আয়ারল্যান্ডের বিমানবন্দরে মার্কিন সামরিক উড়োজাহাজের ক্ষতিসাধন, গ্রেপ্তার ১

এক ব্যক্তি ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি পরিবহন উড়োজাহাজের ডানার ওপর চড়ে বসেনছবি: ফেসবুক থেকে নেওয়া

আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ঢুকে যুক্তরাষ্ট্রের একটি সামরিক উড়োজাহাজের ক্ষতিসাধন করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।

শনিবার কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সম্পত্তির ক্ষতি করার অভিযোগে পুলিশ চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে দাঁড়িয়ে থাকা মার্কিন বিমানবাহিনীর ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি পরিবহন উড়োজাহাজের ওপর চড়ছেন।

আয়ারল্যান্ডের পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শনিবার এক ব্যক্তি কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরের একটি অননুমোদিত এলাকায় প্রবেশ করেন। তিনি আরও বলেন, বেলা ১১টার ঠিক আগে সম্পত্তির ক্ষতি করার অভিযোগে পুলিশ চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বর্তমানে ১৯৮৪ সালের ফৌজদারি বিচার আইনের ৪ নম্বর ধারায় ক্লেয়ার বা টিপ্পারারি বিভাগের একটি থানায় তাকে আটক রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

পুলিশের পাশাপাশি বিমানবন্দরের নিজস্ব পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন।

উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে এর কার্যক্রম বন্ধ রাখে। এতে দুটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হয়। এ ছাড়া ফ্রান্স থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণ করতে না পেরে আকাশে চক্কর দিতে বাধ্য হয়।

শ্যানন এয়ারপোর্ট গ্রুপের একজন মুখপাত্র জানান, এ ঘটনার কিছুক্ষণ পরই বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, সকাল আনুমানিক ৯টা ৫০ মিনিটে বিমানবন্দর কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ করেছিল এবং ১০টা ১৫ মিনিটে তা আবার চালু হয়।