‘বোম সাইক্লোনে’ বিপর্যস্ত উত্তর আমেরিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের জনজীবন
ফাইল ছবি: এএফপি

চলছে বড়দিনের উৎসব। তবে উৎসবের আমেজ যেন চাপা পড়েছে বিরূপ আবহাওয়ার প্রকোপে। তীব্র তুষারঝড়ে নাকাল উত্তর আমেরিকার জনজীবন। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের বহু নিচে। ঝড়ে মৃত্যু হয়েছে অনেকের। আবহাওয়ার এই ভয়াবহ রূপের নাম ‘বোম সাইক্লোন’।

যুক্তরাষ্ট্র ও কানাডার অনেক অঞ্চলের তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির মিনেসোটা অঙ্গরাজ্যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ডালাস শহরে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে। আর পশ্চিম কানাডায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নিচে ৫৩ ডিগ্রিতে।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকা বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছে ৪৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছে ২৭ জন। ওহাইও অঙ্গরাজ্যে মৃত্যু হয়েছে ৯ জনের। অন্যদিকে কেনটাকি অঙ্গরাজ্য ও কানসাস শহরে তিনজন করে মারা গেছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুষারঝড়ে বাধা পড়েছে উড়োজাহাজ চলাচলে। স্থানীয় সময় গতকাল আজ সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের বাফেলো শহরের রাস্তায় তুষারে আটকে গেছে হাজারো গাড়ি। এই তুষারঝড়কে বাফেলোর ১৯৭৭ সালের তুষারঝড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, বাফেলোর ইতিহাসে এই ঝড় সবচেয়ে বিধ্বংসী।

স্থানীয়ভাবে যান চলাচল বন্ধের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানিয়েছেন হোকুল। তিনি বলেন, এতে কর্মকর্তারা সড়কের তুষার পরিষ্কারের কাজ চালু রাখতে ও সড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বহু গাড়ি সরিয়ে নিতে পারবেন।

এদিকে পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, তুষারঝড়ের কারণে গতকাল সোমবার বিকেল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। তুষারঝড় শুরু হওয়ার পর একপর্যায়ে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল।

তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ককে কেন্দ্রীয়ভাবে সহায়তা দিতে জরুরি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘এই ছুটির সপ্তাহের শেষে এসে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমি হৃদয় থেকে সমবেদনা জানাচ্ছি।’

বিবিসির তথ্য অনুযায়ী, নিউইয়র্কের বাফেলো শহরটির অবস্থা সবচেয়ে খারাপ। সেখানকার একজন সরকারি কর্মকর্তা বলেন, অনেক মানুষ গাড়িতে আটকে পড়েছেন। তাঁরা দুই দিনের বেশি সময় ধরে গাড়িতে আটকে রয়েছেন। কোথাও কোথাও ৯ ইঞ্চির বেশি ঘন তুষার জমে গেছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো মিলিয়ে তুষারঝড়ে মোট মৃত্যু ৫৬ ছাড়িয়েছে।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জরুরি সাহায্যসেবার গাড়িগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না। গত বড়দিনে শিশুসহ একটি পরিবারকে এমন পরিস্থিতিতে উদ্ধারে ১১ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

আবহাওয়া কর্মকর্তারা বলছেন, আগামী কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে তাঁরা লোকজনকে এখনো ভ্রমণ এড়াতে পরামর্শ দিচ্ছেন। কানাডায় সবচেয়ে পরিস্থিতি খারাপ হয়েছে অন্টারিও ও কুইবেক প্রদেশে। অন্টারিও প্রিন্স এডওয়ার্ড কাউন্টি ও লেক অন্টারিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে মূল সড়ক থেকে তুষার সরাতে ব্যস্ত সময় পার করতে হচ্ছে কর্তৃপক্ষকে।