যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী বিতাড়ন ও গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর অভিযান চলছেফাইল ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সরকার এক বছরে প্রায় পাঁচ লাখ অভিবাসীকে গ্রেপ্তার এবং প্রায় সমসংখ্যক মানুষকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশটিতে এর আগে এক বছরে এত মানুষকে গ্রেপ্তার বা নিজ দেশে ফেরত পাঠানোর রেকর্ড নেই। গত বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এসব তথ্য জানিয়েছে।

ডিএইচএসের দেওয়া তথ্য অনুযায়ী, গেল অর্থবছরে (১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬) ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ৪ লাখ ৮৩ হাজার ২০০ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই সময় সংস্থাটি ৪ লাখ ৯১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে। অভিবাসনবিষয়ক সংস্থাটির ২৩ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ বিতাড়ন ও গ্রেপ্তারের ঘটনা। ২০২৫ সালে আইসিই ৪ লাখ ৪২ হাজার ৬৪০ জনকে বিতাড়িত করেছিল।

গত মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রশাসনের অভিবাসন নীতি ‘কিছুটা বেশি কঠোর’ হতে পারে। তবে তিনি দাবি করেন, অপরাধীদের বের করে দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন। এর এক দিন পর গ্রেপ্তার ও বিতাড়নের এই হিসাব প্রকাশ করল ডিএইচএস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী মার্কওয়েইন মুলিন এক বিবৃতিতে বলেন, গত সেপ্টেম্বরে ৪৮ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করে আইসিই। এর আগে টানা দুই মাস গ্রেপ্তারের রেকর্ড ছিল। এর মধ্যে আগস্টে সংস্থাটি সর্বোচ্চ ৫০ হাজার ৯২৫ জনকে গ্রেপ্তার করেছিল।

তবে ট্রাম্প প্রশাসনের দেওয়া এই হিসাব নিয়ে প্রশ্ন তোলেন ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গবেষণা পরিচালক স্টিভেন ক্যামারোটা। তিনি বলেন, ট্রাম্প যে আগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে ডিএইচএসের দেওয়া তথ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে। কারণ, দেশের ভেতর থেকে গ্রেপ্তার ও সীমান্ত বা বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর সংখ্যা সংস্থাটি আলাদাভাবে দেয়নি।

আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর ট্রাম্পের এই অভিবাসনবিরোধী অভিযান বন্ধে তৎপর হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ও মিসিসিপির ডেমোক্র্যাট সংসদ সদস্য বেনি থম্পসন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমেরিকানদের বিরুদ্ধে ডিএইচএসকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং প্রশাসনের নিয়ন্ত্রণহীন অভিবাসন নীতির বিষয়ে আমরা তদন্ত করব।’