অতিরঞ্জিত পূর্বাভাস!
টানা তুষারপাতের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। প্রায় তিন ফুট তুষারের নিচে জনপদ চাপা পড়বে, এ রকম সতর্কতাসহ রেকর্ড সৃষ্টিকারী দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ পূর্বাভাসে অতিরঞ্জন ছিল বলে স্বীকার করেছে। এ নিয়ে এখন হাসাহাসি চলছে।
গত সোমবার সকাল থেকে প্রায় টানা ব্যাপক তুষারপাত শুরু হয়। নিউইয়র্কসহ আশপাশের রাজ্যগুলোতে জাির করা হয় জরুরি অবস্থা। গণপরিবহন বন্ধ করে লোকজনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জাির করা হয়েছিল। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পর্যন্ত নিউজার্সি বা পাশের রাজ্য নিউইয়র্কের কোথাও দুর্যোগের মতো তুষারপাত হয়নি। আবহাওয়ার পূর্বাভাস যাঁরা দিয়েছিলেন, তাঁরা দুঃখ প্রকাশ করছেন। বলছেন, দুর্যোগের পূর্বাভাস পেলে সর্বোচ্চ সতর্কতা নিতে হয়। পরে দুঃখ পাওয়ার চেয়ে নিরাপদ থাকার প্রস্তুতি নেওয়া ভালো।
নিউইয়র্ক ও নিউজার্সিতে মঙ্গলবার দুপুর পর্যন্ত কোথাও এক ফুটের বেশি তুষারের খবর পাওয়া যায়নি। নিউইয়র্ক থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত সড়ক-মহাসড়ক ছিল জনশূন্য। যদিও মঙ্গলবার দুপুরের মধ্যেই যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।
এখন বলা হচ্ছে, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে ধেয়ে আসা তুষারঝড় শেষ মুহূর্তে দুর্বল হয়ে গতি পরিবর্তন করেছে। নিউইয়র্ক ও নিউজার্সিকে পাশ কাটিয়ে কানেটিকাট, ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের দিকে তুষারপাতের পরিমাণ বেশি হয়েছে। নিউইয়র্ক নগরের মেয়র ডি ব্লাজিও বলেছেন, জননিরাপত্তার জন্যই সর্বোচ্চ পূর্বসতর্কতা নেওয়া হয়েছিল। পরিস্থিতি এখন দ্রুত স্বাভাবিক হয়ে উঠছে। কানেটিকাটের গভর্নর ড্যান মলয় সংবাদ সম্মেলনে হাসতে হাসতে বলেন, পূর্বাভাস অনেকটাই অতিরঞ্জিত ছিল। নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি দুর্যোগ-দুর্বিপাক নিয়ে সংবাদমাধ্যমের আগাম ‘অতিপ্রচারের’ সমালোচনা করেন।
জাতীয় আবহাওয়া বিভাগের নিউজার্সি অফিসে কর্মরত বিশেষজ্ঞ গ্যাির এসজাতস্কি বলেন, ‘আমাদের দেওয়া পূর্বাভাসের ওপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি দুঃখ প্রকাশ করছি।’