অজানা গৃহস্বামী, অচেনা অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রিক, শ্যারলের সঙ্গে ছেলে জ্যাকবও
অতিথিদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রিক, শ্যারলের সঙ্গে ছেলে জ্যাকবও

ক্লিভল্যান্ডের মার্কিন দম্পতি শ্যারল ও রিক গ্রসপিসিক দম্পতি। ভিন দেশিদের নিজের বাসায় খাইয়ে বেশ আনন্দ পান তাঁরা। তবে সব ভিন দেশি নয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) যোগ দিতে আসা ভিনদেশিরা এই আমন্ত্রণ পেয়ে থাকেন। ১৩ বছর ধরে তাঁরা এ কাজটি করছেন। এরই মধ্যে সার্বিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, আর্মেনিয়া, নাইজেরিয়া, মঙ্গোলিয়া, সুইডেন, জিম্বাবুয়ে, আজারবাইজান, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ থেকে আসা অতিথিদের তাঁরা আপ্যায়নের সুযোগ পেয়েছেন।

শ্যারল ও রিক গ্রসপিসিক দম্পতি। ভিন দেশিদের নিজের আমন্ত্রণ জানিয়ে আনন্দ পান তাঁরা।
শ্যারল ও রিক গ্রসপিসিক দম্পতি। ভিন দেশিদের নিজের আমন্ত্রণ জানিয়ে আনন্দ পান তাঁরা।

শ্যারল ও রিক দম্পতি জানান, বিদেশি মেহমানদের নিজের বাসায় দাওয়াত দিয়ে খাওয়ানোর সুযোগ চেয়ে তাঁরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থার কাছে লিখিত আবেদন করেন, ই-মেইলে যোগাযোগ রাখেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে সহায়ক সংগঠন ইন্টারন্যাশনাল হাউসের তথ্যমতে, শ্যারল ও রিক দম্পতি এ পর্যন্ত আমেরিকায় আইভিএলপিতে আসা দেশগুলোর মধ্যে ১৩টি দেশের নাগরিকদের ঘরোয়া আতিথেয়তা দিয়েছেন। গত সপ্তাহে শ্যারল ও রিক দম্পতির আমন্ত্রণ পাই আমরা দুই (প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সেলিম জাহিদ ও পুরান ঢাকার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম বড়কাটারা মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম) বাংলাদেশি প্রতিনিধি। সঙ্গে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক সেলিম রেজা নূর।

আলাপকালে স্ত্রী শ্যারল ও স্বামী রিক জানান, প্রথমবারের মতো তাঁরা বাংলাদেশি কোনো অতিথি পেলেন। এ ছাড়া গত ১৩ বছরে অতিথি হিসেবে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে পেলেও সাংবাদিক এই প্রথম। এটা তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা বলে জানান তাঁরা। ক্লিভল্যান্ডের সেভেন হিলস এলাকার অধিবাসী শ্যারল ও রিকের বিয়ে হয়েছে ২৫ বছর। রিক ইভেন্ট প্ল্যানার, আর শ্যারল একটি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তাঁদের একমাত্র সন্তান ছেলে জ্যাকব গ্রসপিসিকের বয়স ২১ বছর। তিনি ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে ফিন্যান্সে পড়ছেন। জ্যাকবই ক্লিভল্যান্ডের রেসিডেন্স ইন হোটেল থেকে আমাদের তিনজনকে গাড়িতে করে তাঁদের বাসায় নিয়ে আসেন। ১৫ মিনিট পরই আমরা শহরতলির সেভেন হিলসের ৯৯৯ নম্বর বাসায় পৌঁছে যাই। ঘরের দরজায় দাঁড়িয়ে অভ্যর্থনা জানান রিক। ভেতর থেকে জোর কদমে এগিয়ে এসে যুক্ত হন শেরিলও।

বসার ঘরে সৌজন্য সাক্ষাতের পর রিক প্রস্তাব দিলেন, ইচ্ছে হলে আমরা ঘরের পেছনের সবুজ ঘাসে ঘেরা উঠোনেও বসতে পারি। তবে তিনি জানান, বাইরে একটু ঠান্ডা আছে। কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, শিলাও পড়েছিল। কিন্তু বৃষ্টির পর বাইরে রৌদ্রোজ্জ্বল নীলাকাশ থাকায় আমরা বাইরেই বসার আগ্রহ দেখালে রিক, শ্যারলের সঙ্গে ছেলে জ্যাকবও বসলেন, আড্ডায় মেতে উঠলেন। সবার পরিবার ও পেশাগত জীবনের কথা জানতে চাইলেন শ্যারল। আগ্রহ দেখালেন বাংলাদেশ সম্পর্কে জানতে, চিনতে।

সেলিম রেজা নূর বাংলাদেশের অভ্যুদয়ের প্রেক্ষাপট ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশদ ধারণা দিলেন। এরই মধ্যে সাংবাদিক মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানতে চাইলাম, আচ্ছা ১৩ বছর ধরে আপনারা রাষ্ট্রীয় অতিথিদের দাওয়াত করে খাওয়ান, কেন? রিক বললেন, ‘এটা করে আমরা আনন্দ পাই। বিদেশি অতিথিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে ভিন্ন ভিন্ন সংস্কৃতির গন্ধ নিই।’

বাবার কথার রেশ ধরে ছেলে জ্যাকব বললেন, ‘বলতে পারেন, আমরা ঘরে বসেই অনেক দেশকে জানার সুযোগ পাই।’ তাঁরা জানান, যখন তাঁদের ঘরটি দোতলা হয়নি, তখন অতিথিদের রাখতে গিয়ে ছেলে জ্যাকবকে ঘরের মেঝেতে ঘুমাতে হয়েছে। অনেক সময় কোনো কোনো অতিথি তিন সপ্তাহও বাসায় ছিলেন। এ কাজে বিচিত্র অভিজ্ঞতা জমা হয়েছে তাঁদের ভান্ডারে।

শ্যারল তাঁর বসার ঘরে সাজিয়ে রাখা অতিথিদের দেওয়া উপহারগুলো দেখালেন। বলেন, অনেকে এখনো সম্পর্ক রেখেছেন, যোগাযোগ করেন। এই ফাঁকে বাংলাদেশের দুই প্রতিনিধির একজন শ্যারলকে সুগন্ধি, আরেকজন কাঠের তৈরি নৌকা ও হাতে নকশি করা একটি গ্রামীণ চিত্র উপহার দেন। খুশিতে অভিভূত শ্যারল তৎক্ষণাৎ উপহার দুটি শো-কেসে সাজিয়ে রাখলেন। কথা বলতে বলতেই খাবার টেবিল পরিপূর্ণ। কিছু রান্না আমাদের সামনেই সারলেন শ্যারল ও রিক। এবার খাওয়ার পালা, সঙ্গে নানান কথা। খাবারের তালিকা না আনাই ভালো, কারণ বাঙালি মুসলিমদের উপযোগী সব খাবারই আগের রাতে তৈরি করে রেখেছেন শ্যারল। এর মধ্যে চিংড়ি ও সালাদ ছিল অনন্য। এক ফাঁকে গল্পে ওঠে আসে মার্কিন নির্বাচন।

রিক জানান, তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। স্ত্রী ও ছেলে ভোট দিতে যাননি।

বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে। উঠতে হবে। অচেনা অজানা মানুষকে সেধে এই আতিথেয়তায় তাঁদের স্বার্থ কী, কী লাভ খুব জানতে ইচ্ছে করে। রাখঢাক না করে বিনয়ের সঙ্গ জানতে চাই রিকের কাছে। রিক বলেন, ‘আমেরিকা সম্পর্কে অনেকে অনেক রকম ধারণা নিয়ে আসেন। নেতিবাচক ধারণা নিয়ে আসা কারও ধারণা যদি আমার ঘরে এসে একটুও পাল্টায়, সেটাই বড় অর্জন। কেউ যদি ভালো ধারণা নিয়েও আসেন, আমরা তাঁকে হয়তো আরেকটু এগিয়ে দিতে চেষ্টা করি। এ কাজটি করতে পেরে আমরা সম্মানিত বোধ করি।’

 এবার ফেরার পালা। শ্যারল ও রিক পরিবারকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানাই আমরা দুজন। আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেন তাঁরা। এবার হোটেলে পৌঁছে দেন রিক।