অনিয়ম পেলে ফিউনারেল হোমকে ছাড় নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিসের সামনে লাশবাহী গাড়ি। ছবি: রয়টার্স
অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিসের সামনে লাশবাহী গাড়ি। ছবি: রয়টার্স

নিউইয়র্কের ফিউনারেল হোমে ট্রাকের মধ্যে বিপুলসংখ্যক মৃত দেহ পাওয়ার পর আমেরিকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এতে টনক নড়েছে কর্তৃপক্ষের। রাজ্য কর্তৃপক্ষ বলছে, এ ঘটনা প্রমাণ হলে কঠোর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে। যে ফিউনারেল হোমের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাক ভাড়া দেওয়ার কোম্পানি ইউ হোল বলেছে, তারা ওই ফিউনারেল হোমকে আর কখনো ট্রাক ভাড়া দেবে না।
নিউইয়র্কের ব্রুকলিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া অর্ধশতাধিক মানুষের মরদেহ সাধারণ পরিবহন ট্রাকে স্তূপ করে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফ্রিজার ট্রাকের পাশে স্তূপ করে রাখা এসব মরদেহ থেকে গন্ধ বেরিয়ে আসছিল। করোনায় সংক্রমিত হয়ে বেশি মৃত্যু হওয়া নগরী নিউইয়র্কে এমন এক নিষ্ঠুর বাস্তবতার তদন্তে নেমেছে পুলিশ।
২৯ এপ্রিল ফিউনারেল হোমের আশপাশের বাসিন্দাদের অভিযোগ পেয়ে ব্রুকলিনের অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় নগরের পুলিশ বিভাগ। সেখানে দেখা গেছে, ইউ হোলের সাধারণ ট্রাকে মরদেহ রাখা আছে। কোনো ফ্রিজার ছাড়া দীর্ঘ সময় থেকে পড়ে থাকা এসব মৃতদেহ থেকে গন্ধ বের হচ্ছে। পাশে ফ্রিজার ট্রাকেও কিছু মৃতদেহ আছে। ভবনের ভেতরে গিয়েও বেশ কিছু মৃতদেহ এমন করে ফেলে রাখতে দেখেছে পুলিশ।
ইউ হোল কোম্পানি আমেরিকার বহুল পরিচিত একটি প্রতিষ্ঠান। ৩০ এপ্রিল জানিয়েছে, ট্রাক ভাড়া দেওয়া হয় সাধারণ মালামাল পরিবহনের জন্য। এসব ট্রাকে মরদেহ পরিবহনের সংবাদে বিস্ময় প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তারা অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিস নামের ফিউনারেল হোমের সঙ্গে সব বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নিউইয়র্ক রাজ্যের স্বাস্থ্য কমিশনার হাওয়ার্ড জুকার গত ৩০ এপ্রিল বলেছেন, অ্যান্ড্রু ক্লিকলি ফিউনারেল সার্ভিসকে জরিমানা করা হবে। একই সঙ্গে তাদের কার্যক্রম সাময়িক স্থগিত রাখাও হতে পারে।
রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, রাজ্যের সব ফিউনারেল হোমকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এহেন কোন আচরণ আর বরদাশত করা হবে না।
নিউইয়র্কসহ আমেরিকাজুড়ে ফিউনারেল হোম একটি লাভজনক ব্যবসা। ফিউনারেল হোম পরিচালনার জন্য রীতিমতো লাইসেন্স নিতে হয়। ফিউনারেল ডিরেক্টর হিসেবে লাইসেন্স পাওয়ার জন্য নির্ধারিত কোর্স করে পরীক্ষা পাস করতে হয়। মৃত্যুর পর, কখনো এখানে কারও বাসাবাড়িতে মরদেহ নিয়ে আসা বা শেষকৃত্যের জন্য অপেক্ষমাণ রাখার কোন সুযোগ নেই। মৃত্যুর পর আইনগত প্রক্রিয়ায় যেকোনো মরদেহ দ্রুত ফিউনারেল হোমে চলে যায়। ফিউনারেল হোমের মাধ্যমেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন হয়।
করোনার কারণে নিউইয়র্কের মৃতুর সংখ্যা এতটাই বেড়ে গিয়েছিল যে ফিউনারেল হোমগুলো মরদেহের শেষকৃত্যও করতে গিয়ে হিমশিম খেতে থাকে। নিউইয়র্ক নগরের কেন্দ্রীয় মর্গ ও মেডিকেল এক্সামিনারের অফিস ৩০ অ্যাভিনিউ এবং ফার্স্ট অ্যাভিনিউ এলাকায়। সেখানে গত দুই মাস থেকে পাহারায় আছেন এমন একজনের সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে কথা বলে জানা গেছে ট্রাকের পর ট্রাকের আশা যাওয়ার কথা। গত দুই সপ্তাহ থেকে ট্রাকের এবং ফিউনারেল হোমের চিহ্নিত গাড়ির আসা–যাওয়া কমেছে বলে তিনি জানান।
এখনো বহু মৃতদেহ কেন্দ্রীয় মর্গে শেষকৃত্যের অপেক্ষয় আছে। নগরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, করোনা রোগীর কোন স্বজনের সন্ধান না পেলে এসব মরদেহ নগরীর উদ্যোগেই কবর দেওয়া হবে।