ট্রাম্পের বাসায় তল্লাশির ‘সম্পাদিত’ হলফনামা প্রকাশের নির্দেশ বিচারকের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় চলতি মাসের শুরুর দিকে তল্লাশি চালিয়েছিল দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। তল্লাশির আগে অনুমতি চেয়ে তাদের একজন বিচারকের কাছে হলফনামা জমা দিতে হয়েছিল। সেই হলফনামার ‘সম্পাদিত’ একটি সংস্করণ প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের মধ্যে সম্পাদিত নথিটি প্রকাশের নির্দেশ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিচারক রেইনহার্ট এ আদেশ দেন। এর আগে প্রসিকিউটররা প্রস্তাবিত সম্পাদনাসহ হলফনামার একটি সিলগালা কপি বিচারকের কাছে জমা দিয়েছেন বলে বিচার বিভাগের মুখপাত্র নিশ্চিত করেছেন।
এই সম্পাদনা ব্যাপকতর হবে বলে মনে করা হচ্ছে। এ কারণে এই তদন্ত সম্পর্কে কী পরিমাণ নতুন তথ্য প্রকাশ করা হবে, সে বিষয়টি অস্পষ্ট।
রেইনহার্ট বলেন, সাক্ষী ও কেন্দ্রীয় গোয়েন্দা সদস্যদের পরিচয়ের পাশাপাশি সরকারের তদন্ত ও কৌশল এবং গ্র্যান্ড জুরির উপাদান সুরক্ষার প্রয়োজনীয়তাসহ কিছু নথি গোপন রাখার বৈধ কারণ বিচার বিভাগের আছে।
হলফনামাটি একধরনের শপথ বিবৃতি। তল্লাশি পরোয়ানা চাওয়ার সম্ভাব্য কারণের পক্ষে বিচার বিভাগকে এতে তথ্য-প্রমাণ দেওয়া হয়। এই হলফনামায় ৮ আগস্ট ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে তল্লাশির কারণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে।
ওই তল্লাশিতে ট্রাম্পের আবাসন থেকে পুনরুদ্ধার হওয়া ১১ সেট অতিগোপনীয় নথির কয়েকটি তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। উদ্ধার হওয়া কিছু নথিকে ‘টপ-সিক্রেট’ হিসেবে চিহ্নিত করা হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সম্ভবত হলফনামায় থাকা সাক্ষী ও এফবিআই সদস্যদের কোনো নাম তা প্রকাশ করা হবে না। এতে সাবেক প্রেসিডেন্টের বাসায় নজিরবিহীন তল্লাশির ঘটনাপ্রবাহের বর্ণনা থাকতে পারে।
কয়েকটি সংবাদ সংস্থা হলফনামাটি প্রকাশ করতে আদালতের কাছে আবেদন জানিয়েছিল। তাঁদের মতে, এই হলফনামার বিষয়বস্তু ‘সর্বোচ্চ জনস্বার্থের’ সঙ্গে যুক্ত। ট্রাম্প নিজেও হলফনামাটি প্রকাশের আহ্বান জানিয়েছে সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন। অবশ্য তাঁর আইনজীবীরা বিষয়টিকে এত গুরুত্বের সঙ্গ নেননি।