কেমন বাড়িতে থাকেন সুন্দর পিচাই
গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। এ বছর অবশ্য তিনি ভিন্ন কারণে আলোচনায় রয়েছেন। অ্যালফাবেট যেখানে একাধারে কর্মী ছাঁটাই করেছে, সেখানে তিনি গত বছর ২ হাজার ৩৭৫ কোটি টাকা (২২ কোটি ৬০ লাখ ডলার) আয় করেছেন। তাঁকে শেয়ার হিসেবেই ২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছে।
২০১৫ সালে পিচাই গুগলের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। ২০১৯ সালে তিনি অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান নির্বাহী হন। তাঁর নেতৃত্বে গুগল এর পণ্য ও সেবা বাড়িয়ে চলেছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো প্রযুক্তিতেও ব্যাপক বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
সুন্দর পিচাইয়ের অসাধারণ সব অর্জনের পাশাপাশি তাঁর বিলাসবহুল বাড়িটিও অনেকের কাছে আকর্ষণীয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা ক্লারা কাউন্টির লস আল্টোসে অবস্থিত বাড়িটি ৩১ দশমিক ১৭ একর জমির ওপর অবস্থিত। পরিপাটি করে সাজানো–গোছানো বাড়িটির সামনে উন্মুক্ত জায়গা ও অসাধারণ দৃশ্য বাড়িটিকে আকর্ষণীয় করে তুলেছে।
বাড়িটিতে অত্যাধুনিক সুযোগ–সুবিধার প্রাচুর্য রয়েছে। এর মধ্যে রয়েছে ইনফিনিটি পুল, জিমনেশিয়াম, স্পা, পানীয় সংরক্ষণাগার, সৌর প্যানেল ও গৃহপরিচালকদের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা। বাড়ির এই বিলাসবহুল সুবিধা থেকে ধারণা করা যায়, এর দামও হতে পারে লাগামছাড়া।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সুন্দর পিচাইয়ের বাড়ির অন্দরসজ্জা করেছেন তাঁর স্ত্রী অঞ্জলি। তিনি অন্দরসজ্জায় ৬৩ কোটি টাকার বেশি খরচ করেছেন। অভ্যন্তরীণ নকশা নিঃসন্দেহে অতি বিলাসী। তবে তা সামগ্রিকভাবে বাড়ির সৌন্দর্যে উল্লেখযোগ্য মান যোগ করেছে।
সুন্দর পিচাই এই বাড়ি কিনেছিলেন ৪২৫ কোটি টাকায়। তবে গত কয়েক বছরে বাড়িটির দাম ব্যাপক বেড়ে গেছে।
ভারতের টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সুন্দর পিচাইয়ের মোট সম্পদের পরিমাণ ১৩১ কোটি মার্কিন ডলার। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।