সাড়ে তিন হাজার পুরোনো গাড়ির শোভাযাত্রা

ওকলাহোমার টোলসা শহরে পুরোনো গাড়ির শোভাযাত্রার আয়োজন করা হয়ছবি: টোলসা পুলিশ বিভাগের ফেসবুক

যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি সড়ক যেন হঠাৎই পরিণত হলো এক উন্মুক্ত জাদুঘরে। রাস্তাজুড়ে সাজানো পুরোনো মডেলের দুর্লভ সব গাড়ি। শুধু তা–ই নয়, এ গাড়িগুলো রীতিমতো একটি শোভাযাত্রাও করল। মুহূর্তেই সময় যেন পিছিয়ে একদম পুরোনো দিনের হাইওয়েতে চলে গেল। সড়কটিতে দাপিয়ে বেড়াল তিন হাজারের বেশি পুরোনো গাড়ি।

গত শনিবার ওকলাহোমার টোলসা শহরের রুট সিক্সটি সিক্স সড়কে দেখা গেছে এমন দৃশ্য। এদিন ওই সড়কে আয়োজিত এই বিশেষ শোভাযাত্রায় অংশ নিয়েছিল ৩ হাজার ৫৯৬টি পুরোনো মডেলের গাড়ি। আর এর মধ্য দিয়ে শোভাযাত্রাটি আগের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

এর আগে গিনেসে এ ধরনের আয়োজনের যে রেকর্ডটি ছিল, তার চেয়ে এবারের আয়োজনে ১ হাজার ১০৫টি গাড়ি বেশি ছিল।

শনিবার আয়োজনের নাম দেওয়া হয়েছিল ‘টোলসা রুট সিক্সটি সিক্স ক্যাপিটাল ক্রুজ: ক্ল্যাসিক কার সেন্টেনিয়াল প্যারেড’। পুরো শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় ঐতিহাসিক রুট সিক্সটি সিক্স সড়কজুড়ে। সড়কটির ১০০ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়।

টোলসা শহরের মেয়র মনরো নিকোলস এক বিবৃতিতে বলেন, ‘আমি টোলসাকে নিয়ে খুবই গর্বিত ও নতুন বিশ্ব রেকর্ড গড়তে পেরে অত্যন্ত আনন্দিত। টোলসার রুট সিক্সটি সিক্স ক্যাপিটাল ক্রুজ আয়োজনটি ছিল এক বছর ধরে চলা একটি প্রস্তুতির ফল। এখানে টোলসার বিভিন্ন সহযোগী পক্ষ একসঙ্গে কাজ করেছে। এর উদ্দেশ্য ছিল, বিশ্বকে মনে করিয়ে দেওয়া যে টোলসাই রুট সিক্সটি সিক্সের রাজধানী এবং টোলসার মতো করে এমন উদ্যোগ আর কোনো শহর নিতে পারে না।’

নিকোলসের দাবি, এখন থেকে আগামী ১০০ বছর ধরে যখনই কেউ রুট সিক্সটি সিক্সের শতবর্ষের কথা বলবে, তারা ওকলাহোমার টোলসাকে স্মরণ করবে।

এই শোভাযাত্রায় অংশ নেওয়া গাড়িগুলোর চালকেরা মূলত যুক্তরাষ্ট্রের ৪২টি অঙ্গরাজ্য থেকে এসেছেন। কানাডা ও ফ্রান্স থেকেও অনেকে অংশ নিয়েছিলেন।