অনিবন্ধিত শ্রমিকের সুযোগ নিয়েছিলেন ট্রাম্পও
নিউইয়র্ক শহরের ফিফথ অ্যাভিনিউয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ট্রাম্প টাওয়ার। এটি বর্তমান মার্কিন প্রেসিডেন্টের শৌর্যের প্রতীকও। এ স্থানটিতেই আগে ছিল বনউইট টেলার ভবন। ১৯৮০ সালে ওই ভবন ভেঙে নির্মাণ করা হয় এখনকার ৫৮ তলাবিশিষ্ট সুউচ্চ ট্রাম্প টাওয়ার। আর সেই বনউইট টেলার ভবন ভাঙার জন্য অতি নিম্ন মজুরিতে নিয়োগ করা হয়েছিল ২০০ জন অনিবন্ধিত পোলিশ শ্রমিককে। চরম অনিরাপদ পরিবেশে চরম ঝুঁকি নিয়ে উদয়াস্ত খেটেছিলেন তাঁরা। মানা হয়নি কর্মঘণ্টার বিধিবদ্ধ নিয়মও। পরবর্তীকালে এ বিষয়ে জনস্বার্থে করা একটি মামলার নিষ্পত্তিতে ট্রাম্প ব্যয় করেছিলেন ১ মিলিয়ন ডলার। সম্প্রতি অবমুক্ত করা আদালতের এক নথিসূত্রে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে জানানো হয়, বনউইট টেলার ভবন ভাঙার কাজে পোলিশ শ্রমিকদের নিযুক্ত করা হয়েছিল ঘণ্টাপ্রতি মাত্র চার ডলার মজুরিতে। এ পরিমাণ ছিল সে সময়ের ন্যূনতম মজুরির অর্ধেকেরও কম। ঝুঁকিপূর্ণ এ কাজে তাদের নিরাপত্তার জন্য সরবরাহ করা হয়নি কোনো হেলমেট, গ্লাভস কিংবা নিরাপদ চশমা। এ বিষয়ে পরবর্তীকালে জনস্বার্থে একটি মামলা করা হয়। কোনো মামলার নিষ্পত্তির অতীত রেকর্ড না থাকলেও একরকম বাধ্য হয়েই ১৯৯৮ সালে ট্রাম্প এ মামলার নিষ্পত্তি করেন অনেকটা গোপনে।
প্রায় ২০ বছর ধরে সেই মামলার নিষ্পত্তির সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় অন্ধকারেই ছিল। গত সপ্তাহে আমেরিকার ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক লরেট্টা এ প্রেসকা এ–সম্পর্কিত তথ্য অবমুক্ত করেন। টাইম ইনকরপোরেশন ও রিপোর্টার্স কমিটি ফর ফ্রিডম অব দ্য প্রেসের ২০১৬ সালে করা এক আবেদনে সাড়া দিয়ে তিনি এ তথ্য প্রকাশ করেন।
নির্বাচনী প্রচারের সময় থেকে শুরু করে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর পর্যন্ত ট্রাম্প অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন। এখন পর্যন্ত তিনি অভিবাসনবিরোধী অবস্থান থেকে একটুও সরে আসেননি। এরই মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের নাগরিকের ওপর আমেরিকা ভ্রমণে দিয়েছেন নিষেধাজ্ঞা। ড্রিমার অ্যাক্ট বাতিল থেকে শুরু করে নিয়েছেন আরও অসংখ্য অভিবাসীবিরোধী পদক্ষেপ। কিন্তু শোষণের অভিযোগে হওয়া ওই মামলা এবং এর নিষ্পত্তি দুটিই তাঁর অনিবন্ধিত অভিবাসীদের দুর্বলতার সুযোগ নেওয়ার প্রমাণ বহন করছে।
রিপোর্টার্স কমিটির আইন–সম্পর্কিত পরিচালক ক্যাটি টাউনসেন্ড বলেন, ‘বিচারক প্রেসকার প্রকাশিত ২১ পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছেন। এতে তিনি বলেছেন, জনস্বার্থে নেওয়া কোনো পদক্ষেপের কারণে গৃহীত বিরোধ নিষ্পত্তি–সম্পর্কিত নথি জনগণের পাওয়ার অধিকার রয়েছে। সাধারণ আইনি অধিকার ও সংবিধানের প্রথম সংশোধনী এ অধিকার নিশ্চিত করেছে।’
এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পক্ষের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পায়নি নিউইয়র্ক টাইমস।
প্রকাশিত নথি থেকে জানা গেছে, হার্ডি বনাম কাসজিসকি নামে পরিচিত ওই মামলার নিষ্পত্তিতে ডোনাল্ড ট্রাম্প মোট ১ দশমিক ৩৭৫ মিলিয়ন ডলার দিয়েছিলেন। এর মধ্যে ৫ লাখ ডলার ইউনিয়ন তহবিলে এবং বাকি অর্থ আইনজীবীদের সম্মানী ও অন্যান্য খরচ হিসেবে দেওয়া হয়। সে সময় ইউনিয়নের পক্ষের এক আইনজীবী এই অর্থ দুই সপ্তাহের মধ্যে হস্তান্তরের দাবি করেছিলেন। কিন্তু এর বিপরীতে ট্রাম্প বলেছিলেন, ‘এক মাস স্বাভাবিক সময়।’
বনউইট টেলার ভবনটি ভাঙার জন্য ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন এক অনভিজ্ঞ ঠিকাদারকে। উইলিয়াম কাসজিসকি নামের ওই ঠিকাদারকে তিনি নিযুক্ত করেছিলেন ৭ লাখ ৭৫ হাজার ডলারের বিনিময়ে। আর ওই ঠিকাদারই নিয়োগ দিয়েছিলেন অনিবন্ধিত অভিবাসী শ্রমিকদের। এ যুক্তি উপস্থাপন করে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, তিনি এ ধরনের নিয়োগ সম্পর্কে জানতেন না। কিন্তু সে সময় ওই কাজে ফোরম্যানের দায়িত্ব পালন করা জিগনিউ গোরিন বলেন, নির্মাণ স্থানটি পরিদর্শনে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এমনকি সেই পোলিশ শ্রমিকদের প্রশংসাও করেছিলেন। তাঁদের কঠোর পরিশ্রম তাঁকে মুগ্ধ করেছিল।
আরেক শ্রমিক অ্যাডাম ম্রোয়িচ বলেন, ‘সে সময় ইউনিয়নের শ্রমিকেরা আমাদের নিয়ে হাসাহাসি করত। কারণ, সত্যিকারের মজুরি অনেক বেশি ছিল। এত কম মজুরিতে কাজ করায় তারা আমাদের বোকা পোলিশ বলে খেপাত।’
আরেক শ্রমিক কোজাকের বর্তমানে বয়স ৭৫ বছর। সে সময়ের কথা এখনো মনে করতে পারেন তিনি। কোজাক বলেন, ‘ভয়াবহ পরিবেশে আমরা কাজ করেছি। প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হতো আমাদের। ঘণ্টাপ্রতি মাত্র ৪ ডলার মজুরিতে। যেহেতু আমি এসিটিলিন টর্চ নিয়ে কাজ করতাম, তাই আমার মজুরি ছিল ঘণ্টায় ৫ ডলার। কোনো মাস্ক ছিল না আমাদের। আমরা ছিলাম ভীতসন্ত্রস্ত অনিবন্ধিত অভিবাসী। নিজেদের অধিকার সম্পর্কেও ভালো ধারণা ছিল না আমাদের।’
কিন্তু এত কম মজুরিও দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কাসজিসকি। ফলে শ্রমিকেরা শরণাপন্ন হন আইনজীবী জন সাবোর। তিনি ট্রাম্প অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট থমাস ম্যাকারির কাছে যান। পরে ম্যাকারি শ্রমিকদের মজুরি পরিশোধের দায়িত্ব নেন। কিন্তু মাঝে কাজ বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করাটা অনেক কঠিন হয়ে গিয়েছিল তত দিনে। এ বিষয়ে আদালতে দেওয়া সাক্ষ্যে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতিতে নির্মাণাধীন ট্রাম্প টাওয়ার পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প এবং নিজেই শ্রমিক মজুরি পরিশোধের ঘোষণা দেন।
জন সাবো পরবর্তী সময়ে কাসজিসকির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিলে তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে অভিবাসন বিভাগে যোগাযোগ করে অনিবন্ধিত ওই অভিবাসী শ্রমিকদের আমেরিকা থেকে বিতাড়নেরও চেষ্টা করা হয়।