অগ্নিপরীক্ষায় রুবিও ও জন কেইসিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কো রুবিও
মার্কো রুবিও

যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই দলের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের ফল থেকেই বোঝা যাবে রিপাবলিকান নেতৃত্বের কাঙ্ক্ষিত প্রার্থী ফ্লোরিডার তরুণ সিনেটর মার্কো রুবিও এবং মধ্যপন্থী হিসেবে পরিচিত ওহাইওর গভর্নর জন কেইসিকের মনোনয়নের লড়াই আর সামনে এগোবে কি না।
দলের অগ্রগামী কিন্তু বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে রিপাবলিকান পার্টির নেতৃত্ব ও প্রধান চাঁদাদাতারা গত দুই সপ্তাহ ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাঁদের প্রত্যাশা, ফ্লোরিডা ও ওহাইওতে ট্রাম্পকে পরাজিত করে নির্ধারিত সব ডেলিগেট ছিনিয়ে নেবেন রুবিও ও কেইসিক। তবে আশঙ্কার কথা হলো, সর্বশেষ জনমত জরিপে ফ্লোরিডায় ট্রাম্প বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে ওহাইওতে ট্রাম্প ও কেইসিকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেইসিকের সমর্থনে গতকাল তাঁর সঙ্গে একাধিক সভায় যোগ দেন ২০১২ সালের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি। কেইসিক ওহাইওতে জনপ্রিয়। এখানেও হেরে গেলে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। রুবিও মুখে সে কথা না বললেও তাঁরও এ ছাড়া গত্যন্তর থাকবে না।

জন কেইসিক
জন কেইসিক

অন্যদিকে, ট্রাম্প আশা করছেন, ওহাইওতে হারলেও ফ্লোরিডা, ইলিনয় ও মিজৌরিতে জয় ছিনিয়ে নিয়ে নিজের মনোনয়ন নিশ্চিত করবেন। গত কয়েক দিন ট্রাম্পের বিভিন্ন জনসভায় সহিংসতার ঘটনার জন্য তাঁকেই দায়ী করে কড়া সমালোচনা করেন অনেকে। তা সত্ত্বেও ওহাইও ছাড়া বাকি চারটিতে ট্রাম্প জরিপে বড় ব্যবধানে এগিয়ে আছেন।
বাছাইপর্বে ট্রাম্প মনোনয়নের জন্য প্রয়োজনীয় মোট ১ হাজার ২৩৭ ডেলিগেটের সমর্থন পেতে ব্যর্থ হলে তাঁর বিরোধী রিপাবলিকান নেতৃত্বের সুবিধা হবে। সেটা হলে জুলাইয়ে অনুষ্ঠেয় দলের কনভেনশনে তাঁকে বাদ দিয়ে ‘নির্বাচিত হতে সক্ষম’ এমন কোনো প্রার্থীকে মনোনয়নের সম্ভাবনা উড়িয়ে দেননি একাধিক রিপাবলিকান নেতা। তাঁদের অন্যতম মিট রমনি।
এদিকে, এই পাঁচটি অঙ্গরাজ্যে গতকাল ডেমোক্রেটিক পার্টিরও বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে সিনেটর বার্নি স্যান্ডার্স তাঁর বিস্ময়কর বিজয়যাত্রা অব্যাহত রাখার আশা করছেন। সব জনমত জরিপ উল্টে দিয়ে গত সপ্তাহে তিনি মিশিগানে অল্প ব্যবধানে হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। স্যান্ডার্সের আশা, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় সম্ভব না হলেও ইলিনয়ে ও ওহাইওতে তিনি জিতবেন। সেটা হলে পরবর্তী সময়ে নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ার মতো উদার অঙ্গরাজ্যে তাঁর জয়ের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে। সে অঙ্ক মাথায় রেখে হিলারির বিরুদ্ধে সমালোচনা তীব্রতর করেছেন স্যান্ডার্স। ডেলিগেট সংখ্যার হিসাবে অবশ্য স্যান্ডার্সের তুলনায় অনেক এগিয়ে আছেন হিলারি।