প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কতবার এসেছিল নিকুঞ্জ মগ্নতায়
পদ্মকুসুম জীবনালোকের পরতে পরতে
কতবার এসেছিল শান্ত সরোবরে।
অনুভবের প্রান্ত ছোঁয়ায় কতরকম উঁকিঝুঁকি
সময়ের প্রবাহে পুরোনো গুহা থেকে লুকানো রত্নের মতো
বের হয়ে এসেছিল বেলা অবেলায়। মায়াবী রূপের ঝলকায়
প্রেম এসেছিল কতবার।
নিশীথ আঁধারে কুঞ্জ গহিনে কিংবা জ্যোৎস্না প্লাবিত স্নিগ্ধ রাতে
বয়ে আসা প্রেমের ছোঁয়ায় মিশে যেতো আনন্দধারা।
প্রেম বেঁচে থাকার শক্তি জোগায়।
প্রেমহীন জীবন তো বন্দিত্বের কারাগার।
যতই আসুক দুঃখ-বেদনা আর যন্ত্রণাদগ্ধ আঁধার রাত
প্রেমহীন জীবন কাম্য নয়।
দেশ-মাটি ও মানুষের জীবনে অবলীলায় মিশে থাক প্রেম
নির্জন গভীরে একাকিত্বের চেয়ে অনাদিকাল ধরে
নেমে আসুক আলোকধারা
প্রেম আসুক জীবন সঙ্গী হয়ে স্বোপার্জিত আঁধারে
প্রেম হোক তিমির রাতের আলোকমালা।
ভালোবাসার উষ্ণ মায়ায় উদ্দীপ্ত প্রেমে
গতিশীল হয়ে আসুক প্রেম আসুক ভালোবাসা।