অনাদিকাল অপেক্ষা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা এবং চুক্তি নিয়ে অতি তাড়াহুড়োর কিছু নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে তিনি একথাও বলে দিয়েছেন, এ জন্য তাঁরা অনাদিকাল অপেক্ষা করতে পারবেন না।
তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তির লক্ষ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, জার্মানি ও চীনের আলোচনা চলছে। গত ৩ এপ্রিল তাদের মধ্যে প্রাথমিক চুক্তি হয়। এরপর চুক্তিটি চূড়ান্ত করার শেষ সময় ছিল গত ৩০ জুন। বারবার আলোচনায় বসেও তা সম্ভব হয়নি। এরপর দুই দফায় সময় বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার ছিল শেষ সময়। এর আগে গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সাংবাদিকদের মুখোমুখি হন কেরি। ভিয়েনাতেই চলছে ওই আলোচনা।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝুঁকি অনেক বেশি, অনেক। আমরা তাড়াহুড়ো করব না, তাড়াহুড়ো করা ঠিক হবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, একটি সমন্বিত চুক্তির জন্য অনেক এগিয়েছি। এ জন্য আমরা আজ এখানে। কিন্তু এর আগেও আমি বহুবার বলেছি এবং গত রাতে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আমি আলোচনা করেছি। আলোচনার টেবিলে আমরা অনাদিকাল পর্যন্ত থাকব না। আমরা অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষা করব না।’
জন কেরি আরও বলেন, ‘যদি কঠিন সিদ্ধান্ত আমরা নিতে না পারি, তাহলে সব প্রক্রিয়া সমাপ্ত ঘোষণার সত্যিকার প্রস্তুতিও আমাদের আছে।’
আলোচনায় অংশগ্রহণকারীদের আরেকজন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লরা ফ্যাবিয়াস। গতকাল আলোচনায় যোগ দিতে যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলে যান, ‘সবকিছু মনে হয় সঠিক গন্তব্যের দিকেই এগোচ্ছে। এ কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের রাত এবং আগামীকালও আমি ভিয়েনাতেই থাকব।’
ফ্যাবিয়াস আরও বলেন, ‘দীর্ঘ পথের শেষ কয়েক মিটার আমরা ঠিকঠাকভাবে এগোতে পারব বলেই আমার বিশ্বাস। ম্যারাথন দৌড়ের শেষ এক শ মিটারই সবচেয়ে কঠিন।’
গতকাল সাংবাদিকদের কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ টুইটারে লেখেন, ‘আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। কিন্তু কাজ শেষ করার জন্য কোনো তাড়াহুড়ো নয়।’ গতকালের মধ্যে চুক্তি সম্ভব নয় বলে ইঙ্গিত দেন অনেক পশ্চিমা কূটনীতিক। কিন্তু শুক্র কিংবা শনিবারের মধ্যেও কোনো চুক্তির সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘একমাত্র আল্লাহই জানেন।’