অনিন্দ্য সুন্দর বঙ্গবন্ধুর খোঁজে
রবীন্দ্র সমালোচনার ক্ষেত্রে একটি অতি প্রচলিত ধারা হচ্ছে আলোচক, সমালোচকেরা রবীন্দ্রনাথকে অতীন্দ্রিয় পুরুষ, ঋষি কিংবা দেবতা স্থির করেই আলোচনা-সমালোচনা শুরু করেন। নির্মোহ রবীন্দ্র গবেষকেরা তাই অতি আবেগী রবীন্দ্র মূল্যায়ন নিয়ে রবীন্দ্রপ্রেমীদের সতর্ক থাকার উপদেশ দেন। রবীন্দ্রনাথ আমাদের কবিগুরু, বিশ্ব পরিমণ্ডলে বাংলা ভাষা ও সাহিত্যকে সম্মানের স্থানে পৌঁছে দিতে তাঁর অবদান অনস্বীকার্য। রবীন্দ্র সাহিত্যের ব্যাপকতা, বিশালত্ব, দার্শনিক মূল্যকে অতিক্রম করা এখন পর্যন্ত দুরূহ কাজ বলে অধিকাংশ পণ্ডিত মনে করেন। তাই বলে তাঁর সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভুলে গেলে চলবে না যে, তিনিও আমাদের মতো রক্তে-মাংসে গড়া মানুষ ছিলেন। মানুষ রবীন্দ্রনাথকে এড়িয়ে গিয়ে কবি রবীন্দ্রনাথকে বোঝা খুব কষ্টকর এমনকি অসম্ভব। আমরা নিশ্চয় চাই না খণ্ডিত রবীন্দ্রনাথ আমাদের সামনে উপস্থিত হন। আমরা ব্যক্তি রবীন্দ্রনাথ ও মহৎ সাহিত্যিক রবীন্দ্রনাথের এক ও অভিন্ন সত্তাকে একসঙ্গে দেখতে চাই এবং এটাই শুদ্ধ রবীন্দ্র চর্চাকারীদের আন্তরিক চাওয়া।
আমাদের আরেকটি সংবেদনশীল অনুভূতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনার সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা আবেগে এতই বিহ্বল হয়ে পড়ি যে, ব্যক্তি বঙ্গবন্ধু চাপা পড়ে যান নেতা বঙ্গবন্ধুর ছায়ার নিচে। অথচ ব্যক্তি বঙ্গবন্ধুর জীবন কত বৈচিত্র্যময়, মানবিকতায় পরিপূর্ণ, রসবোধে টইটুম্বুর। তাঁর অনুভূতিতে সাধারণ মানুষের মতো কত উপাদান বহমান। ব্যক্তি মুজিবকে যথাযথ অধ্যয়ন না করলে তাঁর চরিত্রের অন্তর্নিহিত সৌন্দর্য অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন।
বঙ্গবন্ধুর কথা মনে হলেই আমাদের মনে আসে ইতিহাসের বাঁক ঘোরানো বড় বড় মাইলফলকের কথা। রাজনীতিবিদ হওয়ায় তাঁকে হয়তো বাঁকবদলের মুহূর্তেই খোঁজাটা স্বাভাবিক। কিন্তু এ কথাও তো সত্য যে, মানুষের জীবন ও কর্মের সম্মিলিত রূপেই পাওয়া যায় তাঁর সমগ্রকে। শাশ্বত বাঙালির আবেগ, স্বেচ্ছাসেবা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, রবীন্দ্রনাথের মতো জাতি চরিত্রের সবলতা-দুর্বলতার অনুসন্ধান, গুরুজনের প্রতি শ্রদ্ধা, নেতার প্রতি ভক্তিতে অবিচল থাকা, এগুলো হলো ব্যক্তি মুজিব চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু ব্যক্তি মুজিব প্রায় অনুপস্থিত অথবা তাঁর অস্পষ্ট রূপ আমরা দেখতে পাই মুজিব গবেষকদের গবেষণায়।
মুজিবের জীবন কত বৈচিত্র্যময়, যুগপৎভাবে কত সাধারণ ও অসাধারণ, তার প্রমাণ তাঁর রচিত বইয়ের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে। বাবা শেখ লুৎফর রহমানের দলের সঙ্গে ২০ বছর বয়সে কোমর বেঁধে আনুষ্ঠানিক ফুটবল ম্যাচে লড়ে যেতে দেখি আমরা তাঁকে। তাও একদিন নয়, বাবার দলের সঙ্গে পরপর পাঁচ দিন হাড্ডাহাড্ডি লড়াই। একদিকের গোলরক্ষক পিতা, অন্যদিকের গোলরক্ষক ছেলে, যে ছেলে আমৃত্যু বাঙালি জাতির গোলবারের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সেই শেখ মুজিব। বাবা-ছেলের সম্পর্ক কী মধুর। কিন্তু খেলার মাঠে দুজনেরই অবস্থান ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’। বাবার দল হলো, গোপালগঞ্জ অফিসার্স ক্লাব। অফিসার্স ক্লাব গোপালগঞ্জ মিশন স্কুলকে হারানোর জন্য বাইরে থেকে খেলোয়াড় ভাড়া করে নিয়ে আসে। পরপর পাঁচ দিন যখন খেলা ড্র, তখন ষষ্ঠ দিনে শেখ মুজিবের স্কুল দলের এগারোজন খেলোয়াড় ক্লান্ত। এদিকে ভাড়া করা খেলোয়াড়দের ভাড়ার টাকা গুনতে গিয়ে প্রায় ফতুর অফিসার্স ক্লাব। ষষ্ঠ দিনে স্কুল দল খেলবে না, আর অফিসার্স ক্লাবের খেলতেই হবে। এ নিয়ে বাগ্বিতণ্ডা। শেষ পর্যন্ত হাল ধরলেন হেডমাস্টার রসময়বাবু। শেখ মুজিব তো এবার কাবু, হেড স্যারের অনুরোধে খেলতে হলো ষষ্ঠ দিন সকালে। ছেলের দল এক-শূন্য গোলে পরাজিত হলো। প্রতিদ্বন্দ্বিতা, শ্রদ্ধা, ভালোবাসার—এসব কাহিনি আমরা জানতেই পারতাম না, বঙ্গবন্ধু যদি তাঁর আত্মজীবনী লিখে না যেতেন। গবেষকেরা নেতা বঙ্গবন্ধুর কর্মের দিকে শতভাগ দৃষ্টি নিক্ষেপ করে ব্যক্তি বঙ্গবন্ধুর জীবনের এসব আটপৌরে, মানবিক গল্প থেকে আমাদের দীর্ঘদিন বঞ্চিত রেখেছেন। শেষ পর্যন্ত দায় মেটাতে হলো বঙ্গবন্ধুকেই। তাঁর লেখা আত্মজীবনী থেকেই আমরা জানতে পারি ব্যক্তি মুজিবের জীবনের এসব মনকাড়া, আটপৌরে গল্পগুলো।
মানুষ মুজিবের মনুষ্যত্ববোধের প্রথম ঝলক আমরা কোথায় দেখি? তাঁর বাড়ির লজিং মাস্টার আব্দুল হামিদ এমএসসি, ‘মুসলিম সেবা সমিতি’ গঠন করলেন। উদ্দেশ্য দরিদ্র মুসলিম ছাত্রদের বই, পরীক্ষা ও অন্যান্য শিক্ষার খরচ বহন করা। শেখ মুজিব তাঁর দল নিয়ে বাড়ি বাড়ি মুষ্টিভিক্ষার চাল তোলার দায়িত্ব নেন। সেই চাল বিক্রির টাকায় কিছু দরিদ্র মুসলিম শিক্ষার্থীর লেখাপড়ার খরচ চলতে লাগল। যক্ষ্মা তখন ভয়াবহ রোগ। ‘যার হয় যক্ষ্মা, তার নাই রক্ষা’—এমন কথা তখন মানুষের মুখে মুখে। হঠাৎ করে মুজিবের সেই সমাজসেবী শিক্ষক যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। শিক্ষক মারা গেলেও তাঁর এই মহৎ উদ্যোগ কিন্তু থেমে যেতে দেননি শেখ মুজিব। স্বেচ্ছায় মাথায় তুলে নেন মুসলিম সেবা সমতির ভার। তিনি সম্পাদক হয়ে তাঁর মাথার ওপর রাখলেন নিজের একজন শিক্ষককে সভাপতি হিসেবে। মুষ্টিভিক্ষা ও দরিদ্র ছাত্রদের সহায়তা বন্ধ হলো না। শেখ মুজিবের বয়স তখন কত? মাত্র সতেরো বছর। এই বয়সে কতজন বাঙালি এমন উদ্যোগী হয়? ব্যক্তি মুজিবের এমন উদ্যোগগুলো নিয়ে আমাদের অনেক কথাই বলার আছে। আমরা কি বলব? বলবেন কি আগামী দিনের মুজিব গবেষকেরা?
বাবা শেখ লুৎফর রহমান ও শেখ মুজিবের মধ্যে কেমন সম্পর্ক ছিল? ওই যে আমরা বলি বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শকের মতো। বাপ-ছেলের রাজনীতির আলোচনা চলত মধ্যরাত পর্যন্ত। ছেলের রাজনৈতিক চিন্তার প্রতি বাবার সমীহ ছিল অনেক। বাবা-ছেলে আসলে বন্ধুই ছিলেন। বাবা বটবৃক্ষের মতো মমতার ছায়া দিয়ে ছেলেকে আগলে রাখতেন। নেতা হিসেবে শেখ মুজিবের ভক্তি শ্রদ্ধা ছিল অনেকের প্রতিই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে তিনি মান্য করতেন গুরুর মতো। আর একজনের প্রতি তাঁর দুর্বলতা ছিল প্রগাঢ়। তিনি হলেন শেরে বাংলা এ কে ফজলুল হক। বাংলাদেশের মাটি থেকে উঠে আসা নেতা, কৃষক শ্রমিকদের প্রাণের নেতা ছিলেন শেরে বাংলা। আর এ কারণেই শেখ লুৎফর রহমানের পরামর্শ ছিল, ‘বাবা যাহাই কর, হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলিও না। শেরে বাংলা মিছামিছিই “শেরে বাংলা” হন নাই।’ বাংলার মাটি থেকে উঠে আসা এ নেতাকে কখনো ত্যাগ করেননি শেখ মুজিব। পথ, মত ভিন্ন হলেও শ্রদ্ধা কিন্তু অবিচল ছিল। এই হলেন শেখ মুজিব। এই হলো ভিন্নমতের প্রতি তাঁর আস্থা ও ভালোবাসার উদাহরণ।
বঙ্গবন্ধু কারাগারে থাকতেও অনেক মানবিক কাজ করেছেন। সেকালে গরুর বদলে কয়েদিদের দিয়ে ঘানি ঘুরিয়ে তেল সংগ্রহ করা হতো কারাগারে। সরকারের একটি আদেশ ছিল, কয়েদিদের দিয়ে এমন কাজ না করানোর জন্য। কিন্তু জেলার সাহেবেরা এমন কাজ সরকারি সমর্থনেই করে যেতেন। বঙ্গবন্ধু যখন ফরিদপুর জেলে তখন এই অমানবিক কাজ চলত সেখানে। বঙ্গবন্ধু জেলার সাহেবের দৃষ্টি আকর্ষণ করে মানুষকে দিয়ে এমন অমানবিক কাজ বন্ধ করতে বলেন। শেষ পর্যন্ত জেলার সৈয়দ আহমেদ মানুষ দিয়ে ঘানি টানার কাজ বন্ধ করতে বাধ্য হন। ব্যক্তি শেখ মুজিব আজীবনই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। জেলের ভেতরে হোক, দেশের শীর্ষ ক্ষমতাশালী ব্যক্তির সামনে হোক, অন্যায় কখনো প্রশ্রয় পায়নি তাঁর সামনে।
রবীন্দ্রনাথের মতো ব্যক্তি মুজিবও বাঙালি চরিত্রের কিছু দুর্বল দিকের প্রতি নজর দিয়েছিলেন। বাঙালির পরশ্রীকাতরতা তাঁকে দুঃখিত করত। ‘পরশ্রীকাতরতা ও বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধ হয় দুনিয়ার কোনো ভাষায়ই এই কথাটা পাওয়া যাবে না, পরশ্রীকাতরতা।’ রবীন্দ্রনাথ যেমন বাঙালি চরিত্রের এমন ধূসর দিক দেখে আক্ষেপ করে বলছেন, ‘সাত কোটি বাঙালির হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করোনি।’
বঙ্গবন্ধুকে আসলে মূল্যায়ন করার চেষ্টা করেছেন তাঁর সমবয়সী কিংবা কনিষ্ঠ মানুষেরা। তাঁরা অবাক হয়ে তাঁদের ‘মুজিব ভাইকে’ দেখেছেন জাতির পিতা হিসেবে জাতির মধ্যমণিতে রূপান্তরিত হতে। সমকালে নির্মোহ মূল্যায়ন তাই কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। একজন মানুষকে বিচার করতে হয় সামগ্রিকভাবে। সমসাময়িক, পরশ্রীকাতর মূল্যায়নকারীরা তাঁকে নেতা, প্রশাসক নানাভাবে মূল্যায়ন করে খণ্ডবিখণ্ড করেছেন। তাঁরা ভাবেননি যে, প্রখর সূর্যকে ছিনিয়ে আনতে পারে যে মানুষ, তাঁর জীবনের মূল্যায়ন করতে হয় বঙ্গোপসাগরের মতো হৃদয় ধারণ করে। তাঁর মতো করে আর কেউ বাঙালিকে এত ভালোবেসেছে, বিশ্বাস করেছে—এমন মানুষের কথা আমাদের জানা নেই। তিনি তাঁর ভালোবাসা ও বিশ্বাসে আমৃত্যু অটল ছিলেন। আমাদের বিশ্বাস ব্যক্তি বঙ্গবন্ধু, আর নেতা বঙ্গবন্ধুর সামষ্টিক মূল্যায়নের জন্য প্রস্তুত হচ্ছেন আধুনিক মনের, নির্মোহ গবেষকেরা। কারণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এখন তাঁদের কাছে আরও স্বচ্ছ, আরও স্থির আরও স্পষ্ট। আমরা অপেক্ষায় আছি, ব্যক্তি ও নেতা মুজিবের অনিন্দ্য সুন্দর সত্তাকে অখণ্ডভাবে তুলে ধরবেন এ প্রজন্ম কিংবা আগামী প্রজন্মের নির্মোহ গবেষকেরা।