অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্র চালুর পরিকল্পনা মুজিবুর রহমানের

দেশের প্রতি অগাধ ভালোবাসা আর দায়িত্ববোধ থাকলেও অনেকটা বাধ্য হয়েই চলে আসতে হয় আমেরিকায়। ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় রাজনীতিতে যুক্ত থাকার কারণে আমেরিকায় পাড়ি জমানো। এখানে এসেও হাল ছাড়েননি। মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে একজন পেশাদার চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হলেন চিকিৎসক মুজিবুর রহমান মজুমদার। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি স্ত্রী ও দুই ছেলে নিয়ে লংআইল্যান্ডে বসবাস করছেন।
১৯৮২ সালে আমেরিকায় আসেন মুজিবুর রহমান। ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন তিনি। দূরের দেশে এসে কাজের পাশাপাশি পড়াশোনা শুরু করেন মুজিবুর রহমান। বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ইন্টারনাল মেডিসিন, জেরিয়াটিক মেডিসিন, ফালমুনারি মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং স্লিপ মেডিসিনের ওপর ডিগ্রি লাভ করেন। ১৯৯৮ সালে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে কালমুনারি ক্রিটিক্যাল কেয়ার এবং স্লিপ মেডিসিন কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া নিউইয়র্কের ছয়টি স্থানে প্রাইভেটভাবে রোগী দেখেন।
পেশাগত জীবনের ব্যস্ততার মধ্যেও সামাজিক দায়িত্ব পালনে পিছ পা হননি মুজিবুর রহমান। ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন সামাজিক সংগঠন বাংলাদেশ আমেরিকান কো-অপারেটিভ ইনক। সংগঠনটির তিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ সংগঠনের মাধ্যমে একটি বৃহত্তর জনগোষ্ঠীকে দেশে ও আমেরিকায় ক্যারিয়ার গঠনসহ সামগ্রিক বিষয়ে সহযোগিতা করা হতো। সংগঠনটির উদ্যোগে ঢাকার মহাখালীতে ক্যানসারর ইলেকট্রনিক লাইব্রেরি তৈরি করা হয়। যৌবনের শুরুতে তিনি দেশে বাম রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকলেও পরবর্তী সময়ে জিয়াউর রহমান ও বদরুদ্দৌজা চৌধুরীর অনুপ্রেরণায় বিএনপিতে যোগ দেন।
আমেরিকায় ক্যারিয়ার গঠনের পর ১৯৮৯ সালে আবারও রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন মুজিবুর রহমান। প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাষ্ট্র শাখা। সেখানে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পান। এ ছাড়া তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার নিউইয়র্ক চ্যাপটার এবং ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা চালু করার জন্য নির্বাচনে অংশ গ্রহণ করেন তিনি। এর আগে সংগঠনটির সিলেকশনে সভাপতি, সম্পাদক মনোনীত করা হতো। শুধু তাঁর কারণেই নির্বাচন পদ্ধতি চালু হয়।
দেশে ভবিষ্যতে কিছু করা প্রসঙ্গে চিকিৎসক মুজিবুর রহমান জানান, উন্নত চিকিৎসা সেবার জন্য অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে তাঁর।