অচলাবস্থা না কাটলে বিপর্যয় হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেক্সিকোর সঙ্গে আমেরিকার লাগোয়া সীমান্তে লম্বা প্রাচীর তৈরির জন্য কংগ্রেসকে ৫০০ কোটি ডলার মঞ্জুরের অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুরোধের জেরে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে বিরোধের সূত্রপাত। প্রতিনিধি পরিষদে সর্বসম্মতভাবে প্রেসিডেন্টের অনুরোধ অনুযায়ী বিল পাস না হওয়ায় ২২ ডিসেম্বর থেকেই মার্কিন সরকারের বেশ কিছু দপ্তর ’শাটডাউন’ অর্থাৎ আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর জন্য ডেমোক্র্যাট সদস্যদেরই দায়ী করেন ট্রাম্প। যদিও দেয়াল নির্মাণের অর্থ না পেলে ‘সরকার বন্ধের’ হুমকিটি দিয়েছিলেন প্রেসিডেন্টই। সরকারের এই অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত বিনা বেতনে কাজ করতে হবে ৮ লাখ ’এসেনশিয়াল’ কর্মীকে।
শাটডাউনের কারণে ৩ লাখ ৮০ হাজার কর্মীকে ইতিমধ্যেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিবাদের কোনো মীমাংসা ২১ ডিসেম্বর পর্যন্ত না হওয়ায় ঠিক হয় সপ্তাহান্তেও আলোচনা চলবে, যাতে বড়দিনের ছুটির আগেই ‘শাটডাউন’ ঠেকানো যায়। কিন্তু সে মীমাংসায় উপনীত হতে পারেননি আইনপ্রণেতারা। ২৩ ডিসেম্বর ট্রাম্প জানান, যদি কংগ্রেসের মধ্যে উভয় পক্ষের সদস্যরা ইতিমধ্যে বোঝাপড়ায় পৌঁছাতে না পারেন, তাহলে বড়দিনের ছুটির পরও শাটডাউন চলতে পারে।
এ অচলাবস্থার জেরে বন্ধ হয়ে গেছে হোমল্যান্ড সিকিউরিটি, আইন ও কৃষিক্ষেত্রে সব রকম অর্থের জোগান। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ফেডারেল পার্ক। যত দিন না অচলাবস্থার সুরাহা হচ্ছে, এসব দপ্তরে কাজ বন্ধ থাকবে। তবে বিমানবন্দর, ডাক বিভাগ, সীমান্ত টহল ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজ অস্থায়ীভাবে চালু থাকার কথা। রাজধানীর কাজ চলে ফেডারেল বাজেট থেকে। ফলে অর্থাভাবে সাফাইয়ের কাজকর্মও বন্ধ। তালা পড়েছে লাইব্রেরিগুলোতেও। চলতি বছর এটি তৃতীয় শাটডাউন। এর আগে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ক্ষণস্থায়ী দুটি অচলাবস্থার মুখোমুখি হয় প্রশাসন। ২০১৩ সালে প্রেসিডেন্ট ওবামার আমলেও ‘শাটডাউন’ হয়েছিল। তখনো ৮ লাখ সরকারি কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছিল।
চলতি বছর ট্রাম্প প্রশাসনের প্রথম বছর পূর্তির দিনে মার্কিন মুলুকে নেমে আসে অন্ধকার। রাজকোষে পড়ে তালা। ঝাঁপ পড়ে মার্কিন প্রশাসনে। আর্থিক সংকটে থমকে যায় সরকারি দপ্তরগুলোর কাজ। আমেরিকায় প্রয়োজনে ’এক্সটেনশন’-এর মাধ্যমে রাজকোষ থেকে অর্থ নেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। কিন্তু সে ক্ষেত্রে সরকারকে অর্থবিল আকারে তা পাস করাতে হয়। তেমনি একটি অর্থ বিল এনেছিল ট্রাম্প প্রশাসন, যা হাউসে পাস করাতে হয়। এবারেও এমন একটি অর্থ বিল নিয়েই সংকট ঘনীভূত হয়েছে। বিলটি হাউসে পাস হলেও সিনেটে আটকে যায়। এখন ট্রাম্প বলছেন সরকারি প্রশাসন চালাতে যে অচলাবস্থা দেখা দিয়েছে, বড়দিনের ছুটির পরও তা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
অর্থনৈতিক অচলাবস্থার বিরূপ প্রতিক্রিয়া সরকারের পররাষ্ট্রনীতিতেও পড়তে শুরু করেছে। মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ সফর আপাতত বাতিল করা হয়েছে। প্রশ্ন উঠেছে, কত দিন চলবে এই অচলাবস্থা? কারণ প্রশাসন ও আর্থিক ক্ষেত্রে একবার অচলাবস্থা শুরু হলে তা বাগে আনতে দীর্ঘ সময় কেটে যায়। টানা আর্থিক অচলাবস্থা চলতে থাকলে আমেরিকার জাতীয় উৎপাদন ১ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প তাঁর গোঁ না ছাড়লে মার্কিন অর্থনীতির অবস্থা ভয়াবহ রূপ ধারণ করবে। সময় থাকতে পরিস্থিতি সামাল দিতে না পারলে পুরো আমেরিকায় বিপর্যয় নেমে আসার আশঙ্কা রয়েছে।