অকালে হারানো মুখ

তিন মাস আগে নববধূকে নিয়ে ফারহান। সঙ্গে মা-বাবা ও ভাইবোনসহ পরিবারের অন্য সদস্যরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাবনাময় এমন একটি উজ্জ্বল নক্ষত্র মা-বাবা, ভাইবোনকে কাঁদিয়ে চিরতরে হারিয়ে যাবে কল্পনায়ও আসেনি। রাত একটা হবে। গিন্নির গগনবিদারী কান্নায় ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে ধড়ফড় করে বিছানা থেকে উঠি।

ঈদুল আজহার রাত। সকাল সাড়ে সাতটার জামাত ধরতে হবে। আগেই ঘুমিয়ে পড়েছিলাম। গিন্নি হাউমাউ করে কেঁদে বলতে লাগলেন, ‘আমাদের শাহিদের ছোট ছেলে ফারহান নেই, মাত্র তিন মাস আগে বিয়ে করেছিল গো!’ আঁতকে উঠলাম। বিলাপ করা কান্না দেখে প্রথম ভেবেছিলাম ঘরে কোনো ভয়ংকর দুর্ঘটনা ঘটে গেছে। এমনিতেই অস্বাভাবিক পরিস্থিতিতে দিনগুলো ভালো যাচ্ছে না। গিন্নিকে বললাম, বুঝিয়ে বলো।

আজকে রাত আটটায় আপস্টেটে সুইমিং পুলে ডুবে ফারহান মারা গেছে। এটা কী করে হয়? কানেকটিকাটের হার্টফোর্ডে এয়ারবিএনবির সুইমিং পুলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ফারহানের ফুফু, চাচা, কাজিন কেউ কল্পনাও করতে পারছিলেন না সংবাদটি বিশ্বাসযোগ্য হতে পারে!

ফারহান সাইফ আলী আমাদের নাতি। উচ্চতায় প্রায় ছয় ফুট, স্মার্ট, মিশুক ও সুস্বাস্থ্যের অধিকারী ২৫ বছরের তরুণ। কলেজ গ্র্যাজুয়েট, সিপিএ করেছে কিছুদিন আগে। স্কলারশিপ পেয়ে এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে একটি উচ্চতর ডিগ্রি সম্পন্ন করতে যাচ্ছিল। মৃত্যুর কয়েক দিন পর অনলাইনে করা সার্টিফায়েড ফাইন্যান্সিয়াল প্ল্যানার্স (সিএফপি) সার্টিফিকেট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি থেকে এসেছে। সবকিছু এখন অর্থহীন।

অত্যন্ত উচ্চাভিলাষী ফারহানের হাসিমাখা মুখের ছবিটি চোখের সামনে ভেসে উঠল। কখনো তার মুখ থেকে হাসি মিলিয়ে যেতে দেখিনি। কয়েক বছর আগে এক বিয়ের অনুষ্ঠানে গল্প করতে গিয়ে বলেছিল, আপনার ছেলেরা খুব স্মার্ট। দুজনই স্টাইভেসেন্ট হাইস্কুলে গিয়েছে। আমি বললাম, ভাইয়া, ইউ আর অলসো ভেরি স্মার্ট।

বড় হওয়ার পর কয়েকটি বিয়ের অনুষ্ঠানে দেখা হয়েছিল। ফারহান কথা বলার সময় মন কেড়ে নিত। পরোপকারী সম্পূর্ণ অন্যরকম একটি ছেলে। অনেক আগে আমার বাসার কয়েক ব্লক দূরে এস্টোরিয়া বুলেভার্দের কাছে ক্রিসেন্ট স্ট্রিটে তাঁরা থাকত। ছেলেদের নিয়ে সন্ধ্যায় তাঁদের বাসায় যেতাম। ওরা খেলা করত। বেশ আগে ক্রিসেন্ট স্ট্রিটের বাসা বিক্রি করে তারা ইস্ট এল্মহার্স্টে নতুন বাসায় চলে গেলে আসা-যাওয়া কমে যায়। তারপরও তাদের পারিবারিক অনুষ্ঠানে আমাদের উপস্থিতি নিয়মিত থাকত। আপস্টেট কেটসকিলে তাদের মোটেল ও ফার্মে পরিবারের সবাইকে নিয়ে অনেকবার গিয়েছি। পিকনিকের আমেজে সবাই একত্রিত হতাম। ফারহানের বাবা সাজ্জাদ আলী শাহিদ। নিউইয়র্ক সিটির একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের সঙ্গে তাদের ভাইবোনের আন্তরিকতা ও শ্রদ্ধা আত্মীয়তার দৃঢ় বন্ধনে আবদ্ধ ছিল। ফারহানের দাদি আমার গিন্নির আপন খালাতো বোন হেনা আপা ৯০ বছরের কাছাকাছি। নাতির মৃত্যুর খবর তখনো জানানো হয়নি তাঁকে। বাসায় গেলে প্রতি মুহূর্তে আপার স্নেহের পরশ ছুঁয়ে যেত। থ্যাংকস গিভিং অথবা ঈদে রেখা আপা আর হেনা আপার ছেলে শাকিলের বাসায় যাওয়া হবে না এমনটা ভাবাও কঠিন। নিয়তিই আমাদের টেনে নিয়ে যায় তার নির্দিষ্ট গন্তব্যে যা কখনো এড়ানো সম্ভব নয়।

একমাত্র বড় ভাই ও ছোট বোনের সঙ্গে ফারহান

সাইফুল ভাইকে কল দিলাম। তিনি খবর পেয়েছেন। বিশ্বাস করতে পারছিলেন না। আমাদের ভাগনে সোহেল নিশ্চিত করে জানাল হার্টফোর্ডে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। রাত আনুমানিক দুইটায় ফারহানের ছোট চাচা শাকিলের বাসায় পৌঁছাই। সোহেল প্রথম থেকেই সেখানে। ফারহানের মেজো ফুফু ও দুই মামি এই মৃত্যু সংবাদে দিশেহারা। দাদি নিচের তলায় ঘুমিয়ে আছেন। তাঁকে এখনো খবর দেওয়া হয়নি। মাত্র কয়েক দিন আগে দাদির সঙ্গে গলায়-গলায় তোলা ছবি ও বিয়ের ভিডিও দেখে নিজেকে সংবরণ করা খুব কঠিন ছিল। তার মেজো ফুফু বিলাপ করে কাঁদছিলেন। সোহেল চেষ্টা করছিল কেটসকিলে তাঁদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখতে। রেখা আপা আগেই পৌঁছে ছিলেন। বলতে গেলে সেই মুহূর্তে নিউইয়র্ক সিটিতে তাদের কোনো বাসায় পরিবারের কেউ ছিল না সোহেল ছাড়া। সবাই আপস্টেটে, ফার্মে।

ঈদের আগের রাত। ফারহান বাল্যবন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল নববধূকে সঙ্গে নিয়ে। তারা দল বেঁধে এয়ারবিএনবির হোটেলে উঠেছিল। তখনো সন্ধ্যা নামেনি। প্রচণ্ড গরম। হোটেলের সুইমিং পুল দেখে ফারহানের আর তর সহ্য হয়নি। বউয়ের কাছে ওয়ালেট আর শার্ট রেখেই সুইমিং পুলে নেমে পড়ে। সাঁতার না জানা স্ত্রী যখন বুঝতে পারে তার স্বামী সত্যি পানিতে তলিয়ে গেছে তখন অনেক দেরি হয়ে গেছে। সুইমিং পুলের গভীরতা সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না।

ফারহানের বাবা টেলিফোনে রেখা আপাকে বলছিলেন, ‘খালা আমার সব শেষ। আমি শত শত মানুষের জন্য কোরবানি প্রস্তুত করছি। এদিকে আমার ছেলে কোরবানি হয়ে গেল আমার কোনো খবর নেই। হৃদয়ের টুকরো ফারহান ছাড়া আমরা কীভাবে বাঁচব খালা?’

নিউইয়র্কের কেটসকিল থেকে ড্রাইভ করে সেই মুহূর্তে সোজা তাঁরা কানেকটিকাটে ছেলের দুর্ঘটনাস্থলে যাচ্ছিলেন। নিউইয়র্কে জ্যামাইকার বাসায় আমরাও দিশেহারা। তাঁদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাক্য আমাদের জানা নেই। রেখা আপা, ফারহানের ফুফু ও চাচিরা তখন অঝোরে কাঁদছিলেন। ঈদের আনন্দ তছনছ হয়ে গেল মুহূর্তে। এত প্রস্তুতি, এত ত্যাগ সেকেন্ডে ধূলিসাৎ হয়ে গেল।

ঈদের দিন বিকেলে ইস্ট এল্মহার্স্টে ফারহানের বাবার বাসায় কান্নার রোল চলছে। তখনো কানেকটিকাট থেকে ডেড বডি আসেনি। স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আসছেন। বাবা-মায়ের বুক ফাটা আর্তনাদ সহ্য করার ক্ষমতা কারও ছিল না। সম্ভাবনাময় জীবন প্রস্ফুটিত হওয়ার আগেই ঝড়ে পড়লে কীভাবে মেনে নেওয়া যায়?

এক বছর আগে সামারে এই সময় একইভাবে আরেকটি মর্মান্তিক দুঃসংবাদ মাঝরাতে পেয়েছিলাম। সাংবাদিক মাহবুব রহমানের ছেলে মারজান সুইমিং পুলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে আর পুল থেকে উঠতে পারেনি। বাবা মায়ের জন্য কী ভয়ংকর সংবাদ ছিল সেটি। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে এক বিষাদের ছায়া নেমে এসেছিল সেদিন। আবার একই দিনে লেক জর্জের লেকে আরেকটি ছেলে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে যায়। ওরা যখন হেল্প হেল্প করছিল কেউ দ্রুততার সঙ্গে কাছে যেতে পারেনি। এমনকি যে বোট থেকে জাম্প দিয়ে ছেলেটা পানিতে নেমেছিল সেটাও স্টার্ট করতে তার বন্ধুরা পুরোপুরি ব্যর্থ হয়। সেই ভিডিওটি দেখে ভয়ে আমারও হৃৎপিণ্ডে কাঁপন ধরেছিল।

ওদের সমবয়সী আমার ছেলেমেয়েরা লেকে বোটিং ও পাহাড়ে হাইকিং করতে যায়। তাদের সেই আপলোড করা ভিডিওগুলো দেখে ভয়ে আমরা অস্থির হয়ে পড়ি। ওরা এখন অনেক স্বাধীন। বড় হয়েছে। ইচ্ছামতো তারা প্রোগ্রাম তৈরি করে। বাবা-মা অনেক সময় জানতেই পারেন না কোথায় গেল। এমনকি কোনো সতর্কবাণীকে গুরুত্ব দিতে চায় না। ড্রাইভিং ও সুইমিং দুটো জিনিসই পুরোপুরি দক্ষতা অর্জন না করলে ফিল্ডে নামা ঠিক নয় এই ব্যাপারটা তারা বুঝতে রাজি না।

পর দিন আবুহেরা মসজিদে জানাজা শেষে বেলা সাড়ে তিনটায় লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গ্রেভইয়ার্ডে পৌঁছাই। ফারহানের বাবা-মা ও ভাইবোনের গগনবিদারী কান্নায় ওয়াশিংটন মেমোরিয়ালের বাতাস ভারী হয়ে ওঠে। সেখানেই ফারহান সাইফ আলীকে সমাধিস্থ করা হয়।

আমাদের প্রিয় কান্তা ভাবির ঠিক পরের কবরটি ফারহানের। নাতি-নানি পাশাপাশি চিরতরে ঘুমিয়ে থাকবেন। কান্তা ভাবির এক ছেলে ও এক মেয়ে। তাঁরাও বাবার সঙ্গে আজকে এসেছে। সামান্য দূর থেকে নীরবে অবলোকন করছে জীবন চক্রের এই নির্মম বাস্তবতা। মায়ের আদর ও স্নেহের পরশ থেকে বঞ্চিত থাকা আজমাঈন ও লামিসাকে লক্ষ্য করছিলাম বারবার। এক কোনায় অসহায়ভাবে ওরা দাঁড়িয়ে আছে। চার বছর আগে মরণব্যাধি ক্যানসার তাদের মাকে ছিনিয়ে নিয়ে যায়। তখনো ওরা বুঝদার হয়নি। দুজনই কলেজে যেত। আজকে ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মেয়ে ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছে। বেঁচে থাকতে কান্তা ভাবি তাঁর ছেলে মেয়েকে নিয়ে কত স্বপ্নের জাল বুনেছিলেন।

ফারহানের বাবা-মা তাঁদের আদরের ধন ছোট ছেলের কবরের কাছ থেকে কিছুতেই যেতে চাইছেন না। হামাগুড়ি দিয়ে মা ছেলের কবরের পাশে বসা। কি অসহনীয় কষ্ট। এই দৃশ্য সহ্য করার না। পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু এই বক্তব্য কত নির্মম তা প্রত্যক্ষ করছিলাম সেদিন।