এ ধরনের প্রাণঘাতী দুর্যোগ আগে কখনো দেখেনি হাওয়াই
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। মঙ্গলবার থেকে ছড়িয়ে পড়া এ দাবানলে গতকাল শনিবার পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ হয়েছেন অনেকে। পুড়ে ছাই হয়েছে শত শত ঘরবাড়ি। বলা হচ্ছে, হাওয়াইয়ে এর আগে কোনো প্রাকৃতিক দুর্যোগে এত প্রাণহানি হয়নি।
হাওয়াই কর্তৃপক্ষ আশঙ্কা করছে, দাবানলে মৃত্যু আরও বাড়তে পারে। গত মঙ্গলবার হাওয়াইয়ের মাউই দ্বীপের পশ্চিম উপকূলীয় জঙ্গল থেকে এই দাবানল ছড়িয়ে পড়ে। এ সময় এর কাছেই সৃষ্টি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কারণে প্রচণ্ড ঝোড়ো বাতাসে দাবানলের তীব্রতা বাড়তে থাকে। দ্রুত ভয়াবহ রূপ নিয়ে দাবানল ছড়িয়ে পড়ে সমুদ্র-তীরবর্তী শহর লাহাইনায়।
কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, দাবানলে অন্তত এক হাজার ভবন পুড়ে গেছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা।
হাওয়াই অঙ্গরাজ্য থেকে নির্বাচিত মার্কিন সিনেটর ব্রায়ান শাটজ বলেন, ‘দাবানলে পুড়ে যাওয়া অবকাঠামোগুলোয় কেউ যাচ্ছেন না। আমার আশঙ্কা, সেখানে কাজ শুরু হলে মৃত মানুষের সংখ্যা বাড়তে পারে। লাহাইনাকে দেখে মনে হচ্ছে, যেন এটি বোমার আঘাতে বিধ্বস্ত হওয়া একটি শহর।’
১৯৬০ সালে ভয়াবহ এক সুনামি আঘাত হানে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে। এতে ৬১ জনের মৃত্যু হয়। এত দিন এটিই ছিল হাওয়াইয়ে সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ। তবে দাবানল সেই সুনামির ভয়াবহতাকেও ছাড়িয়ে গেল।
শহর যেন গরম ছাইয়ের স্তূপ
লাহাইনা শহরজুড়ে এখনো গরম ছাইয়ের স্তূপ জমে আছে। কয়েক দিন আগেও যে বাড়িগুলোয় মানুষের বসতি ছিল, সেগুলো এখন ছাইয়ে পরিণত হয়েছে। লাহাইনায় ১৬ বছর ধরে থাকেন ৪৪ বছর বয়সী অ্যান্টনি লা পুয়েন্টে। দাবানল ছড়িয়ে পড়ার পর বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান তিনি। গত শুক্রবার নিজ এলাকায় ফিরে দেখেন, সেখানে এখন বলতে গেলে আর কিছুই নেই।
দাবানল ছড়িয়ে পড়ার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বসতবাড়িতে দাবানল ছড়িয়ে পড়ার আগে বাসিন্দাদের কতটা সতর্ক করা হয়েছিল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হলে মাউইতে জরুরি সতর্কসংকেত বাজানো হয়ে থাকে। তবে এবার দাবানলের সময় তা বাজাতে শোনা যায়নি।