ট্রাম্পকে হোয়াইট হাউসে বলরুম তৈরির কাজ বন্ধ রাখতে বললেন আদালত
হোয়াইট হাউসে ট্রাম্পের বলরুম তৈরির কাজ আটকে দিয়েছেন একজন মার্কিন বিচারক। তিনি বলেছেন, কংগ্রেসের অনুমোদন না পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কাজ করতে পারবেন না। হোয়াইট হাউসের ইস্ট উইংয়ে একটি বলরুম তৈরির কাজ শুরু হয়েছে। এ কাজের ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি মার্কিন ডলার।
বলরুম তৈরির জন্য ইস্ট উইংয়ের বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। আদালত সেখানে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছেন। এ নির্দেশ রিপাবলিকান প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্র পুনর্গঠনের সবচেয়ে দৃশ্যমান প্রচেষ্টার একটিকে আটকে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনের একটি নিষেধাজ্ঞা আবেদন প্রাথমিকভাবে আমলে নিয়ে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন এ আদেশ দিয়েছেন।
ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন একটি অলাভজনক সংস্থা। আদালতের কাছে করা আবেদনে তারা অভিযোগ করে, হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে সেখানে নতুন ভবনের নির্মাণ শুরু করে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।
সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় বিচারক হিসেবে নিয়োগ পান লিওন। তিনি মামলার শুনানি চলাকাল পর্যন্ত ৯০ হাজার বর্গফুট আয়তনের এই বলরুম তৈরির প্রকল্প স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।
প্রশাসনকে উল্লেখ করে লিখিত আদেশে বিচারক লিওন বলেন, ‘এটা আমাদের কোথায় এনে ফেলেছে? বাদীদের জন্য (বিষয়টি) দুর্ভাগ্যজনক, কংগ্রেস এই প্রকল্পকে আইনগত অনুমোদন না দেওয়া পর্যন্ত, নির্মাণকাজ বন্ধ থাকবে।’
এ আদেশের বিরুদ্ধে আপিল করার জন্য ট্রাম্প প্রশাসনকে ১৪ দিন সময় বেঁধে দিয়েছেন বিচারক।
তবে বিচারক লিওন বলেছেন, হোয়াইট হাউসের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যতটুকু নির্মাণকাজ চালিয়ে যাওয়া প্রয়োজন, তার ওপর এই আদেশ কার্যকর হবে না।
এ আদেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ওয়াশিংটনভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট আপিল আদালতে আপিল করেছে।
ট্রাম্প তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশনকে বামপন্থী ‘পাগলদের’ দল বলে অভিহিত করেছেন।
পোস্টে ট্রাম্প দাবি করেন, তাঁর বলরুমটি বাজেটের মধ্যে, সময়সূচির আগেই, করদাতাদের কোনো খরচ ছাড়া তৈরি হচ্ছে। সারা বিশ্বে এ ধরনের ভবনগুলোর মধ্যে এটি সবচেয়ে চমৎকার ভবন হতে চলেছে বলেও দাবি ট্রাম্পের।
ন্যাশনাল ট্রাস্টের প্রেসিডেন্ট ও সিইও ক্যারল কুইলেন এক বিবৃতিতে আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন।
ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে ফেলার পর গত ডিসেম্বরে ন্যাশনাল ট্রাস্ট প্রেসিডেন্ট ট্রাম্প ও কয়েকটি ফেডারেল সংস্থার বিরুদ্ধে এ মামলা করে।
হোয়াইট হাউসের ইস্ট উইং মূলত তৈরি করা হয়েছিল ১৯০২ সালে। চার দশক পরে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্টের আমলে এটির সম্প্রসারণ করা হয়। ট্রাম্পের সাধের বলরুম তৈরির জন্য সেটির বড় একটি অংশ ভেঙে ফেলা হয়েছে।
ন্যাশনাল ট্রাস্টের যুক্তি, প্রেসিডেন্ট ট্রাম্প বা হোয়াইট হাউস প্রাঙ্গণ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ন্যাশনাল পার্ক সার্ভিস—কারোই সেখানকার কোনো ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করার বা একটি বড় নতুন ভবন নির্মাণের অধিকার নেই, যদি না কংগ্রেস স্পষ্টভাবে এ বিষয়ে অনুমোদন দেয়।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, বলরুম নির্মাণে হোয়াইট হাউসের অবকাঠামোগত আধুনিকীকরণ হবে, নিরাপত্তা জোরদার করবে এবং এক্সিকিউটিভ ম্যানশনের ওপর চাপ কমাবে।
হোয়াইট হাউসে বড় অনুষ্ঠান আয়োজনের জন্য এখন প্রায়ই অস্থায়ী কাঠামোর ওপর নির্ভর করতে হয়।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের জোর দাবি, প্রকল্পটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত দাতাদের অর্থায়নে পরিচালিত হচ্ছে।