মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল সোমবার একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানান, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণতরিটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় আগে থেকেই থাকা অপর দুটি রণতরিতে যোগ দিল।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে জুনে তারা একটি বিস্তৃত সমঝোতা স্মারকের ঘোষণা দিলেও জুলাইয়ের শুরুতে তা ভেঙে যায়।
এর পর থেকে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পূর্ণমাত্রার পাল্টাপাল্টি হামলা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত মার্চের সেই সংঘাত পুরো উপসাগরীয় অঞ্চলকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে বলে সতর্ক করে দেন ট্রাম্প।
গত সপ্তাহে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা খুবই কম। যুদ্ধের সামরিক অধ্যায় ‘কার্যত শেষ’ বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি বদলালে মার্কিন সামরিক বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ থাকবে বলে সতর্ক করে দেন ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরি মোতায়েনের অর্থ কি এই যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ আবার শুরু হচ্ছে? এ বিষয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা নিচে তুলে ধরা হলো:
ইউএসএস থিওডর রুজভেল্টের বৈশিষ্ট্য
যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট থিওডর রুজভেল্টের নামে নামকরণ করা এ রণতরি পারমাণবিক শক্তিচালিত।
১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে ৫ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজের পূর্ণাঙ্গ একটি এয়ার উইং থাকে। এর মধ্যে রয়েছে দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং সব ধরনের আবহাওয়ায় বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান এফ-১৮।
মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, এ রণতরির মূল কাজ হলো, ‘রণতরিভিত্তিক আকাশযুদ্ধ পরিচালনা করা এবং এ ধরনের যুদ্ধের সমর্থনে এয়ার উইং স্কোয়াড্রনগুলোর পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সমন্বয় ও সংহতিতে সহায়তা করা’।
ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়। রণতরিটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছায়।
সম্মুখযুদ্ধের পাশাপাশি এ রণতরি সমুদ্রে থাকা অন্য জাহাজগুলোতে রসদ ও জ্বালানি সরবরাহ করে। এ ছাড়া শরণার্থীসহ সমুদ্রে বিপদগ্রস্ত লোকজনকে উদ্ধারেও অংশ নেয়।
নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর থেকে ইউএসএস থিওডর রুজভেল্ট বিভিন্ন সামরিক ও মানবিক অভিযানে অংশ নিয়েছে। ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুদ্ধ অভিযানের জন্য এটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ও মার্কিন হামলায় সহায়তা করেছিল এই রণতরি।
এ ছাড়া ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে ২০২০-২১ সালে এই রণতরি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন ছিল।
গত অক্টোবরে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছিলেন, ইউএসএস থিওডর রুজভেল্ট সেপ্টেম্বরে সান দিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। আরেকজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, রণতরিটি ১৫ নভেম্বর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।
তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা সেন্টকম এবং মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে রণতরিটির পৌঁছানোর খবর নিশ্চিত করেনি।
মধ্যপ্রাচ্য মার্কিন সেনা ও সমরাস্ত্র মোতায়েনের বর্তমান চিত্র
ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর ফলে অঞ্চলটিতে সক্রিয় মার্কিন বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের সংখ্যা বেড়ে তিনে দাঁড়াল। সেখানে বর্তমানে মোতায়েন থাকা অপর দুটি বিমানবাহী রণতরি হলো ইউএসএস জর্জ ওয়াশিংটন এবং ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ।
গত মাসে একজন মার্কিন কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, ২ হাজারের বেশি মেরিন সেনা নিয়ে ‘ম্যাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ (এআরজি)’ ইউএসএস থিওডর রুজভেল্টের পিছু পিছু মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, রণতরি স্ট্রাইক গ্রুপ ও অন্যান্য নৌ-মোতায়েনের আওতায় নাবিক, মেরিন সেনাসহ সব মিলিয়ে অতিরিক্ত ৯ হাজার থেকে ১০ হাজার সেনা যুক্ত হতে পারেন। তবে মার্কিন সামরিক বাহিনী এখনো এসব মোতায়েনের বিষয় নিশ্চিত করেনি।
১৯৮৬ সালে মার্কিন নৌবাহিনীতে যুক্ত হওয়া এই জাহাজে ৫ হাজারের বেশি সেনা ও কর্মী এবং ৬০টির বেশি উড়োজাহাজের পূর্ণাঙ্গ একটি এয়ার উইং থাকে। এর মধ্যে রয়েছে দুই ইঞ্জিনবিশিষ্ট, শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন এবং সব ধরনের আবহাওয়ায় বহুমুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান এফ-১৮।
কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। ২০২৫ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও এর আশপাশের বড় স্থায়ী ঘাঁটি এবং ছোট অবস্থানগুলোতে ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন ছিলেন।
উন্মুক্ত উৎসের গোয়েন্দা তথ্য এবং সামরিক উড়োজাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে গত ফেব্রুয়ারির শুরু থেকে এ অঞ্চলে ১২০টির বেশি উড়োজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরাক যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে এটিই মার্কিন বিমানশক্তির সবচেয়ে বড় সমাবেশ।
মোতায়েন করা এসব উড়োজাহাজের মধ্যে রয়েছে ই-৩ সেন্ট্রি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম (অ্যাওয়াকস), এফ-৩৫ স্টিলথ স্ট্রাইক ফাইটার, এফ-২২ এয়ার সুপিরিওরিটি জেট এবং এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান।
গত মার্চে পেন্টাগন উপসাগরীয় অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর নির্দেশ দিয়েছিল।
এ অতিরিক্ত সেনাবহর তিনটি পৃথক ফরমেশন বা দলে বিভক্ত ছিল। প্রথম দল ‘ত্রিপোলি এআরজি’ ছিল উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি এবং ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটকে (এমইইউ) কেন্দ্র করে গঠিত।
দ্বিতীয় দলটি ছিল ‘বক্সার এআরজি’। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়াভিত্তিক ওয়াস্প-শ্রেণির উভচর হামলাকারী জাহাজ ইউএসএস বক্সার এবং ১১তম এমইইউ নিয়ে এটি গঠিত।
এ দুটি মেরিন দল মিলে অঞ্চলটিতে ৪ হাজার ৫০০ মেরিন সেনা ও নাবিক যুক্ত রয়েছেন।
তৃতীয় দলটিতে ছিলেন প্রায় ২ হাজার সেনা, যাঁরা নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগভিত্তিক ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ‘ইমিডিয়েট রেসপন্স ফোর্স’-এর সদস্য। ছত্রীসেনাদের এই পদাতিক ডিভিশনটি প্যারাস্যুট হামলায় বিশেষভাবে প্রশিক্ষিত।
সব মিলিয়ে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে প্রায় ৭ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ দিয়ে রাখবেন আর ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।
ইরানের প্রতিক্রিয়া কী
ইরানের আইন ও আন্তর্জাতিক–বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, তাঁর দেশ ‘যুক্তরাষ্ট্রের প্রথম হামলার অপেক্ষায় বসে থাকবে না’। তিনি বলেন, ‘আরেকটি হামলার ক্ষেত্র প্রস্তুত করার জন্য সময় নিতে যুক্তরাষ্ট্র কূটনীতির অপব্যবহার করছে।’
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে গরিবাবাদি সতর্ক করে বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ দিয়ে রাখবেন, আর ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’
গরিবাবাদি জানান, মার্কিন বাহিনী এ পর্যন্ত ইরানে আকাশ বা স্থলপথে কোনো অবরোধই সফল করতে পারেনি। উল্টো ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বর্তমানে ‘নতুন পাল্লার’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক জ্বালানি সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তাঁর সতর্কবার্তা, মার্কিন হামলা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।
সোমবার পাকিস্তানের ইসলামাবাদে অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে আরাগচি বলেন, ‘অঞ্চলটির জ্বালানি নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে জ্বালানি সহযোগিতা জোরদার করা একটি জরুরি ও কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে আরাগচিকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমাদের অঞ্চলের শুধু একটি স্বাধীন নিরাপত্তা কাঠামোই নয়, বরং জ্বালানি প্রবাহ সুরক্ষিত রাখতে, স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে, বাহ্যিক কারণের ঝুঁকি কমাতে এবং ভূরাজনৈতিক ধাক্কা ও বিপর্যয় মোকাবিলায় আমাদের সম্মিলিত সক্ষমতা বৃদ্ধি করতে একটি আঞ্চলিক, নির্ভরযোগ্য ও টেকসই জ্বালানি ব্যবস্থাও প্রয়োজন।’
যুদ্ধ আবার শুরু করা নিয়ে মার্কিন সরকার কী বলছে
চলতি মাসে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পর থেকে ইরান ইস্যুতে কীভাবে এগোনো উচিত, তা নিয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরে বিভক্তি ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের অভিযান কার্যকর প্রমাণিত হচ্ছে। তাই বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার সম্ভবত কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, ‘ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও তীব্র হতে যাচ্ছে।’
তবে যুদ্ধ নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে মিশ্র বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এবং এক আকস্মিক ব্রিফিংয়ে বলেন, সংঘাত অবসানের দিকে ‘ইতিবাচক গতি’ তৈরি হয়েছে।
আবার হামলা শুরুর সম্ভাবনা ‘খুবই কম’ উল্লেখ করে ট্রাম্প সামরিক দিক থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ ‘কার্যত শেষ’ বলে ঘোষণা করেন।
তা সত্ত্বেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযান অব্যাহত থাকবে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ এবং স্থলপথ ও কাস্পিয়ান সাগরের মাধ্যমে ইরানের বাণিজ্য বন্ধের লক্ষ্যে সম্প্রতি গঠিত একটি টাস্কফোর্স।
অন্যদিকে যুদ্ধ বন্ধের জন্য ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধ সমাপ্তির সুস্পষ্ট ঘোষণা দেওয়া।
ইরানি কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলোতে জোর দিয়ে বলেছেন, তেহরান বর্তমানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ (নো ওয়ার, নো পিস) এমন স্থিতাবস্থা মেনে নেবে না।
অন্যদিকে কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ইরানের প্রতি ধৈর্য হারাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের শত শত বিলিয়ন ডলার অর্থ এখন আমাদের হাতে এবং তাদের প্রণালিও আমাদের দখলে!’
তবে কি কূটনীতি কাজ করবে, নাকি অঞ্চলটি যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক কর্মসূচির উপপরিচালক আলী ভায়েজ আল-জাজিরাকে বলেন, উভয় পক্ষই এখন এক বিপজ্জনক স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়েছে। দুই পক্ষই মনে করছে, হামলার শিকার হওয়ার অপেক্ষায় থাকার চেয়ে আগে আঘাত হানাই বেশি নিরাপদ।
এই বিশেষজ্ঞ বলেন, ‘বিপদ হলো, আরেকটি যুদ্ধ ঠেকানোর এই প্রচেষ্টা অজান্তেই এমন এক যুদ্ধের সূচনা করতে পারে, যা কোনো পক্ষই জিততে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না বা সহজে শেষ করতে পারবে না।’
হামলা বন্ধ করা এবং হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কূটনৈতিক প্রচেষ্টাও থমকে আছে।
গত সপ্তাহে আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তেহরান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এই অবস্থা থেকে বেরিয়ে আসতে চায়।
কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় ইরানের প্রতি ধৈর্য হারাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’
গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে চুক্তির জন্য ইরান সাতটি শর্ত পাঠিয়েছে এবং এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। তাঁর তুলে ধরা শর্তগুলোর মধ্যে রয়েছে মার্কিন নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি অর্থ ছাড় করা, সব রণাঙ্গনে হামলা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ সমাপ্তির ঘোষণা দেওয়া।
কিন্তু ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরও কঠোর করেছে এবং ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বহাল রেখেছে।
আলী ভায়েজ বলেন, ‘কূটনীতি এখনো টিকে আছে, তবে পারস্পরিক অবিশ্বাস ও চরমপন্থী দাবির ভারে তা দমবন্ধ অবস্থায় রয়েছে। উভয় পক্ষই সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজে না পেলে আলোচনা শুধু একের পর এক যুদ্ধের মাঝখানের বিরতিতে পরিণত হওয়ার ঝুঁকিতে থাকবে।’
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসি রিসার্চের ভাইস প্রেসিডেন্ট রশিদ আল-মোহানাদির মতে, দুই পক্ষই মনে করছে তারা সুবিধাজনক অবস্থানে আছে এবং কেউই আগে ছাড় দিতে রাজি নয়। আর এ কারণেই কূটনৈতিক সমাধান আটকে আছে। তিনি আল-জাজিরাকে বলেন, ‘কে, কী, কখন এবং কীভাবে করবে’—তার ওপরই সংঘাতের সম্ভাব্য সমাপ্তি নির্ভর করছে।
আল-মোহানাদি আরও বলেন, আঞ্চলিক শক্তিগুলো ‘মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে’। এ থেকেই স্পষ্ট যে এ অঞ্চল পূর্ণমাত্রার যুদ্ধে ফিরে যাওয়ার বিপক্ষে। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধের প্রধান দুই পক্ষ নিজেদের দর-কষাকষির ক্ষমতা নিয়ে বিপরীত ধারণা পোষণ করছে বলে মনে হচ্ছে।
আল-মোহানাদি বলেন, ‘ইরানিরা মনে করছেন, তাঁদের হাতেই বেশি সুযোগ বা ক্ষমতা রয়েছে। আবার মার্কিনরা মনে করছেন, তাঁদের হাতেই বেশি ক্ষমতা। যখন এমন পরিস্থিতি তৈরি হয়, তখন কূটনৈতিক সমাধানে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়ে।’