বাড়িতে কুকুরছানার লালনপালনের জন্য আট সপ্তাহের ‘মাতৃত্বকালীন ছুটি’ চাইলেন নারীকর্মী, আইন কী বলে

প্রতীকী ছবি

সন্তান জন্ম দিলে কর্মক্ষেত্রে মায়েরা মাতৃত্বকালীন ছুটি পান, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সন্তানের বদলে ঘরে আনা নতুন কুকুরছানার জন্য বেতনসহ ‘মাতৃত্বকালীন ছুটি’ চেয়ে আলোচনার জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ছুটি না দিলে কর্তৃপক্ষের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলবেন বলে হুমকিও দিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় রেডিও শো ‘জোনসি অ্যান্ড আমান্ডা’–তে সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সঞ্চালকেরা যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন নারী কর্মকর্তার একটি ভিডিও তুলে ধরেন। ওই কর্মকর্তা জানান, এক নারী কর্মীর ছুটির দাবিকে কেন্দ্র করে তাঁকে প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগের সঙ্গে বৈঠকে বসতে হচ্ছে। কারণ, ছুটি দিতে না চাওয়ায় ওই কর্মী উল্টো অভিযোগ করেছেন, তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা সন্তানধারণে অক্ষম নারীদের প্রতি সহানুভূতিশীল নন।

রেডিও অনুষ্ঠানে ওই নারী কর্মীর পাঠানো ই-মেইল পড়ে শোনানো হয়। সেখানে তিনি লিখেছেন, ‘সম্প্রতি আট সপ্তাহ বয়সী একটি গোল্ডেন রিট্রিভার কুকুরছানা ঘরে এনেছি। এখন আমি আরেকটি প্রাণের অভিভাবক। সে প্রতি দুই ঘণ্টা পরপর জেগে ওঠে। আমি একটুও ঘুমাতে পারছি না এবং একজন নতুন মা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, আমিও ঠিক তা-ই অনুভব করছি।’

তবে এইচআর বিভাগ থেকে ওই নারী কর্মীকে জানানো হয়েছিল, কেবল সন্তান জন্ম দেওয়া কর্মীদের জন্যই মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য। এর জবাবে ওই কর্মী বলেন, সন্তান জন্ম দেওয়া বা না–দেওয়ার বিষয়টি এখানে কোনোভাবেই বিবেচ্য হতে পারে না।

কুকুরছানাটিকে নিজের ‘ছেলে’ উল্লেখ করে তার দেখভালের জন্য আট সপ্তাহের পূর্ণ সবেতন মাতৃত্বকালীন ছুটি দাবি করেন ওই কর্মী। ই-মেইলের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ছুটি না দিলে সন্তানহীন নারীদের প্রতি বৈষম্যের অভিযোগে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক নালিশ করবেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া শ্রোতাদের প্রায় সবাই ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষে মত দেন। ক্ষোভ প্রকাশ করে একজন মা বলেন, ‘অস্ত্রোপচারের পর শরীর পুরোপুরি সেরে ওঠার আগেই সন্তানের দায়িত্ব নিয়ে আমাকে মাত্র ছয় সপ্তাহের ছুটিতে ফিরতে হয়েছিল। আর উনি একটি কুকুরের জন্য আট সপ্তাহের ছুটি চান!’

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ কুকুরছানা লালন-পালনের কষ্টকে বিবেচনায় নেওয়ার কথা বললেও অনেকে বলেছেন, এমন ছুটি কোনো প্রাতিষ্ঠানিক অধিকার হতে পারে না।

যুক্তরাষ্ট্রে পোষা প্রাণীর দেখভালের জন্য ছুটি দেওয়ার কোনো আইন বা বিধান নেই। তবে দেশটির কিছু বেসরকারি প্রতিষ্ঠান নতুন পোষা প্রাণী ঘরে আনার পর কর্মীদের নিজেদের নিয়মে কয়েক দিন থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছুটি দিয়ে থাকে।