ইউক্রেন ও প্রতিবেশী দেশে ৩৭৫ কোটি ডলারের সামরিক সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি যুদ্ধ যান
ছবি: রয়টার্স ফাইল ছবি

রুশ অভিযানে ক্ষতিগ্রস্ত ইউক্রেন এবং এর প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, এসব দেশকে ৩৭৫ কোটি ডলার মূল্যের সহায়তা দেওয়া হবে। খবর রয়টার্সের

এক বিবৃতিতে ব্লিনকেন বলেন, ওয়াশিংটন ইউক্রেনকে ব্র্যাডলি যুদ্ধ যান, স্বচালিত হাউইটজার কামান, সামরিক যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, গোলা বারুদসহ বিভিন্ন সামরিক উপকরণ সরবরাহ করবে।  

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জাঁ পিয়েরে বলেন, এ সামরিক সহায়তার মধ্যে আছে—স্থলমাইন প্রতিরোধকারী যান, জিএমএলআরএস রকেটব্যবস্থা, ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, যান বিধ্বংসী স্থলমাইন ও গোলাবারুদ।
আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত আরআইএম-৭ সি স্প্যারো ক্ষেপণাস্ত্রও ইউক্রেনে পাঠানো হবে। সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রব্যবস্থা বাক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়তে হয়। ইউক্রেন এ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ব্যবহার করছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থা পাঠানোর অঙ্গীকার করেছে জার্মানি।