‘সুগন্ধি বিক্রেতা’ ইলন মাস্ক
যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটারে নানা বিষয়ে কৌতুক করে থাকেন। সম্প্রতি টুইটার কেনা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাঁর টানাপোড়েন মামলা পর্যন্ত গড়িয়েছে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনতে চেয়েও পরে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বেশি বলে ফিরে আসতে চেয়েছিলেন তিনি। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ মামলা করেছে। আদালতে দাঁড়ানোর আগেই তিনি আবার টুইটার কেনার প্রক্রিয়ায় ফেরার কথা বলেছেন। এরই মধ্যে টুইটারে ‘সুগন্ধি বিক্রেতা’ সেজে এক কৌতুক করেছেন ইলন মাস্ক। তিনি বলেছেন, টুইটার কেনার টাকা জোগাড় করতে তিনি সুগন্ধি বিক্রি করবেন।
টুইটারে গত বুধবার এক পোস্ট দিয়ে সবাইকে চমকে দেন মাস্ক। তিনি বলেন, ‘বার্নট হেয়ার’ নামের একটি নতুন সুগন্ধি ব্র্যান্ড চালু করছেন তিনি। তাঁর ঘোষণার পরপরই এ সুগন্ধি ১০ লাখ মার্কিন ডলারের বেশি বিক্রি হয়ে যাওয়ার কথাও বলেন তিনি। নিমেষেই ১০ হাজার বোতল সুগন্ধি বিক্রির তথ্য সবাইকে চমকে দেয়। মাস্ক টুইটারে এ সময় লেখেন, ‘দয়া করে আমার সুগন্ধি কিনুন, যাতে আমি টুইটার কিনতে পারি।’
চলতি মাসের শেষ নাগাদ ৪৪ বিলিয়ন মার্কিন ডলারেই টুইটার কিনে নিতে পারেন মাস্ক। তিনি টুইটার না কিনলে চুক্তি ভঙ্গের দায়ে আগামী নভেম্বরে তাঁকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
বিশ্বের শীর্ষ ধনী টুইটারে তাঁর সংক্ষিপ্ত জীবনী পাল্টে লেখেন, ‘সুগন্ধি বিক্রেতা’। তিনি এর সঙ্গে সুগন্ধি বিক্রির ওয়েবসাইট যুক্ত করে দেন। সুগন্ধির বোতলের একটি ছবিও পোস্ট করেন তিনি। তাতে লাল রঙের একটি বোতলে বার্নট হেয়ার লেখা। বোতলের গায়ে খুচরা মূল্য ১০০ মার্কিন ডলার লেখা।
টুইটারে ইলন মাস্কের বর্তমানে অনুসারী সংখ্যা ১০ কোটি ৮৭ লাখ। তিনি এখানে কৌতুক করে যা-ই লেখেন, তা-ই দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি এর আগে টুইটারে অনেক অপ্রচলিত পণ্যের বিপণন করেছেন, যাতে তাঁর রসবোধের পরিচয় ভক্তরা পেয়েছেন।