অদৃষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নাঘরের সঙ্গেই উঠোনের একপাশে আর একটি ছোট রান্নার জায়গা। চারপাশ খোলামেলা; সূর্যের উত্তাপকে প্রতিহত করতে শুধু ওপরে বেশ বড় করে চওড়া একটি পাটকাঠির ছাউনি। সেখানটায় বসেই দুপুরের রান্নার আয়োজন করছিলেন জামিলা। উনুনে ভাত চাপিয়ে, বটি পেতে তরকারি কুটছিলেন। এমন সময় পাশের বাসার শান্তি এসে তাকে ডেকে নিয়ে যায় এই বলে যে, শটিবাড়ি থেকে সাদেক মিঞা এসেছে। জামিলার সঙ্গে নাকি তার কী কথা আছে।
সাদেক মিঞা বাস কন্ডাক্টর। রংপুর, শটিবাড়ি রুটে শান্তিদের একটি বাসে সে কাজ করে। মাঝেমধ্যে শান্তিদের বাসায় আসে। শটিবাড়িতেই জামিলার মেয়ের শ্বশুরবাড়ি। কাজেই কিছু কিছু খবর সাদেক মিঞা আনা-নেওয়া করে। অর্ধেক কাটা তরকারি ফেলে রেখে জামিলা সাদেক মিঞার সঙ্গে দেখা করতে গেলেন।
শান্তিদের চৌচালা ঘরের ঠিক মাঝখানে একটা চেয়ারে দুই হাঁটুতে মুখ গুঁজে বসে আছে সাদেক মিঞা। জামিলা যে এসেছে, টেরই পায়নি। ধীর শান্ত কণ্ঠে জামিলা শুধালেন, ‘কেমন আছ সাদেক?’ ঝট করে উঠে দাঁড়াল সাদেক মিঞা।
‘ভালো আছি খালাম্মা’, বলেই সে জিজ্ঞেস করল, ‘বাসায় আর কেউ নেই?’ একটু অবাক হয়ে জামিলা জিজ্ঞেস করলেন, ‘কেন? কী দরকার তোমার?’
মাথা নিচু করে খুব নরম স্বরে সাদেক বলল, ‘কীভাবে যে বলি খালাম্মা’, বলে সে বলেই ফেলল, ‘আপনার নাতি টুপু কাল বাড়ির সামনের বড় পুকুরে ডুবে মারা গেছে।’
মুহূর্তের মধ্যে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে এল জমিলার। বড় বড় হতবাক চোখে স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন সাদেক মিঞার দিকে। মাথার দুপাশের শিরা দপ্ দপ করে কাঁপতে লাগল। কে যেন খুব জোরে চেপে ধরল তাঁর কণ্ঠনালী। গলার কাছে একটা তীব্র ব্যথা অনুভব করলেন তিনি। অনেক কষ্ট করে ক্ষীণ স্বরে জিজ্ঞেস করলেন, ‘ওই টুকুন ছোট্ট বাচ্চা পুকুরপাড়ে গেল কেমন করে?’
সাদেক মিঞা ঘটনা বর্ণনা করল।
খুব ছোট একটা কাজের মেয়ে। এই আট-দশ বছর বয়স; টুপুকে নিয়ে খেলতে যায় বাইরে। বিকেল বেলা। মাঠভর্তি ছেলে-মেয়ে ছুটোছুটি করছে। মাঠের পাশে বড় পুকুরটা পানিতে ভরপুর। পুকুরের পানি, আর পাড় প্রায় সমান-সমান। অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে কখন যে টুপু পানিতে পড়ে যায়, কেউ জানে না। একটা ছোট্ট বাচ্চা বলছে, স্কুলের আপামনি পুকুরপাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। টুপু তাঁকে দেখে ‘আম্মু, আম্মু’ বলে দৌড়ে গিয়েছিল।
সাদেক মিঞা থামছে না, যেন লাগামহীন হয়ে গেছে তার মুখ। লাগামহীন হয়েছে এ বাড়ির শিক্ষিত মানুষদের বিবেকহীন কর্মকাণ্ড দেখে। ধিক্কারের স্বরে সে বলল, ‘আপনার ছেলেরা, খালুজান কত বড় চাকরি করে। একটা কচি শিশুকে আপনারা রাখতে পারলেন না। এভাবে তাকে মেরে ফেললেন?’ একটা শাণিত প্রশ্নের চাবুক দিয়ে জামিলার বিবেককে কশাঘাত করল সাদেক। এ আঘাত যেন একা জামিলারই প্রাপ্য।
জামিলা মূক হয়ে গেছেন। শোক, দুঃখ, কান্নার কোনো প্রকাশ নেই তাঁর চাহনিতে। নীরব, নিস্তব্ধ, ধীর পায়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন জামিলা। বাসায় গিয়ে বাথরুমে ঢুকলেন। মাথায় ঠান্ডা পানি ঢাললেন অনেকক্ষণ। পানির ট্যাপ ছেড়ে শব্দ করে কাঁদলেন। বুকের ভার কিছুটা হালকা হলে শক্ত পায়ে শিরদাঁড়া টানটান করে উঠে দাঁড়ালেন তিনি। খুঁজতে চেষ্টা করলেন, নিষ্পাপ শিশুটির মৃত্যুর জন্য দায়ী কে? তিনি, রুনু, রুনুর স্বামী, রুনুর বাবা, ভাই-ভাবিরা। শিশুর পূর্বসূরিদের অবহেলা, অবজ্ঞা, জেদ; কী। জামিলার চোখের সামনে ভেসে উঠল মাত্র দশদিন আগে ঘটে যাওয়া এ ঘটনা।
টুপুর দুধ কিনতে হবে। সবাই বিরক্ত। বড় বউমা বলেই ফেলল, ‘এই বাজারে দুজন বাড়তি মানুষের খরচ জোগানো কি সম্ভব? আপনার ছেলে কত টাকা মাইনে পায়?’ বদরুদ্দীন চিৎকার করে বললেন, ‘আমার মেয়েকে যে ঠকিয়েছে, তার সন্তানকে আমি খাওয়াব কেন?’ এত বড় একজন জ্ঞানী মানুষের কী অবিবেচকের মতো কথা! কান্নায় ভেঙে পড়ল রুনু। জেদ ধরল, ‘মা, তুমি টুপুকে ওর দাদার বাড়িতে রেখে এসো। তা না হলে আমি গলায় দড়ি দেব।’
হঠাৎ জামিলারও খুব রাগ হলো। রাগে, দুঃখে, অপমানে তখনই তিনি রুনুর কোল থেকে টুপুকে কেড়ে নিয়ে সত্যিই দিয়ে এলেন ওর দাদার বাড়িতে। এক মাইল, দুই মাইল নয় ত্রিশ মাইল দূরে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে পড়ে রইল দু বছরের ছোট্ট শিশু টুপু।
মা ও মেয়ে কারও সাথে একটি কথাও বলেনি এ নিয়ে। বদরুদ্দীন চিরকালই একরোখা, জেদি। একবার না বললে কখনো আর হ্যাঁ বলেন না। এ পর্যন্ত মেয়ের ওপর তাঁর রাগ কমেনি। এই কয়েক মাসে কোনো দিন তিনি কোলে তুলে নেননি নাতি টুপুকে। ছোট্ট টুপু না বুঝেই মামা-মামির ঘরে ঢুকে পড়ত। কত কিছু দেখাতে চাইত ইশারায়। কেউ শুনতে না পায় তাই নিচু গলায় বউমা টুপুকে বলত, ‘এই কী চাও? যাও।’ যাও কথাটা বুঝতে পারত টুপু। বোকা বোকা মুখ করে সে মামির কাছ থেকে সরে যেত।
বিক্ষিপ্ত সব এলোমেলো ভাবনায় ডুবে গেলেন জামিলা। খুব রাগ হলো মেয়ের ওপর। কত ভালো ছাত্রী ছিল। একটি মাত্র মেয়ে বাড়িতে, দুই ভাই ও বাবার আদর পেয়েছে প্রচুর। বদরুদ্দীনের বড় শখ ছিল মেয়েকে ‘ল’ পড়াবেন। সেই মেয়ে কলেজে ঢুকতে না ঢুকতেই ওর চেয়ে দশ বছরের বড় এক শিক্ষকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করল। তিনটি বছর কেউ রুনুর নাম উচ্চারণ করেনি এ বাড়িতে। সারাক্ষণ স্বামী, ছেলেদের কথার ঘায়ে ক্ষতবিক্ষত হয়েছে জামিলার বুক। মা হিসেবে এ যেন তাঁর চরম ব্যর্থতা।
রুনুবিহীন তিনটি বছর কেটেছিল জামিলার। এই সাদেক মিঞার কাছেই মাঝেমধ্যে খবর পেতেন; টুপুর খবর। রুনু ও রকীবের খবর। তিনি চিন্তিত হতেন রুনু পড়া ছেড়ে দিল কেন? ভেতরের কোনো খবর ভালোভাবে পেতেন না। তিন বছর পর এই গেল বৈশাখে এক ঝড়ের রাতে টুপুকে সঙ্গে নিয়ে এই শান্তিদের বাসায় এসে জ্ঞান হারায় রুনু। রকীব আরেক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক করেছে।
বদরুদ্দীন কিছুতেই মেয়েকে ঘরে তুলবেন না। পাড়ার সবাই অনেক বুঝিয়ে-সুজিয়ে রুনুকে বদরুদ্দীনের হাতে তুলে দিল। রকীবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিল। টাকা-পয়সা খরচের ভয়ে এদিকটা কেউ চিন্তাই করল না। উল্টো শুরু হলো নানান রকম অশান্তি।
ঝট করে বর্তমানে ফিরে এলেন জামিলা। একটা কিছু করতে হবে। কিন্তু কী করবেন ভেবে পাচ্ছেন না। বাসায় কেউ নেই। বাথরুমের দরজা খুলে বের হতে সাহস পেলেন না। পা কিছুতেই নড়ছে না। কীভাবে তিনি রুনুর মুখোমুখি হবেন। আশপাশের কাউকে কোনো খবর দেওয়ার প্রয়োজন মনে করলেন না তিনি। বদরুদ্দীন, ছেলেরা ফিরবে সেই সন্ধ্যায়। বউমা গেছে বাবার বাড়িতে। তাঁর মনে হলো, সাদেক মিঞা ধীর-স্থির, চুপচাপ মানুষ। বেশি কথা বলে না। বোধ হয় শান্তিদের বাসায় কিছু না বলেই চলে গেছে। অসম্ভব জেদ হলো জামিলার। সুন্দর নাদুস-নুদুস, টুকটুক করে কথা বলা এই ছোট্ট বাচ্চাটাকে যারা সহ্য করতে পারত না, তাদেরকে কিছু বলবার দরকার নেই। এই অনন্ত শোক শুধু তাঁর আর তাঁর মেয়ে রুনুর।
কিন্তু কোত্থেকে যেন এক উদ্দাম সাহস এসে ভর করল জামিলার ওপর। রণরঙ্গিণী এক মূর্তি ধরে সটান হয়ে দাঁড়ালেন তিনি। সিদ্ধান্ত নিলেন এবার স্বামী ও ছেলেদের সঙ্গে এক চরম বোঝাপড়া করবেন। এত দিন তাঁরও রাগ ছিল রুনুর ওপর। তাই মুখ বুজে স্বামী ও ছেলেদের এই অন্যায় আচরণ সহ্য করেছেন। কিন্তু আর নয়। মাত্র তিনটি বছর পিছিয়ে আছে রুনু। এটা এমন কোনো বিরাট সমস্যা নয়। তিনি আবার ওকে কলেজে ভর্তি করাবেন। বিগত দিনের সমস্ত শোকতাপ, জ্বালা-যন্ত্রণা বিসর্জন দিয়ে রুনু পূর্ণ উদ্যমে আবার লেখাপড়া শুরু করবে। নিজের পায়ে দাঁড়াবার ভিতটাকে মজবুত করবে। রুনুর সুযোগ আছে, জামিলার যা ছিল না। তিনি বেশি লেখাপড়া করার সুযোগ পাননি। তাঁর বুদ্ধি, মেধা, মানবিক শক্তি ও বলিষ্ঠ আত্মবিশ্বাস থাকা সত্ত্বেও বদরুদ্দীনের অসহযোগিতার কারণে তাঁর প্রাপ্য শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তিনি। আর এই শিক্ষার অভাবে এ সংসারে নিজের অধিকারটুকু এ পর্যন্ত আদায় করতে সক্ষম হননি তিনি। সক্ষম হননি অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাবলম্বী হতে। তাঁর কারণেই আজ ওই দুই বছরের ছোট্ট শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে হলো।
এ অন্যায় সহ্য করতে পারছেন না জামিলা। জলশূন্য চোখ। গোপন ক্রোধ ও নির্মম শোকের নীরব কান্না বুকের ভেতর হু হু করছে। সে কান্নার শব্দ কণ্ঠনালী ভেদ করে বেরিয়ে আসছে না। মাত্র চার মাস হলো রুনু এসেছে। এরই মধ্যে কত কী ঘটে গেল! শুধু তিনটি পুরুষের জেদ ও ঠুনকো আত্মসম্মানের কারণে। একটি সংসারের দুটি নারী; মা ও মেয়ে কত অসহায়; কত পরাধীন। একটা ছোট্ট শিশুকে তারা আগলে রাখতে পারল না। কোন্দলের শিকার হলো এক ছোট্ট নিষ্পাপ শিশু। অল্প বয়সে বুদ্ধির অভাবে একটা ভুল করেছিল রুনু। সেই ভুলের জের যে এত নির্মম, এত কঠিন হবে জামিলা ভাবতেও পারেননি।
দেশে আইন আছে। সন্তানসহ স্ত্রী আলাদা থাকলে স্বামী তাদের সমস্ত খরচ দিতে বাধ্য। রকীব পুরোপুরি এ ব্যাপারটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে শুধু এ বাড়ির মানুষদের দম্ভের কারণে। আইন-কানুন, রীতি-নীতি জানা সত্ত্বেও এ বাড়ির তিনটি শিক্ষিত পুরুষ বিষয়টি ছেড়ে দিয়ে কী নিষ্ঠুর মানসিক নির্যাতন করছে মেয়েটাকে। না, আর দেরি নয়। এ কঠিন সত্য প্রকাশ করে পরিস্থিতির মোকাবিলা করতে হবে জামিলাকেই।
ভালো করে হাত-মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়ে এলেন জামিলা। বুকে পাষাণ বাঁধলেন। যথাসাধ্য স্বাভাবিক ভঙ্গিতে রুনুর পাশে এসে দাঁড়ালেন। রুনু ভাতের পাতিল নামিয়ে বাকি তরকারিগুলো কুটছে। রুনুর লম্বা চুল পিঠ বেয়ে মাটি ছুঁয়েছে। মাকে দেখে সে জিজ্ঞেস করল, ‘মা সাদেক মিঞা কী বলল টুপুর কথা? কেমন আছে ও?’
জামিলা বেশ আশ্চর্য হলেন। ভাবলেন, টেলিপ্যাথি বলে কি কিছুই নেই! তাহলে রুনু কিছু বুঝতে পারছে না কেন?
জামিলা মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন চরম, নিষ্ঠুর সত্য প্রকাশের জন্য। রুনুর পাশে বসে তিনি বললেন, ‘রান্না করার সময় চুলটা বেঁধে নিলেই পারিস।’ চুলের গোছা ধরে বেশ বড় একটা হাত খোঁপা বেঁধে দিলেন তিনি। কান খাড়া করলেন। অনেকগুলো পায়ের শব্দ তাদের বাসার দিকে এগিয়ে আসছে। সাদেক ও শান্তির মা পাড়ার আরও কয়েকজনকে নিয়ে এসে উঠোনে দাঁড়াল। শান্তির মা রুনুর হাত ধরে তাদের বাসায় নিয়ে গেলেন। জামিলা মুখে কাপড় চাপা দিয়ে ধপাস করে বসে পড়লেন। কতক্ষণ এভাবে বসে ছিলেন জানেন না।
শান্তিদের বাসায় কান্না-কাটি, চিৎকার, চেঁচামেচি, ধরাধরি, ধ্বস্তাধ্বস্তির শব্দ শুনে দৌড়ে গেলেন জামিলা। দেখলেন, শান্তিদের ঘরের কোনায় জড়সড় হয়ে অনুভূতিহীন চোখে চুপচাপ দাঁড়িয়ে আছে উলঙ্গ রুনু।