অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় ঐক্যের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা
জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা

দেশে ও প্রবাসে দলীয় কোন্দল আর বিভেদ জাতীয় পার্টির (জাপা) অগ্রযাত্রাকে ব্যাহত করবে। রাষ্ট্রপরিচালনা বা প্রধান বিরোধী দলের ভূমিকা রাখার জন্য দলের ঐক্যের কোনো বিকল্প নেই।

জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত এক অনুষ্ঠানে দলের নেতারা এ কথা বলেন। এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজি আবদুর রহমান। পরিচালনা করেন দলের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্টি চেয়ারম্যানের প্রবাস বিষয়ক উপদেষ্টা লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মেরাজ, সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, শুভংকর গাঙ্গুলি, ইব্রাহিম আলী, ফাহিমা রোজী, জেসমিন আখতার চৌধুরী, মোহাম্মদ শাহাজাহান, খন্দকার আলী নাসিম, শিল্পী সোহেন, সেবু রহমান, শাহানাজ বেগম, মোহাম্মদ লুতফুর রহমান, মোহাম্মদ আবদুল করিম, অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথি লিয়াকত আলী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে দলের চেয়ারম্যানের নির্দেশে দলের সব বিভক্তি নিষ্পত্তি করে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় পার্টি আবারও ক্ষমতায় যাবে অথবা দেশের গণতন্ত্র রক্ষায় প্রধান ভূমিকায় থাকবে। গোলাম মেরাজ বলেন, আমাদের চিহ্নিত করা হয় গৃহপালিত বিরোধী দল হিসেবে। আমাদের বিভক্তির কারণেই এমন হচ্ছে। দলের স্বার্থে পদপদবি রদবদল করে দেশে-বিদেশে ঐক্য গড়ে তুলতে হবে।

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করার জন্য সর্বসম্মতিতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হচ্ছেন—লিয়াকত আলী, গোলাম মেরাজ ও সৈয়দ শওকত আলী। কমিটির সদস্যরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন। এই ঐক্যের জন্য সব নেতা-কর্মীর সহযোগিতা কামনা করেন যুক্তরাষ্ট্রে দলের অন্যতম সমর্থক আবদুল করিম।

সভাপতির ভাষণে হাজি আবদুর রহমান দেশের মানুষের ভালোবাসার মহান নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত কমিটির প্রয়াস ও ঐক্যের বিকল্প নেই বলে উল্লেখ করেন। এ সময় করতালি দিয়ে তাঁর বক্তব্য সমর্থন জানান নেতা-কর্মী, সমর্থকেরা।