অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে ক্যাবচালকেরা

ক্যাবচালকদের অধিকার ও ক্যাব শিল্প রক্ষায় এবার ইয়েলো ক্যাব, উবার ও লিফট ক্যাবিরা ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছে ক্যাবিরা। ক্যাবিদের স্বার্থ সংরক্ষণে বিভিন্ন দাবি–দাওয়া আদায়ে কাজ করা ক্যাবি ওয়ার্কার্স অ্যালায়েন্স ইতিমধ্যে বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছে। সর্বশেষ ২৬ মে ক্যাবিদের নিয়ে নিউইয়র্কে অ্যালায়েন্স কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা দেওয়া হয়। এতে ভবিষ্যৎ কর্মসূচিও ঘোষণা করেছে অ্যালায়েন্স কর্মকর্তারা।
ক্যাবিদের সংগঠন ওয়ার্কার অ্যালায়েন্সের নেতা টিপু সুলতান বলেন, ‘আমরা আইনি লড়াইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। যাতে করে সব ক্যাবির স্বার্থ সংরক্ষণ হয়।’
আন্দোলনকারীরা বলছেন, সবধরনের ক্যাবি প্রতিষ্ঠান ধ্বংসের জন্য একটি প্রভাবশালী মহল গভীর যড়যন্ত্র করছে। ইতিমধ্যে কিছু অঙ্গরাজ্যে চালকবিহীন গাড়ি ক্যাব হিসাবে চালানোর জন্য বিল পাস হয়েছে। এই বিল কার্যকরী হলে বিপুলসংখ্যক ড্রাইভার বেকার হয়েছে পড়বে।
ক্যাবিদের সবচেয়ে বড় শহর নিউইয়র্ক ও লন্ডন। নিউইয়র্ক নগরেও চালকবিহীন বিল পাস করার ষড়যন্ত্র চলছে। এই বিল পাস ও কার্যকর হলে নিউইয়র্কের কয়েক লাখ ক্যাবচালক বেকার হয়ে পড়বে।
ক্যাবচালকদের সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে ইয়েলো ক্যাবি অ্যালায়েন্স সংগঠনের কর্মকর্তারা উবার ও লিফটের চালকদের কাছ থেকে কোম্পানিগুলোর বেশি কমিশন কাটার বিরোধিতাও করেন তারা। ট্রিপ প্রতি ১৫ শতাংশ অর্থ চার্জ করার প্রস্তাব দেন সংগঠনটি। এতে করে উবার ও লিফট চালকদের খরচের বাড়তি চাপ কিছুটা লাগব হবে বলে মনে করেন তারা।
গত কয়েক বছর ধরে ইয়েলো ক্যাব শিল্পে চরম অস্থিরতা বিরাজ করছে। বেশ কয়েকজন ক্যাবচালক আত্মহত্যা করছে। মেডিলিয়নের দাম কমেছে। বেড়েছে ক্যাবিদের ঋণের বোঝা। এ চরম অস্থিরতা থেকে উত্তরণের জন্য ক্যাবিদের ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই বলে মনে করেন অ্যালায়েন্স কর্মকর্তারা।