জর্জিয়ায় জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা

জর্জিয়া সিনেটে জয়ের পর ভাষণ দেন রাফায়েল ওয়ারনকছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জর্জিয়া সিনেটে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। তাঁর এই জয়ের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ডেমোক্র্যাটরা। খবর বিবিসির।

গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। এই ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন রাফায়েল। নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

জর্জিয়ায় রাফায়েল পুনর্নির্বাচিত হওয়ায় মার্কিন সিনেটে ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ডেমোক্র্যাটরা।

গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন হয়। এই নির্বাচনে জর্জিয়া সিনেটে কোনো দলের প্রার্থী ৫০ শতাংশ ভোট পাননি। ফলে নিয়ম অনুসারে, জর্জিয়ায় দ্বিতীয় দফার ভোট হয়। এই ভোটের ফলাফলের মধ্য দিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হলো।

অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি।

জর্জিয়া সিনেটে জয়ের পর রাফায়েলকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জর্জিয়ার ভোটাররা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন।