মার্কিন বিমানের ২০ ফুট পাশে দিয়ে উড়ে গেছে চীনা যুদ্ধবিমান: যুক্তরাষ্ট্র
দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে সম্প্রতি একটি চীনা যুদ্ধবিমান একটি মার্কিন নজরদারি বিমানের খুব কাছ দিয়ে বিপজ্জনকভাবে উড়ে গেছে। বিমান দুটির ব্যবধান ২০ ফুটের (৬ মিটার) মধ্যে ছিল। গতকাল বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ঘটনাটি ২১ ডিসেম্বরের। এদিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরসি-১৩৫ বিমানকে অতিক্রমের সময় চীনা নৌবাহিনীর জে-১১ যুদ্ধবিমানের পাইলটের মধ্যে অনিরাপদ গতিবিধি দেখা গেছে। ওই চীনা পাইলট মার্কিন বিমানের সামনের ২০ ফুট দূরত্বের মধ্য দিয়ে বিমান নিয়ে উড়ে গেছেন। সংঘর্ষ এড়াতে আরসি-১৩৫ বিমানটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
যুক্তরাষ্ট্রের কমান্ড আরও বলেছে, দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় আরসি-১৩৫ বিমানটি বৈধভাবে নিয়মিত মহড়া চালাচ্ছিল।
স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে ঘিরে চীনের একের পর এক মহড়া নিয়ে যখন উত্তেজনা চলছে, তখনই এমন ঘটনার কথা প্রকাশ্যে এল।
গত সপ্তাহে চীন ৭১টি যুদ্ধবিমান নিয়ে তাইওয়ান ঘিরে মহড়া চালিয়েছে। গত রোববার চীনের পিপলস লিবারেশন আর্মি এ বিমান মহড়া চালায়। বেইজিংয়ের দাবি, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উসকানির জবাবে এ মহড়া চালিয়েছে তারা।
এএফপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ ধরনের ঘটনা ১ হাজার ৭০০ বারের বেশি ঘটেছে। ২০২১ সালে এ ধরনের ঘটনা ঘটেছে ৯৬৯ বার। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ২০২০ সালে এমন ঘটনার সংখ্যা ছিল ৩৮০-এর কাছাকাছি।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। অঞ্চলটির কাছে দেশটি সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের শাসন মেনে নেওয়ার জন্য তাইওয়ানের ওপর কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক চাপ জোরদার করেছে বেইজিং। তাইওয়ান সরকার বলেছে, তারা শান্তি চায়, তবে হামলা হলে নিজেদের সুরক্ষায় ব্যবস্থা নেবে। চীনের যেকোনো সম্ভাব্য হামলা থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে তাইওয়ানকে যুক্তরাষ্ট্র সামরিক ও অত্যাধুনিক প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে।