যুক্তরাষ্ট্রে ডিমের দাম বেড়েছে ৪৯%, এক বছরে আর কোন পণ্যের দাম লাগাম ছাড়াল
কোভিড-১৯–এর ধাক্কা কাটতে না কাটতেই শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে বিশ্ব অর্থনীতির অবস্থা নাজুক। গত বছরের ফেব্রুয়ারিতে এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের প্রায় প্রতিটি দেশে নানা পণ্যের দাম বেড়ে যায় ব্যাপক হারে। বছরের প্রায় পুরো সময় মূল্যস্ফীতি হয়ে ওঠে বড় আলোচ্য বিষয়।
ধনী বা দরিদ্র—এমন কোনো দেশ নেই যে মূল্যস্ফীতির কোপানলে পড়েনি। ধনী দেশ যুক্তরাষ্ট্রেও পণ্যের দাম বেড়েছে বিস্তর। যুক্তরাষ্ট্রে বিভিন্ন জিনিসপত্রের দাম কতটা বেড়েছে, তার একটি চিত্র তুলে ধরেছে ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট।
এই প্রতিবেদনে মূলত যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের (বিএলএস) উপাত্ত তুলে ধরা হয়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরে পণ্যের মূল্যবৃদ্ধির চিত্র এখানে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে পণ্যের দাম কতটা বেড়েছে
যুক্তরাষ্ট্রে ২০২১ সালের তুলনায় গত বছর (২০২২) মূল্যস্ফীতির কারণে ব্যাপকহারে জিনিসপত্রের দাম বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের দাম। এটি দেশটির অনেক পরিবারের জন্য সক্ষমতার প্রায় বাইরে চলে গেছে।
এরপরই দাম বেড়েছে জ্বালানি তেল ও ডিমের। এ দুইয়ের দাম বেড়েছে যথাক্রমে ৬৬ ও ৪৯ শতাংশ। উড়োজাহাজ ও সব পরিবহনের ভাড়া বেড়েছে। রান্নার সামগ্রী থেকে শুরু করে ঘর গরম করার সামগ্রী কোনো কিছুই আর সস্তায় নেই যুক্তরাষ্ট্রে। সস্তা শুধু হয়েছে গরুর মাংস ও স্মার্টফোন। প্রতিটি মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে ব্যাপকহারে।
শুরু হয়েছে নতুন বছর ২০২৩। যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। জিনিসপত্রের দাম কমারই নেই কোনো ইঙ্গিত। সবারই আশঙ্কা, মন্দা অবস্থার কোনো উন্নতি তো হবেই না বরং তা আরও বাড়বে।