অতিথি যখন জাকারবার্গ

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের নিউটন ফলসের বাসিন্দা ড্যানিয়েল মুর। হঠাৎ তাঁকে জানানো হলো খুবই বিশিষ্ট আর ধনী, তবে এক অচেনা অতিথি একদিন রাতে তাঁদের বাড়িতে খাবেন। অতিথিটি কে হতে পারেন তা নিয়ে আকাশ-পাতাল ভাবছিলেন মুর দম্পতি। ঘটনার দিন মাত্র ১৫ মিনিট আগে জানানো হলো, সে অজানা অতিথি আর কেউ নন, খোদ ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ।
ড্যানিয়েল মুর ও তাঁর স্ত্রী লিসাকে বলা হয়েছিল, ক্যালিফোর্নিয়ার অত্যন্ত ধনী জনহিতৈষী এক ব্যক্তি তাঁদের বাড়িতে আসছেন। আর ওই ধনকুবেরের পণ্য ব্যবহার করে থাকে ৯০ শতাংশ মার্কিন।
এই ঘটনা গত শুক্রবার রাতের। মুর পরে জানিয়েছেন এর নেপথ্যকাহিনি। মুর বলেছেন, জাকারবার্গ ফেসবুকের কর্মচারীদের বলেছিলেন, তিনি ডেমোক্রেটিক পার্টির এমন ঘোর সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করতে চান, যাঁরা কিনা এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন। ফেসবুকের একদল কর্মী মিলে মুরকে খুঁজে বের করেন। তিনি গত দুবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামাকে ভোট দিলেও এবার ভোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে।
খাবারের টেবিলের আলাপচারিতায় জাকারবার্গ জানতে পারেন, মুর পরিবার উগান্ডার এক এতিমখানার জন্য কাজ করেন। দানশীল হিসেবে সুপরিচিত ফেসবুকপ্রধান এতিমখানাটির জন্য তহবিল সংগ্রহে তাঁদের সাহায্য করার আশ্বাস দেন।
মার্ক জাকারবার্গ নিজের ওয়েবসাইটে ৮ কোটি ৯০ লাখ ফলোয়ারের উদ্দেশে লিখেছেন, ‘ড্যান ও লিসা মুরকে ধন্যবাদ, আমাকে চমৎকার ডিনারে স্বাগত জানানোর জন্য।’ জবাবে গৃহকর্তা মুর লেখেন, ‘আসার জন্য অনেক ধন্যবাদ জাকারবার্গ। আপনি একজন দারুণ মানুষ।’