাপালপা শহর রণক্ষেত্রে পরিণত হয়। সহিংসতায় এ পর্যন্ত ন্যাশনাল গার্ড মিলিটারি পুলিশের ২৫ সদস্য নিহত হয়েছেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এল মেনচোর মাথার দাম ১ কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছিল।

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে, এ নিখুঁত অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতিমধ্যে দেশটির জালিস্কোসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি রাজ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া বলেন, ওসেগুয়েরার এক প্রেমিকার ঘনিষ্ঠ একজনের (খুব সম্ভবত নারী) কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা এক দিনের মধ্যে অপরাধ চক্রটির প্রধানের আস্তানায় অভিযান চালানোর পরিকল্পনা করেন। এর পরদিনই ওই অভিযান চালানো হয়।

অভিযানের সময় ওসেগুয়েরার বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালান এবং সংঘর্ষ একটি বনাঞ্চলের ভেতরে থাকা ‘কেবিন কমপ্লেক্সে’ (এক জায়গায় ছোট ছোট কয়েকটি ঘর) ছড়িয়ে পড়ে। সেখানে ওসেগুয়েরা তাঁর দুজন দেহরক্ষীর সঙ্গে আহত হন। পরে তিনজনকে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়া হয়। কিন্তু তাঁদের বাঁচানো যায়নি।

অভিযানে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি একজন সাধারণ ব্যক্তি মারা গেছেন। সাতটি রাজ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওমার গার্সিয়া হারফুচ, মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী

ত্রেভিয়া বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পথেই তাঁরা মারা যান।’

কর্তৃপক্ষ বলেছে, ঘটনাস্থল থেকে তারা গ্রেনেড লঞ্চারযুক্ত রাইফেল, রকেট লঞ্চার ও মর্টারের গোলা উদ্ধার করেছে।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর জানিয়েছে, ১৪টি রাজ্যে (সহিংসতা নিয়ন্ত্রণে) প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনা করছে তারা।

সামরিক অভিযানে এল মেনচো নিহত হওয়ার পর মেক্সিকোর বেশ কয়েকটি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়
ছবি: এক্স ভিডিও থেকে নেওয়া

ওসেগুয়েরার মৃত্যুতে মেক্সিকোজুড়ে সহিংসতা শুরু হয়েছে। কার্টেল (মাদক অপরাধী চক্র) সমর্থকেরা সরকারের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে সড়ক অবরোধ করেছেন এবং গাড়ি জ্বালিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে নিরাপত্তামন্ত্রী ওমার গার্সিয়া হারফুচ বলেন, অভিযানে ৩০ জন কার্টেল সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি একজন সাধারণ ব্যক্তি মারা গেছেন। সাতটি রাজ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারের একটি বিবৃতিতে বলা হয়েছে, এখন পর্যন্ত কোনো বিদেশি আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন
আরও পড়ুন