অধিকার রক্ষায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে

শুধু যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপ নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসেই হোক আর প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই হোক, সময়ের প্রয়োজনেই নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। প্রবাসীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ডব্লিউবিও কাজ করে যাচ্ছে।
ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ১৫ অক্টোবর রোববার অপরাহ্ণে এই সভার আয়োজন করা হয়। প্রবাসীদের স্বার্থ ও অধিকারবিষয়ক এ সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির প্রেসিডেন্ট কাজী এনায়েত উল্লাহ। এ ছাড়া বক্তব্য দেন পর্তুগাল সিটির কাউন্সিলম্যান বাংলাদেশি রানা তসলিম উদ্দিন, অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (এইবিএ) ভাইস প্রেসিডেন্ট ফখরুল আকম সেলিম।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, কমিউনিটি অ্যাকটিভিস্ট নাসির আলী খান পল, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস সম্পাদক ডা. চৌধুরী সারোয়রুল হাসান, বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের ও তাসের মাহমুদ, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, আস্যাল সভাপতি মাফ মিসবাহ উদ্দিন, কমিউনিটি অ্যাকটিভিস্ট মাজেদা উদ্দিন, জেবিবিএর যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান প্রমুখ বক্তব্য দেন।
সাংবাদিক হাসানুজ্জামান সাকীর উপস্থাপনায় সভায় নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া আটলান্টাসহ কোনো কোনো অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এই মতবিনিময় সভায় যোগ দেন।
সভায় বক্তাদের বক্তব্যে দেশ-বিদেশে প্রবাসীদের সুবিধা-অসুবিধার কথা উঠে আসে। এ সময় কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রবাসীদের অর্থে বাংলাদেশের অর্থনীতির ভিত সুদৃঢ় হলেও দেশে গিয়ে প্রবাসীরা নানাভাবে হয়রানিসহ জুলুম-নির্যাতনের শিকার হন।