শেষকৃত্যের আগে জানা গেল, তিনি বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বয়স ৮২ বছর। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এই নারীকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। তবে শেষকৃত্যের আগে ঘটল এক অদ্ভুত ঘটনা। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে জানা গেল, তিনি বেঁচে আছেন এবং দিব্বি শ্বাস নিচ্ছেন।

নিউইয়র্কের এই নারীকে মৃত ঘোষণার পরপরই যে তাঁর সৎকারের কার্যক্রম শুরু হয়েছিল, এমনটা নয়। একটি নার্সিং হোমে ছিলেন তিনি। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করলে তাঁকে নেওয়া হয় ‘ফিউনারেল হোমে’। মূলত এখানে মরদেহ নেওয়ার পর সৎকারপ্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু সেখানে শ্বাস পরখ করে জানা যায়, ওই নারী বেঁচে আছেন।

নিউইয়র্কের শাফোক কাউন্টির পুলিশ জানিয়েছে, ওই নারী নিউইয়র্কের পোর্ট জেফারসনের ওয়াটার্স এজ রিহ্যাব অ্যান্ড নার্সিং সেন্টারে ছিলেন। গত শনিবার বেলা সোয়া ১১টায় তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এই মৃত্যু সংবাদ পাওয়ার পরই শুরু হয় তৎপরতা। পুলিশ জানিয়েছে, ওই দিন বেলা দেড়টার দিকে তাঁকে নেওয়া হয় ও বি ডেভিস ফিউনারেল হোমে। সেখানেই তাঁর সৎকার সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ২টা ৯ মিনিটে জানা যায়, তিনি আসলে বেঁচে আছেন।

এরপর আবার ওই নারীকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা এখন কেমন, তা জানায়নি পুলিশ। এ ছাড়া পুলিশ কিংবা ওই নার্সিং সেন্টার—কেউ ওই নারীর নাম প্রকাশ করেনি। তবে এ নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এ নিয়ে তদন্ত শুরু করেছে। অঙ্গরাজ্যের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র মনিকা পোমেরয় জানিয়েছেন, অঙ্গরাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত করেছে। তবে এর বাইরে আর কিছু জানাননি তিনি।

এদিকে বিষয়টি নিয়ে জানতে ওই নার্সি হোমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। ওই ফিউনারেল হোমও এ নিয়ে মন্তব্য করেনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে এমন আরেকটি ঘটনা ঘটেছে। মৃত্যুর আগে সেখানে ৬৬ বছর বয়সী এক নারীকে ‘মৃত’ ঘোষণা করায় গ্লেন ওকস আলঝেইমার স্পেশাল কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।