অতুলনীয় মেইনের লবস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেদ্ধ করার পর ভিন্ন রঙে লবস্টার
সেদ্ধ করার পর ভিন্ন রঙে লবস্টার

পুরো আমেরিকা জুড়ে মেইনের লবস্টার (চিংড়ি) বেশ জনপ্রিয় মাছ। আটলান্টিকের সেলমনসহ হাজারো প্রজাতির মাছের ভেতর মেইনের লবস্টার দেখতে যেমন সুন্দর তেমনি স্বাদে অতুলনীয়। আটলান্টিকের মেইন রাজ্যে এখন চলছে লবস্টারের মহোৎসব। আটলান্টিক থেকে প্রতিদিন হাজার-হাজার কেজি লবস্টার জেলেরা ধরে বিভিন্ন মৎস্য বন্দরে ফিরে আসছেন।
কানাডার কাছাকাছি আমেরিকার সীমানা রাজ্য মেইন। পুরো রাজ্যজুড়ে সবুজের উৎসব। যেন সবুজ-সবুজে মেশা নীল-নীলিমায় মেইন অঙ্গরাজ্য। সাগর-নদী-খাল-বিল ও পাহাড়ের মিতালি। নির্জন-শান্ত, শুভ্র স্বচ্ছ লেকে স্থির দাঁড়িয়ে রয়েছে শত শত মাছ ধরার ফিশিং বোট। গ্রীষ্মের এ সময়ে আটলান্টিক মহাসাগরের নীলাভ জলে লবস্টারের ছোটাছুটি মেইন রাজ্যের অন্যতম বৈশিষ্ট্য। এ সময় সাউথ-ওয়েস্ট, নর্থইস্ট হারবার ও বার হারবার এলাকা উৎসবমুখর হয়ে উঠে। জেলেরা দল বেঁধে বিশেষ কায়দায় তৈরি খাঁচার নেট নিয়ে সাগরে ছুটে যান। মেইনের অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক থেকে ইকো বিচ পর্যন্ত পাহাড়ের কোল ঘেঁষে জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে থাকা লেক-খালের পথ গিয়ে মিশেছে আটলান্টিকের নীলাভ জলে। বছরের জুন-জুলাই-আগস্ট ও সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলে লবস্টার আহরণ। এক সপ্তাহের মধ্যে গভীর সাগর থেকে নৌকাভর্তি লবস্টার নিয়ে ফিরে আসেন জেলেরা। আটলান্টিকের জেলে মাইক জানান, মেইনের তিনটি এলাকা থেকে ২০০ মাছ ধরার ট্রলার আটলান্টিকের তীর থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে লবস্টার শিকার করে। এর বাইরে মাছ ধরা নিষিদ্ধ। ২০০ নটিক্যাল মাইলের পর মাছের অভয়ারণ্য (ফিশিং-গ্রাউন্ড)। আইন অমান্যে অর্থসহ জেল জরিমানা রয়েছে। প্রতি ট্রিপে ১০০০-১২০০ মণ লবস্টার শিকার করে থাকেন। সাগর থেকে চিংড়ি পাড়ে আসার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ডিলাররা এসব লবস্টার (চিংড়ি) কিনে নিয়ে যান। তারা আমেরিকাসহ বিশ্বের নানা দেশে রপ্তানি করে থাকেন। প্রতিটি ৫ ডলার করে পাইকারি বিক্রি করা হয়ে থাকে। গলদা চিংড়িজাতীয় সুস্বাদু খাবার লবস্টার দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন বেশ সুস্বাদু। মেইন লবস্টার ডিলার অ্যাসোসিয়েশনের (এমএলডিএ) নির্বাহী পরিচালক এ্যানী টেসলেকিস বলেন, লবস্টার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতি বছর মেইন অঙ্গরাজ্যের অর্থনীতিতে ১০০ কোটি ডলারের অবদান রেখে চলেছে। গেল মার্চে মেইনের কলবে কলেজ ইন ওয়াটারভিলের অর্থনীতি বিভাগ আয়োজিত ‘লবস্টার টু ডলার’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য উঠে এসেছে। তিনি জানান, লবস্টার খাতে বাজারজাত, যোগাযোগ, প্রক্রিয়াজাতকরণ, বিপণনসহ সার্বিকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক খাতে বিরাট অবদান রেখে চলেছে।
সম্প্রতি ডিপার্টমেন্ট অব মেরিন রিসার্চের এক জরিপে দেখা যায়, লবস্টার উন্নয়ন ও শিক্ষা খাতে গবেষণার জন্য কলবে কলেজ ইন ওয়াটারভিলে ৮১ হাজার ৬৫৭ ডলার তহবিল দেওয়া হয়েছে। যা মেইন রাজ্যের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। নির্জন, শান্ত, শুভ্র স্বচ্ছ লেকে স্থির দাঁড়িয়ে রয়েছে শত শত মাছ ধরার ফিশিং বোট। ঘোরানো-প্যাঁচানো উঁচু-নিচু পাহাড়ি পথ। হাজার মাইল পাড়ি দিয়ে মেইনে যাওয়ার পর এতটুকু ক্লান্তি লাগেনি যে একটু থামি। গাড়ি ছুটছে তো ছুটছেই। ৭০-৮০ মাইল বেগে। শীত ও গ্রীষ্ম যুক্তরাষ্ট্রের প্রকৃতি নানা রঙে সেজে উঠে। আমেরিকার মধ্যবর্তী অঞ্চল কানসাস থেকে আমরা কজন ছুটে গিয়েছিলাম প্রকৃতির খুব কাছে। কানসাস, মিসৌরি, ইলিনয় সীমানা পার হয়ে যত এগিয়ে যাওয়া ততই প্রকৃতির অফুরন্ত ভালো লাগা নুইয়ে পড়েছে। আমেরিকার উত্তর পূর্বাঞ্চলীয় উপকূলে আটলান্টিকের কোলে বিশাল পাথুরে-পাহাড়ের গড়াগড়ি। পাথরের ফাঁকে-ফাঁকে সবুজ গাছের সমারোহ থরে থরে সাজানো প্রাকৃতিক সিঁড়ি। প্রকৃতি যেন ভ্রমণপিপাসু মানুষের জন্য ৪৭ হাজার একরের এ বিশাল অ্যাকাডিয়া ন্যাশনাল পার্ক গড়ে তুলেছে। প্রতিদিন হাজারো উৎসুক মানুষের পদভারে গমগম করে এ পাহাড়ি অঞ্চল। ঘুম-ঘুম চোখে দেখা মেলল বনলতা আর বনফুলে জড়ানো পোর্টল্যান্ড শহরের ‘ফ্রেন্ডশিপ’এলাকায়। যেখানে ভাড়া বাসাসহ সবার থাকা-খাওয়ার আয়োজন করা হয়েছে। বাড়িটির লাগোয়া ছোট্ট একটি বহমান খাল। জোয়ার-ভাটায় জলের খেলা চোখ জুড়ায়। ঘাটে বাঁধা রয়েছে ছোট্ট ডিঙি নৌকা। দুরন্ত-দুর্বার নাঈমকে কে ধরে রাখে, ল-যাই। সোজা নৌকার দাঁড় বেয়ে যাচ্ছে। ভয় ছিল, জোয়ারের টানে কিছু দূরে আটলান্টিকের উত্তাল ঢেউয়ে চলে যাওয়া। যেন সত্যিই লতায়-পাতায় উদাসী বনে বসবাস। বাড়ির মালিক বলেছিলেন, মানুষের গন্ধ পেলে পাশের অরণ্য থেকে আদিবাসী মানুষের প্রেতাত্মা পাছে এসে পড়ে। সাহসী ছেলে প্রিন্স বলল-সন্ধ্যায় মিটিমিটি আলোয় আগুন জ্বালালে কেমন হয়। যে কথা, সে কাজ। এমন জায়গায় ছিলাম, যেখান থেকে গাড়িতে করে গেলেও কাঠ আনতে রাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সৌভাগ্যক্রমে দুই টুকরো কাঠ পাওয়া গেল, আর পাশের বন থেকে শুকনো লতা-পাতা এনে শুরু হলো ফায়ার ওয়ার্ক। রাত ৯টায় ডিনারের আয়োজন। সুনসান নীরবতায় রাত কাটল। পরদিন সকালের নাশতা সেরে মেইন রাজ্যের ঐতিহাসিক বাতিঘর, মৎস্যবন্দর ঘুরে দেখা। শহরের প্রতিটি বাড়ির সামনে নানা রঙের লবস্টার ধরার খাঁচা দেখা যায়। বলা যায়, পুরো শহরটি জেলে পাড়া। এ ফ্রেন্ডশিপ এলাকার মানুষগুলো বন্ধুপ্রিয়। শহরকে ঘিরে রয়েছে মৎস্য বন্দর। চোখে পড়ে রাস্তার ধারে মাটি আর পাথরে তৈরি মৃত শিল্পের পরিপাটি দোকান। শত শত বছরের ঐতিহ্য আটলান্টিকের পাশ ঘেঁষে আদিরুপে এখনো ঠাঁই দাঁড়িয়ে বাতিঘর-যে কোনো পর্যটককে কাছ টানবে। একসময় আটলান্টিকের উত্তাল সমুদ্রপথযাত্রী বাতিঘর দেখে নোঙর করতেন। সে থেকে এসব সমুদ্র অঞ্চলে বাতিঘরগুলো বেশ পরিচিতি লাভ করে। পর্যটকেরা বেশ আনন্দে এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। হোয়াইট মাউন্টেন-মেইন রাজ্যের একটি অংশে এর শুরু নিউ হ্যাম্পশায়ার জুড়ে এ পাহাড়ের অবস্থান। একদিকে নিউইয়র্ক-বোস্টন অন্যদিকে মন্ট্রিল, কানাডা পর্যন্ত বিস্তৃত। প্রায় দুই হাজার ফুট ওপরে উঠতে গা ঝিম ধরে যায়। গহিন অরণ্য। নানা জাতের বন্য পশু-পাখির দেখা মেলে। সবুজ গাছে ঢাকা পাহাড়। সূর্যের আলো গাছের ফাঁকে উঁকি দিচ্ছে খুব কষ্ট করে। কাঠের তৈরি সিঁড়ি দিয়ে উঠতে হাতে ধরা যায় হিম শীতল জলের ঝরনা। যুগ-যুগান্তরের এ ঝরনা আবহমানকাল ধরে হোয়াইট মাউন্টেন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পাহাড়ের ভেতরে দেখা যায় ইয়া বড়-বড় পাথর। যা দেখে অনুমান করা যায়, এটি শুধু পাহাড় নয়, অন্য কিছু! গাছের ফাঁকে বিশাল পাথর। এত পাহাড়ি পথ ক্লান্তি যেখানে স্পর্শ করে না। শুধু ছুটে চলা পাহাড়ি আঁকাবাঁকা পথে।