অধিকাংশ মানুষই ওই বৈঠকে অংশ নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি l রয়টার্স
প্যারিসে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাম্প দম্পতি l রয়টার্স

রুশ আইনজীবীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিতর্কিত সাক্ষাতের পরিপ্রেক্ষিতে আবারও ছেলের পক্ষে সাফাই গেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্স সফরে গিয়ে তিনি বলেছেন, ‘অধিকাংশ মানুষই এই কাজ করত।’ বৃহস্পতিবার প্যারিসে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎস্কায়ার সঙ্গে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের এক বৈঠকের সূত্র ধরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প জুনিয়র প্রেসিডেন্ট নির্বাচনের আগের ওই বৈঠকের কথা স্বীকার করে বলেছেন, কোনো গুরুত্বপূর্ণ তথ্যই আলোচিত হয়নি সেখানে। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের জন্য ক্ষতিকর তথ্য পাওয়ার প্রত্যাশায় ট্রাম্প জুনিয়র ওই রুশ আইনজীবীর সঙ্গে বৈঠক করেন বলে খবর প্রকাশিত হয়েছে।

প্যারিসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে সম্পর্কে যত দূর জানি, সে একজন চমৎকার তরুণ। সে একজন রুশ আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছে, সরকারের কারও সঙ্গে নয়। ওই বৈঠকটা ছিল খুবই স্বল্প সময়ের এবং দ্রুতই তা শেষ হয়ে যায়।’

ট্রাম্প আরও বলেন, ‘বাস্তবতার নিরিখে আমি মনে করি, অধিকাংশ মানুষই বৈঠকটি করত। এ ধরনের কর্মকাণ্ডকে বলা হয় প্রতিদ্বন্দ্বীর ওপর গবেষণা।’ মার্কিন প্রেসিডেন্ট এ সময় হিলারির ব্যাপারে তথ্য পাওয়ার লক্ষ্যে অনুষ্ঠিত ওই বৈঠককে ‘মানসম্মত চর্চা’ বলে আখ্যা দেন। রাজনীতি ‘খুব প্রীতিকর কোনো কাজ নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প এ সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চের ওপরই দোষ চাপান। তিনি বলেন, ‘কেউ একজন বলেছেন, যুক্তরাষ্ট্রে আসতে তাঁর (রুশ আইনজীবী) ভিসা অথবা পাসপোর্ট অ্যাটর্নি জেনারেল লিঞ্চ অনুমোদন করেছিলেন।’

প্যারিস জলবায়ু চুক্তির ব্যাপারে ট্রাম্প বলেন, ‘প্যারিস জলবায়ু চুক্তির প্রেক্ষাপটে কিছু একটা পরিবর্তন আসতে পারে। দেখা যাক, কী ঘটে। আসছে সময় আমরা এ নিয়ে আলোচনা করব।’

এএফপি জানায়, বাস্তিল দিবস উদ্‌যাপনে গতকাল শুক্রবার ফ্রান্সে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এবারের আয়োজনে ছিল শোকের ছোঁয়া। গত বছর এ দিবসটি উদ্‌যাপনের সময়ই ফ্রান্সের নিসে সন্দেহভাজন জঙ্গির ট্রাক হামলায় ৮৬ জন নিহত হয়। বাস্তিল দিবস উদ্‌যাপন উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের শঁজে-লিজেতে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সেনারা অংশ নেন। প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের সফর শেষে কালই ফ্রান্স ছাড়েন ট্রাম্প।

এদিকে রয়টার্স জানায়, ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবীর বৈঠকে এক সাবেক সোভিয়েত গোয়েন্দা কর্মকর্তাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে এনবিসি নিউজ। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তাঁর কোনো যোগাযোগের সুযোগ নেই। এনবিসি নিউজ ওই কর্মকর্তার নাম বলেনি। তবে তিনি রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন এবং দ্বৈত নাগরিকত্ব আছে।