‘আমেরিকাই প্রথম’—এমন স্লোগান থেকে বেরিয়ে আসছে ওয়াশিংটন। বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রকে একটি সহযোগী হিসেবে পরিচিত করার প্রয়াস নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাজ্যে ১১ জুন শুরু হওয়া শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলন শুরু হয়েছে। এতে যোগ দিয়ে কর্তৃত্বপরায়ণ নয়, উন্নত দেশগুলোর সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রকে তুলে ধরার প্রয়াস নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই সবখানে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকাই প্রথম’ স্লোগানই শুধু দেননি, আচরণও করেছেন ঠিক তেমনি। বিশ্বের বিরাজমান সমস্যা সমাধানে শিল্পোন্নত দেশগুলোর সম্মিলিত প্রয়াস হিসেবে দেখেননি ট্রাম্প। জলবায়ু সমস্যাসহ বৈশ্বিক নানা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থের কথাই বলেছেন। যদিও এ ক্ষেত্রে তাঁর চার বছরে যুক্তরাষ্ট্রের জন্য কোনো অর্জন নিয়ে আসতে পারেননি।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসেই বলেছেন, যুক্তরাষ্ট্র আবার বিশ্ব সভায় ফিরে এসেছে। উন্নত দেশগুলোর সঙ্গে অংশীদারত্বের মাধ্যমেই বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার কথা তিনি বলেছেন।
বাইডেন তাঁর প্রথম বিদেশ সফরে গেছেন। যুক্তরাজ্যে পৌঁছানোর প্রাক্কালে তিনি তাঁর প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আবার ফিরে এসেছে এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো একত্রে দাঁড়িয়েছে।’
মার্কিন উদারনৈতিক থিংক ট্যাংক বুকিং ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো জন হুডাক বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগের প্রশাসন থেকে কম বিচ্ছিন্ন পন্থা অবলম্বন করছেন। এ প্রয়াসের ফলে শিল্পোন্নত দেশগুলোর কাছে সুবার্তা পৌঁছাবে এবং প্রেসিডেন্ট বাইডেনকে ক্রমাগত এ পন্থাই অবলম্বন করে যেতে হবে বলে মনে করেন জন হুডাক। তিনি মনে করেন, জি-৭ সম্মেলনে যোগ দেওয়া প্রেসিডেন্ট বাইডেনের জন্য প্রথম কোনো বড় পদক্ষেপ, যেখানে যুক্তরাষ্ট্র যে তার আগের অবস্থানে ফিরে আসছে, তা তিনি দেখাতে পারবেন।
শিল্পোন্নত এবং ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিচ্ছেন না প্রেসিডেন্ট জো বাইডেন। তাদের সতর্ক করেও দিচ্ছেন না যে যুক্তরাষ্ট্র একাই নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করবে। তা না করে প্রেসিডেন্ট বাইডেন আটলান্টিক স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রের আস্থা হালনাগাদ করছেন।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন করা আটলান্টিক স্মারকে বৈশ্বিক সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশীদারমূলক প্রতিশ্রুতির কথা বলা আছে। সেখানে যুক্তরাষ্ট্রই প্রথম এমন কথার কোনো উল্লেখ নেই। যুক্তরাষ্ট্র এ আটলান্টিক স্মারকের প্রতি অবিচলই থেকেছে সব সময়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট জো বাইডেন আটলান্টিক স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথাই হালনাগাদ করছেন।
আটলান্টিক স্মারকের ভিত্তি ধরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ একটি স্মারকপত্রে বলা হয়েছে, যারা আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল তাদের সঙ্গে নিয়ে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই স্মারকে বলা হয়েছে, যারা আমাদের প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এবং জোটকে হেয় করার প্রয়াস চালায়, সবাইকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করার জন্যও আমরা অঙ্গীকারবদ্ধ।
সম্পর্ক সহজ করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের এ প্রয়াস খুব সহজ নয়। শিল্পোন্নত দেশগুলো দেখছে, কত সহজেই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তন ঘটছে। এসব পরিবর্তনে অনেক ক্ষেত্রেই ধারাবাহিকতা থাকছে না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পরমাণু শক্তি সঞ্চয়ের সমস্যা নিয়ে বিশ্ব সভার সঙ্গে একযোগে কাজ করেছেন। জলবায়ু সমস্যা নিয়ে শিল্পোন্নত দেশগুলোর প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই একদম ঘুরে দাঁড়ান আগের সব পদক্ষেপ থেকে। একতরফা সিদ্ধান্তে সরে আসেন জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রম থেকেও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জো বাইডেন ক্ষমতায় এসে ট্রাম্প গৃহীত নীতি থেকে সরে আসছেন ঠিকই। জি-৭ সম্মেলনে যোগ দিয়ে যুক্তরাষ্ট্রের ফিরে আসার কথা বলছেন। যদিও শিল্পোন্নত দেশগুলো এ নিয়ে ঠিক ভরসা পাচ্ছে না বলে মনে হচ্ছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ এখন দ্রুত প্রতিবর্তন হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি ২০২৪ সালে আবার নির্বাচন করবেন। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সমর্থক আইনপ্রণেতারা কংগ্রেসের নিয়ন্ত্রণ গ্রহণ করলে জো বাইডেনের সব প্রয়াসই আবার ঘুরে যাবে। এসব নিয়ে সংশয়ে আছে যুক্তরাষ্ট্রের শিল্পোন্নত মিত্রপক্ষের দেশগুলো।
এসব সংশয়ের মধ্যেই প্রেসিডেন্ট বাইডেন বিশ্ব সভায় যুক্তরাষ্ট্রের জন্য সুবাতাস নিয়ে আশার প্রয়াস নিয়েছেন। হোয়াইট হাউস থেকে ১১ জুন জানানো হয়েছে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল জুলাই মাসেই যুক্তরাষ্ট্র সফর করছেন। পশ্চিম ইউরোপে অ্যাঙ্গেলা ম্যার্কেল খুবই প্রভাবশালী নেতা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ছিল বৈরী সম্পর্ক। এ সম্পর্ক সহজ করার চেষ্টা করছেন বাইডেন।
অন্য বিশ্ব নেতাদের সঙ্গেও প্রেসিডেন্ট বাইডেন আলাপ করছেন সম্পর্ক সহজ করার জন্য। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন এর মধ্যেই জি-৭ ভুক্ত দেশসহ অন্যান্য রাষ্ট্রনেতাদের যুক্তরাষ্ট্রের পরিবর্তিত অবস্থান জানান দেওয়ার জন্য ফোনে বা ভার্চ্যুয়াল সভায় কথা বলেছেন।
জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনসহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমের জিলেনস্কির সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন কথা বলেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রথম দফা অভিশংসন পূর্ব তদন্তের কেন্দ্রে ছিলেন জিলেনস্কি। এ বছরের শেষ দিকে জিলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ করে সংবর্ধনা দেওয়া হবে বলেও প্রস্তুতির কথা দ্য হিল জানিয়েছে।
দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের শহর কর্নওয়ালের কারবিস বে শহরে শুরু হওয়া সম্মেলনে জি-৭-এর নেতারা ঐক্যবদ্ধভাবে রাশিয়া ও চীনকে সতর্ক করবেন বলে ধারণা করা হচ্ছে।
১৪ জুন অধিকাংশ জি-৭ সদস্য দেশের রাষ্ট্র প্রধানেরা ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে যোগ দেবেন। এরপর জো বাইডেন জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম বৈঠকে অংশ নেবেন। হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, বাইডেন অস্ত্র নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড, সাইবার হামলা, অ্যালেক্সি নাভালনির কারাদণ্ড প্রভৃতি ইস্যুতে পুতিনের সঙ্গে আলোচনা করবেন।