সংগঠনের কার্যকরী পরিষদের অনিয়ম, গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগসহ বিতর্ক ও তুমুল হট্টগোলের মধ্যে দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০১৯ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের স্থায়ী ভবন ক্রয় ও নির্বাহী কমিটির মেয়াদকাল দুই বছর করার সিদ্ধান্ত হয়েছে। সভায় সদস্যরা অ্যাসোসিয়েশনকে রাজনীতিকরণ না করাসহ সদস্যদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি জোরদার ও সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির মাধ্যমে আরও শক্তিশালী

করার ওপরও গুরুত্বারোপ করেছেন।
২৭ জানুয়ারি সন্ধ্যায় সিটির এস্টোরিয়ায় জালালাবাদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। সভা মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি ও অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ সচিব জহুরুল হক চৌধুরী, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও বদরুন নাহার মিতা, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান বোরহান ও আবদুল হাসিম হাসনু, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাসিব মামুন ও আতাউর রহমান সেলিম। সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী। সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও বার্ষিক হিসাব-নিকাশ দেন যথাক্রমে জুয়েল চৌধুরী ও আতাউল গনি আসাদ।

আলোচনায় প্রস্তাব নিয়ে কথা বলেন, কামাল আহমদ, আজমল হুসেইন কুনু, জিল্লুর রহমান, মকবুল রহিম চুনই, আব্দুল হাসিব মামুন, আজিমুর রহমান বুরহান, মোস্তফা কামাল, আহবাব আহমেদ চৌধুরী, শেখ আতিকুল ইসলাম, তফিকুল বারী চৌধুরী, এবাদ চৌধুরী, আবদুল করিম, তোফায়েল আহমেদ চৌধুরী, মোক্ষণ মিয়া, আবদুর রহমান, আতাউর রহমান সেলিম, হেলাল শেখ, মিজানুর রহমান, বদরুন নাহার মিতা, রনেল চৌধুরী।
অনেকেই অভিযোগ করে বলেন, গত কয়েক বছর থেকেই সংগঠনটি ঝিমিয়ে পড়েছিল। চলে আসছিল গঠনতন্ত্র বিরোধী কার্যক্রম। বিভিন্ন অভিযোগ অনিয়ম নিয়ে মুক্ত আলোচনায়, বহু বছর পরে বিপুলসংখ্যক সাবেক নেতা-কর্মী অংশ নেন। গত কয়েক বছরের সাধারণ সভা হাতেগোনা কয়েকজনের অংশগ্রহণে সম্পন্ন হয়েছে। ফলে ইচ্ছেমতো গঠনতন্ত্রের সংশোধন বা সংযোজন করা হয় বলে অভিযোগ ওঠে। সংগঠন জন্মের পর থেকে প্রতি দু’বছর অন্তর নির্বাচনের নিয়ম থাকলেও সাবেক সভাপতি জনউদ্দিন সেটাকে তিন বছরে নিয়ে আসেন। যদিও সাধারণ সভায় অনুমোদন সাপেক্ষে উল্লেখ রয়েছে। কিন্তু হাতে গোনা কয়েকজন সাধারণ সদস্যের অনুমোদন কেউই মেনে নেননি। সবার দাবির পরিপ্রেক্ষিতে আবার প্রতি দু’বছর অন্তর সংগঠনের নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। সংগঠনের ভবন ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত রাখা, রাজনৈতিক কোনো ব্যক্তিকে অভিনন্দন থেকে বিরত থাকা, বিগত বছরগুলোর হিসাব-নিকাশ প্রকাশ করা, সংগঠনকে গতিশীল করার প্রতি মনোযোগী হওয়ার জন্য সদস্যরা আহ্বান দেন।
কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ তাঁর প্রতিবেদনে ২০১৮ সালের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে সংগঠনের সম্পদ রয়েছে ৮০ হাজার ৭৫০ ডলার এবং ব্যাংকে গচ্ছিত আছে ২ লাখ ২৬ হাজার ৫৪১ ডলার ৮৮ সেন্ট। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইফতার ও দোয়া মাহফিলে ব্যয় হয়েছে ৩ হাজার ৫০ ডলার। অফিস ভাড়া ও মেইনটেন্যান্স বাবদ ব্যয় ১৮ হাজার ১৫০ ডলার। জেনারেল এম এ জি ওসমানীর শতবর্ষ জন্মবার্ষিকী অনুষ্ঠান বাবদ ব্যয় হয়েছে ২ হাজার ৬০০ ডলার। অন্যান্য ব্যয় (মিডিয়ায় বিজ্ঞাপন ও প্রিন্টিং) ৫ হাজার ১৪০ ডলার এবং বিজয় দিবস পালন বাবদ ব্যয় হয়েছে এক হাজার ২০০ ডলার। আপ্যায়নে মধ্য দিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘটে।