অনিন্দ্যসুন্দর ইয়েলোস্টোন!

প্রকৃতির দুই হাতে বিলিয়ে দেওয়া অনিন্দ্যসুন্দর ইয়েলোস্টোন। এটি উত্তর আমেরিকার ওয়েমিং-মন্টানা ও আইডাহো অঙ্গরাজ্য ঘিরে রয়েছে। সবুজ পাহাড় রাজ্যে যেন একখণ্ড জ্বলন্ত আগুন ‘ইয়েলোস্টোন’! সুপ্ত আগ্নেয়গিরি দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার উৎসুক মানুষের পদভারে প্রাণচঞ্চল থাকে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক।
আমেরিকায় গ্রীষ্মকাল মানে ঘুরে বেড়ানো। মনের ইচ্ছেঘুড়িকে প্রকৃতির খুব কাছে নিয়ে চলা। ইচ্ছাশক্তির ওপর ভর করে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব মিলে ক্যানসাস থেকে কলোরাডো, ওয়েমিং, মন্টানা ও আইডোহা। গত ২৯ জুন ক্যানসাস রাজ্য থেকে আই-৭০ ধরে সোজা ইউটা ছুঁয়ে ওয়েমিং রাজ্যের ক্যাসপার শহরে। ছবির মতো সাজানো-গোছানো ওয়েমিং রাজ্য। ইয়েলোস্টোন ইস্ট গেট দিয়ে ঢুকে গাড়ি ছুটছে তো ছুটছে। দুই ঘণ্টা নানা রঙের পাহাড়ের অপরূপ দৃশ্য দেখে ওয়েস্ট গেট দিয়ে বের হয়ে সোজা কলোরাডো রাজ্যের মারভেল সিটির এভারগ্রিন লেনে বাসায়। তখন সন্ধ্যার রক্তিম আলো পাহাড়ের কোল ঘেঁষে জানালায় উঁকি দিচ্ছিল। উঠানে মায়াবী হরিণ যেন আমাদের অভ্যর্থনায় দাঁড়িয়ে রয়েছে। পাশে বয়ে যাওয়া নদীতে বড়শি নিয়ে মাছ ধরতে নেমে পড়েন রেজা। স্রোতের টানে ফ্লাই ফিশিংয়ে মাছ ধরা মানে সিন্ধুজলে মুক্তা কুড়ানোর মতো। কলোরাডো মারভেল শহরের ছোট্ট গ্রাম পায়োনিয়া। দেখতে বান্দরবানের সাজেক ভ্যালির মতো। থরে থরে সাজানো চেরিফলের গাছে ঝুলছে রক্তলাল চেরি, আপেল, আঙুর। গ্রীষ্মের প্রচণ্ড গরমে তুষার আগলে রাখা পাহাড় হচকিস শহরের মাথার ওপর বিস্ ইন্ডিপেন্ডেন্টস পাস যার দৈর্ঘ্য ১২ হাজার ৯৯৫ ফুট। গাড়িতে সোজা পাহাড়ের চূড়ায়। তাপমাত্রা কমে যাওয়ায় জ্যাকেট গায়ে দিতে হলো। চটজলদি ছবি তুলে পাহাড়ের পাদদেশে আবারও শহরে নেমে আসা।

সে এক নান্দনিক দৃশ্য! যুক্তরাষ্ট্রের ৫০ রাজ্যের চোখা প্রাকৃতিক স্থানের মধ্যে ইয়েলোস্টোন অন্যতম। প্রকৃতিমনা যেকোনো মানুষ জীবনে একবার হলেও খুব কাছ থেকে এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি জীবন্ত ভূপ্রাকৃতিক ঐতিহ্য (ওয়াল্ড হ্যারিটেজ)। খালি চোখে দেখে মনের অজান্তে অনেক শিল্পী রংতুলিতে আঁচড় দিয়ে ইয়েলোস্টোনকে আরও আপন করে নিয়েছেন, যার প্রমাণ পাওয়া যায় ইয়েলেস্টোনকে ঘিরে থাকা তিন রাজ্যের প্রতিটি শহরে। এর মধ্যে কোক সিটি, গার্ডিনার, আইল্যান্ড পার্ক, জেকসন হলি, লিভিং স্টোন, পিটকিন কাউন্টি, বিগ স্কাই, ক্যাস্পার, এসপেইন শহর, হচকিস অন্যতম।
এখানে অফিস-আদালত, আবাসিক-অনাবাসিক এলাকায় ইয়োলেস্টোনকে ঘিরে বাঁধায় শৈল্পিক কারুকাজ দেখা যায়। বিশেষ করে মন্টানা রাজ্যের বিগ স্কাই ও এসপেইন শহর। এ দুটি শহরের পাহাড় যেন গাঢ়সবুজে ঘোমটা মাথায় নববধূ। ধূমকেতুর মতো পাহাড় থেকে নেমে আসা শত শত ঝরনার স্বচ্ছ পানিতে বয়ে যাওয়া নদী ইয়েলোস্টোন যার দৈর্ঘ্য ৬৯২ মাইল। এসব এলাকা বছরে পাঁচ মাস তুষারে ঢেকে থকে। ভরা গ্রীষ্মেও চোখে পড়ে সারি সারি পাহাড়ের চূড়ায় ধবধবে সাদা তুষারখণ্ড। অনেক পর্যটককে ১২-১৩ হাজার ফুট পাহাড়চূড়ায় উঠে তুষার ছুঁতে দেখা যায়।
ডা. সাদেকুল হক, প্রকেশলী রুপন কান্তি দেব, প্রকৌশলী রেজাউর রহিম, প্রিন্স মহিউদ্দিন, আবদুল্লাহ নায়িমসহ একটি টিম পাহাড়চূড়া ছোঁয়ার চেষ্ট করি। হোয়াইট উইং, বোঞ্জমেন ট্রেইল, চ্যালেঞ্জার লিফট, কেসকেড লিফট, পাউয়ার রিজ কেবিন অতিক্রম করে ১১ হাজার ১৬৬ ফুট ওপরে ওঠার চেষ্টা করি। প্রায় ১০ হাজার ফুট ওঠার পর শরীর ঝিমিয়ে পড়ে। এ দীর্ঘ পাহাড়ি পথে ওঠানামায় চোখ আটকে যায় সবুজের কোলে হরিণের ছোটাছুটি, রোদেলা দুপুরে ঘাসের ওপর নানা রঙের বনফুলে। পাহাড়ের ওপর ছবির মতো সাজানো ছোট ছোট গ্রাম। শীতকালে পাহাড়ের চূড়া থেকে তুষার ঠেলে স্কেটিংয়ের জন্য সবুজ পাহাড়ের ওপর থেকে নিচে ঘাসের মাঝে রো করা আছে। অন্যদিকে পাহাড়ের কোলে সুপরিকল্পিতভাবে বানানো হয়েছে কাঠের বাড়িঘর। ইয়েলোস্টোনকে ঘিরে গড়ে ওঠা পাহাড়ের কোলে শহরজুড়ে অসংখ্য সবুজ গাছ নিয়ে এক সমীক্ষায় জানা যায়, এসব এলাকাকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে গাছ প্রতিবছর ৪০ হাজার কোটি ডলার মূল্যমানের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখে। প্রতিটি গাছ ১০০ লিটারের বেশি পানি ধরে রাখতে সক্ষম। তাই পাহাড়ি জলোচ্ছ্বাস থেকে রক্ষা পায় এসব সাজানো শহর। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক ঘিরে নদীর স্বচ্ছ পানিতে হোয়াইট ওয়াটার রেপটিং করতে কার না ভালো লাগে। আমেরিকার নানা রাজ্য থেকে লোকজন এখানে রেপটিং করে। এ ছাড়া হাঁটাপথে পাহাড় ভ্রমণ, সাইকেলে চড়ে পাহাড়ের আকাঁবাঁকা পথে ওঠানামা, ঘোড়ায় চড়ে পাহাড়চূড়ায় ওঠা, রকি মাউন্টেনকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তোলা। এসবই জিপলাইন পাক অ্যাডভেঞ্চার উৎসব হিসেবে পরিচিত।

বিশেষ পোশাক-হেলমেট জুতা, লাইফ জ্যাকেট পরে পাহাড় থেকে ধেয়ে আসা ইয়েলোস্টোন নদীতে রেফটিং করতে ছুটে চলি গাইজার হোয়াইট ওয়াটার এক্সপিডিশন কোম্পানি অফিসে। যথারীতি চেকআউটের পর ১৬-১৭ বছরের টকবগে যুবক রেফটিং করার সাধারণ কৌশল আমাদের শিখিয়ে দেয়। এক বোটে ছয়জন ওঠা যায়। আমরাও ছিলাম ছয়জন।
এরপর স্বচ্ছ নদীর পানিতে দুহাতে দাঁড় বেয়ে দীর্ঘ ১২ মাইল নদীপথ পাড়ি দিই। মাঝে মাঝে মনে হচ্ছিল; পাহাড় থেকে ধেয়ে আসা উত্তাল ঢেউয়ের তোড়ে আমরা পানির নিচে তলিয়ে যাব। হঠাৎ মাথার ওপর দিয়ে শাঁ করে উড়ে গেল ছোট্ট পাখিটি। বোটচালক জানালেন—এটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি হ্যামিং বার্ড। দুই পাহাড়ের মাঝখানে শত বছর আগে নির্মিত সড়কপথ, নৌপথ, অনেক জায়গায় রেলপথও চলে গেছে। পাহাড় থেকে গড়িয়ে পড়া ছোট-বড় পাথুরে নদীর পানিকে আরও উত্তাল করেছে। রেফটিং শেষে অফিসে আসামাত্র সাহসী রেফটিংয়ের নানা পোজে তোলা ছবি চোখের সামনে কম্পিউটার মনিটরে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ে রাত জাগার মজাই আলাদা। অসংখ্য ঝরনার কলতানে রাতের কোনো একসময় যদি ঘুম ভেঙে যায়; রাত হয় আরও দীর্ঘ। ভোরের আলো যতই স্পষ্ট হচ্ছে ততই সবুজ ঘাসে বন্য প্রাণীর আনাগোনা বেড়েছে। মায়াবী হরিণের ছোটাছুটির দৃশ্য মনের কোনায় গেঁথে যাচ্ছিল।
কলোরাডোর মারভেল শহরের এভারগ্রিন লেনে যে বাড়িতে ছিলাম সেই বাড়ির মালিক আকরা স্যামুয়েল জানান, কলোরাডো রাজ্যে প্রতিবছর ৪৮ হাজার মায়াবী হরিণ শিকারির হাতে মারা পড়ে। তবে গত কয়েক বছর ধরে বন্য প্রাণীর দেখা মেলে কম। এর কারণ হিসেবে তিনি বলেন, ইদানীং পাহাড়ি অঞ্চলে মানুষের আনাগোনা বেড়েছে অনেক। ভ্রমণে আমাদের সহযাত্রী রিতুল, জয়ীতা, নায়িমের ইয়েলোস্টোনের অন্যতম বন্য প্রাণী বাইসন দেখা হলো না। তিন হাজার মাইলের দীর্ঘ ভ্রমণে সব সময় সাহস জুগিয়েছেন কাবেরী বেদি ও ফারহানা ভাবি।

আমেরিকার প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন। এতে বেশ কিছু গাইজার রয়েছে। প্রাকৃতিক আশ্চর্য ইয়েলোস্টোন দেখতে দিন দিন পর্যটকের আনাগোনা বাড়ছে। সবশেষ হিসেবে দেখা গেছে, ২০১৬ সালে ইয়োলোস্টোন দেখতে আসা মানুষের সংখ্যা ছিল ৪৩ লাখ। ইউএসজিএসের সাম্প্রতিক ভূতাত্ত্বিক জরিপ থেকে জানা যায়, গেল জুন মাসে দুই সপ্তাহে ইয়োলোস্টোন ন্যাশনাল পার্কের নিচে জীবন্ত সুপ্ত আগ্নেয়গিরিতে ৮৪৮ বার ছোট-বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে হলুদ পাথর কিছুটা সরে গেছে। তবে এটি সাধারণ ঘটনা। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ইউএইচও বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় অধ্যাপক জেমি ফারেল বলেন, হলুদ পাথর কমার ঘটনা সাধারণ। এ ভূমিকম্প ইয়েলোস্টোন ভলকানো অবজারভেটরির একটি নিয়মিত ঘটনা। এভাবে চলতে থাকলে হয়তো লাল পতাকা উঠতে পারে। ফারেল বলেন, আগ্নেয়গিরিটি উড়ে গেলে ভূপৃষ্ঠের আকৃতিতে বড় পরিবর্তন আসতে পারে। জলবিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন ও গ্যাস উত্তোলনে ব্যাপক পরিবর্তন দেখা দিতে পারে।