অনন্য দুটি উপন্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>একই দিনে (শুক্রবার) কিছু সময়ের ব্যবধানে প্রয়াত হলেন বিশ্বখ্যাত দুই লেখক হারপার লি ও উমবের্তো একো। যুক্তরাষ্ট্র ও ইতালির এ দুই কথাশিল্পীর বই বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। অনূদিত হয়েছে বহু ভাষায়। তাঁদের দুজনের সবচেয়ে পরিচিত দুটি উপন্যাস সম্পর্কে পাঠকদের সংক্ষিপ্ত ধারণা দেওয়া হলো

টু কিল এ মকিং বার্ড

টু কিল এ মকিং বার্ড
টু কিল এ মকিং বার্ড

যুক্তরাষ্ট্রে ১৯৬০ সালের ১১ জুলাই বেরিয়েছিল হারপার লির উপন্যাস টু কিল এ মকিং বার্ড। এই দীর্ঘ সময়ে এর পাঠকপ্রিয়তা এক রত্তি কমেনি। এ পর্যন্ত বিশ্বজুড়ে বইটি বিক্রি হয়েছে চার কোটির বেশি কপি। অনূদিত হয়েছে ৪০টির বেশি ভাষায়। এর কাহিনি নিয়ে বানানো চলচ্চিত্র তিনটি অস্কার পুরস্কার জিতেছে, মনোনীত হয়েছিল আটটি পুরস্কারের জন্য। বিংশ শতকে যুক্তরাষ্ট্রে প্রকাশিত খুব কম উপন্যাসের ভাগ্যেই এ বইটির মতো অকুণ্ঠ প্রশংসা জুটেছে। ৫৫ বছর পর ২০১৫ সালের জুলাই মাসে উপন্যাসটির দ্বিতীয় পর্ব গো সেট এ ওয়াচম্যান প্রকাশ করা হয়। মজার ব্যাপার হলো, দ্বিতীয় পর্বটি হারপার লি লিখেছিলেন প্রথম পর্ব টু কিল এ মকিং বার্ড লেখার আগে। প্রথম উপন্যাস প্রকাশের অর্ধশতাব্দী পর এর কাহিনির পারম্পর্য ঠিক রেখে আগের পাণ্ডুলিপি সম্পাদনা করে দ্বিতীয় পর্বটি লেখেন লি।
টু কিল এ মকিং বার্ড-এর কাহিনির সময়কাল ১৯৩৩-৩৫ সাল। এতে দেখা যায়, আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি ছোট্ট শহরে টম রবিনসন নামের একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে এক শ্বেতাঙ্গ নারী ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করা হয়। রবিনসনের পক্ষে লড়েন অ্যাটিকাস ফিঞ্চ নামের এক শ্বেতাঙ্গ আইনজীবী। এই মামলায় সত্য প্রতিষ্ঠার জন্য ফিঞ্চ প্রাণপণ চেষ্টা করেন। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ফিঞ্চের সংগ্রাম তাঁর ছয় বছরের মেয়ে স্কাউটের চোখে যে দার্শনিক উচ্চতায় ধরা পড়ে সেটাই এই কাহিনির মূল উপজীব্য। এর কাহিনির মধ্যে যুক্তরাষ্ট্রের ওই সময়ের বর্ণবাদ, শ্রেণিবৈষম্য ও নৈতিক স্খলনের ধারাভাষ্য প্রকাশ পেয়েছে।

দ্য নেম অব দ্য রোজ
উমেবর্তো একোর ইতালীয় ভাষায় লেখা ইল নোমে দেলা রোসা উপন্যাসটি ছাপা হয় ১৯৮০ সালে। শুরুতেই পাঠকমহলে ব্যাপক সাড়া

দ্য নেম অব দ্য রোজ
দ্য নেম অব দ্য রোজ

ফেলে উপন্যাসটি। ১৯৮৩ সালে এটি ইংরেজিতে অনুবাদ করেন উইলিয়াম উয়েভার। তিনি উপন্যাসটির শিরোনাম দেন দ্য নেম অব দ্য রোজ। এ পর্যন্ত বইটির বেশ কয়েক লাখ কপি বিক্রি হয়েছে। এর কাহিনিতে দেখা যায়, ১৩২৭ সালে উইলিয়াম অব বাস্কারভিল এবং আদোস অব মেলিক নামের দুই যাজক ধর্মতত্ত্ব নিয়ে গবেষণা করতে উত্তর ইতালির একটি খ্রিষ্টীয় মঠে যান। তাঁরা মঠে আসার পর সেখানে একটি আত্মহত্যার ঘটনা ঘটে। এরপর আরও কয়েকজন সন্ন্যাসীর রহস্যজনক মৃত্যু হয়। এই রহস্যভেদের দায়িত্ব পড়ে উইলিয়ামের ওপর। তাঁর তদন্তের মধ্য দিয়ে কাহিনি এগোতে থাকে। এর কাহিনিতে মধ্যযুগীয় সাহিত্য, বাইবেল সম্বন্ধীয় তৎকালীন ধারণা ও লেখকের অনন্য কল্পচিত্রের সম্মিলন দেখা যায়।