অনু গল্প
>অনুগল্পের ফেব্রুয়ারি সংখ্যাটি আমরা রাঙিয়ে ছিলাম ভালোবাসার লাল, নীল, গোলাপি রঙে। পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাভাষী গল্পকারেরা পাঠিয়েছিলেন তাঁদের লেখা ভালোবাসার আনন্দ, বেদনা, হতাশার কাব্যগাথা। শীতের তীব্রতা কমে আসছে। প্রকৃতিতে ফাগুনের ছোঁয়া। বাতাসে বুনোফুলের তীব্র গন্ধ। এখন বসন্ত। দখিনা বাতাসে ভালোবাসার পরশ।
সূর্যের মিঠেকড়া রোদের মতোই এখনো আমাদের অনুগল্পের ঝুড়িতে রয়ে গেছে আরও একগুচ্ছ ভালোবাসার গল্প। তাই মার্চ সংখ্যাটিও আমরা সাজালাম ফাগুনের রঙে। সঙ্গে দু–একটি ভিন্ন স্বাদের গল্প। আশা করছি, খুদে খুদে, টক, ঝাল, মিষ্টি রসে ভরা এসব গল্প এবারও মুগ্ধ করবে আগ্রহী পাঠকদের—শেলী জামান খান
একগোছা ভায়োলেট
ফরহাদ হোসেন
মেয়েটি একটি চিঠি লিখল, ‘আমি আসছি, বিয়ে করব! বিয়ে করার মত টাকা আছে তোমার কাছে?’
ছেলেটি সবে গ্র্যাজুয়েশন শেষ করে একটা মাল্টি-ন্যাশনাল কোম্পানিতে জয়েন করেছে। বেতন মাত্র ৬ হাজার টাকা। এক বছরও হয়নি চাকরি। এর মধ্যে বিয়ে করার মত টাকা! চেক বইয়ের হিসাব মিলিয়ে দেখল, বিশ হাজার টাকার মতো আছে।
মেয়েটি আরও লিখেছে, ‘আমার ভাই-বোনেরা কেউ রাজি না। শুধু ছোট বোন ছাড়া। মা-ও রাজি না। তবে আমার জিদের কাছে হার মেনে আশা ছেড়ে দিয়েছে। বলেছে, তোমার কপাল যদি তুমি পোড়াতে চাও, আমাদের আর কী করার আছে? ওই ছেলেকে যদি বিয়ে করো, তবে তোমার নিজ দায়িত্বে একা একা-ই করতে হবে। আমরা কেউ তোমার সঙ্গে থাকব না।’
মেয়েটি স্বপ্নের আমেরিকার নিশ্চিত ভবিষ্যতের কথা না ভেবে একা একাই শুরু করল এক অনিশ্চিত যাত্রা। দেশে ফিরে গেল সে একাই। দেখা করল ছেলেটির সঙ্গে। তারা সিদ্ধান্ত নিল বিয়ে করার। বিয়ে হল, কাজী অফিসে।
মেয়েটি কামড় বসাল। যেই সেই কামড় না। একেবারে কচ্ছপের কামড়! সেই যে কামড় দিয়েছে, আর ছাড়াছাড়ি নাই। কত টর্নেডো-টুইষ্টার চলে গেল জীবনের ওপর দিয়ে, অথচ সে থাকল অবিচল, অনড়।
এক বুক অভিমান নিয়ে কী মায়ায় এতগুলো বছর কাটিয়ে দিল মেয়েটি—কে জানে।
আজ মেয়েটির চোখ ভরা পানি। তার গাল বেয়ে সেই পানি ঝরে ঝরে পড়ছে। নির্বাক অভিমানের অশ্রু। একটা সোনালি কাঠের কফিনে সাদা পোশাকে নিথর শুয়ে আছে ছেলেটি। তার পাশেই একটা ফুলদানিতে রাখা শুকিয়ে যাওয়া একগোছা ভায়োলেট ফুল।
পরিচয়ের প্রথম ভ্যালেনটাইন ডে’তে মেয়েটিকে একগোছা ভায়োলেট ফুল এনে দিয়েছিল ছেলেটি।

বলিউডি হরর
শেলী জামান খান
দোয়েজ ও তার স্বামী বুধিদাত বাস করে কুইন্সের একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে। ওজোন পার্কের জেমিনি আলট্রা লাউঞ্জে দোয়েজ বারটেন্ডার হিসেবে কাজ করে। সাতাশ বছর বয়সী দোয়েজ হিন্দি হার্টথ্রব নায়ক হৃতিক রোশনের বড় ফ্যান। হৃতিকের মনোমুগ্ধকর অভিনয়, নাচ ও সৌন্দর্যে সে মুগ্ধ। দোয়েজের প্রিয় সিনেমা ছিল ‘কহো না পেয়ার হ্যাঁয়’।
এই নির্দোষ মোহই তার স্বামী, তেত্রিশ বছর বয়সী বুধিদাতকে অভিমানী করে তুলেছিল।
হাজার হাজার মাইল দূরের ভারতীয় অভিনেতাকে ‘প্রতিদ্বন্দ্বী প্রেমিক’ কল্পনা করে, ধীরে ধীরে স্ত্রীর প্রতি প্রবল ঈর্ষাকাতর হয়ে উঠেছিল বুধিধাত।
বুধিদাত তার স্ত্রী দোয়েজকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত। তবে সেই ভালোবাসা ছিল অন্ধ ও বধির। বারটেন্ডার চাকরিতে দোয়েজের লাস্যময়ী চেহারা ও সেক্সি ফিগারের কারণে বারে আসা লোকজনও তাকে খুব পছন্দ করত। সে কারণে টিপসভিত্তিক এই জবে তার অর্থ উপার্জনও বেশ ভালোই ছিল। এই ব্যাপারগুলোও বুধিদাতকে আরও ঈর্ষান্বিত ও ক্ষুব্ধ করে তুলছিল।
দোয়েজ বন্ধুদের কাছে প্রায়ই বলত, বুধিদাত কীভাবে সব সময় তাকে নিয়ন্ত্রণ করতে চায়। মাঝেমধ্যেই সে খুব হিংস্র আচরণও করে। ক্ষিপ্ত হয়ে উঠলে বুধিদাত তাকে গালিগালাজ, মারধর এমনকি হত্যার হুমকিও দেয়। কিন্তু দোয়েজ এসবকে কখনো খুব বেশি গুরুত্ব দেয় না। কারণ সেও বুধিদাতকে খুব ভালোবাসে। মন ভালো থাকলে বুধিদাত সোহাগ করে দোয়েজকে কানায় কানায় ভরে তোলে।
একদিন সন্ধ্যায় বুধিদাত তার শ্যালিকাকে টেক্সট করে জানাল, ‘আমি দোয়েজকে হত্যা করেছি। অ্যাপার্টমেন্টের চাবিটি মেইন দরজার পাশের ফুলের টবের নিচে পাওয়া যাবে।’
দোয়েজের বোন পাগলের মত ছুটে এল। দেখল, বুধিদাত তার প্রিয়তমা দোয়েজকে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধুরা বলল, দোয়েজ যেমন সুন্দরী তেমনি মিষ্টি স্বভাবের একটি মেয়ে ছিল। সে বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী ছিল। ওর স্বামী একটা কাপুরুষ। কাপুরুষ ছাড়া কে এমন কাজ করে? মেয়েদের গায়ে হাত তোলা খুবই কাপুরুষোচিত একটি কাজ। সে যা করেছে, তা অবিশ্বাস্য। এমনিটি করার কোনো অধিকার তার ছিল না।
পরে জানা গেল, প্রিয়তমাকে হত্যার পর বুধিদাত তার লাশ ঘরে ফেলে রেখে নিকটবর্তী হাওয়ার্ড বিচে গিয়ে সেখানকার একটি গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে!
পেঁপে গাছের প্রেম
স্বপন বিশ্বাস
আশ্বিনে উত্তরের শিরশিরে ঠান্ডা বাতাস। বাড়ির সামনে পায়ে হাঁটা রাস্তার পাশ দিয়ে পাঁচটা পেঁপের চারা গজিয়েছে। হেমন্তের মেঘগুলো নীল আকাশে ভেসে বেড়ায়। সকালের মিষ্টি মিষ্টি রোদ এসে চারাগুলোর চোখেমুখে লাগে। পেঁপে গাছের শৈশবটা বড়ই মধুর। একটু বড় হতেই পৌষ মাসের শীত শুরু হয়। তখন গাছগুলোর কিশোর বয়স। বেশ ঘটঘট চেহারা। সবাই খুব আদর সোহাগ করে। রাতের শিশিরে তাদের শরীর ভিজে যায়। আবার দিনের রোদে ঝলমল করে ওঠে।
বাড়ির মেয়েটা গাছগুলোর পাশে দাঁড়িয়ে প্রেম করে পাশের বাড়ির ছেলেটার সঙ্গে। গাছগুলো বাতাসে দুলতে থাকে। শীতের শেষে যখন পেঁপে গাছগুলোতে ফুল আসা শুরু হল তখন জানা গেল দক্ষিণের গাছটা পুরুষ। সবার মনেই তখন প্রেমের উন্মাদনা। স্ত্রী-ফুলগুলো পুরুষ ফুলগুলোর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। তখনো বাতাসের দিক পরিবর্তন শুরু হয়নি। ফুলগুলো বিরহে কাতর হয়ে পড়ে।
বাড়ির মেয়েটা চুটিয়ে প্রেম করে যাচ্ছে। গাছগুলোর খুব হিংসা হয়। বসন্তের শুরুতে একদিন পাশের বাড়ির ছেলেটা এক তোড়া গোলাপ এনে মেয়েটার হাতে দেয়। সেদিন দক্ষিণ দিক থেকে হাওয়া আসে। হাওয়ায় পরাগ রেণু ছড়ায়। মেয়েটা গুনগুন করে গান গায়, ‘শোন গো দখিনা হাওয়া, প্রেম করেছি আমি.... ।’ গাছগুলো মেয়েটার সুরের তালে তালে নেচে ওঠে। বাতাসে তখন ভালোবাসার ঘ্রাণ!

বেহুলা সুন্দরী
রওশন হাসান
বইমেলা থেকে ধানমন্ডিতে যাব। একটি বাহন খুঁজছিলাম। হঠাৎ একটি সিএনজি সামনে এসে থামল। চালক বলল, ‘আফা যাইবেন?’ ঝটপট সিএনজিতে চড়ে বসলাম। পথে চালক বলল, ‘আফা, গাড়ি আপনার পছন্দ হইছে? এই গাড়ির মালিক হইল বেহুলা সুন্দরী। সওয়ারি গাড়ি পছন্দ না করলে বেহুলা খুব রাগ করে।’
এবার আমি একটু অবাক হলাম। বললাম, ‘গাড়ির মালিক বেহুলা সুন্দরী? কে সে?’
‘মালকিন আমার স্ত্রী’ বলে সে একটু রহস্যময় হাসল।
আমি সিএনজির অদ্ভুত সাজসজ্জার দিকে মনোযোগ দিলাম। অবাক হয়ে দেখলাম, যাত্রী বসার সিটের সামনে আয়না, চিরুনি, রঙিন ফিতা, ক্লিপ, পুঁতির মালা, প্লাস্টিকের ফুল, পুতুল আরও কত কী! এ যেন একটি সাজঘর। সিএনজির ভেতরের মত বাইরেটাও বেশ নতুন, চকচকে। বর্ণিল সাজে সজ্জিত। চালকের মাথার ওপরে ছোট্ট স্ক্রিনে চলছে হিন্দি গানের মিউটেড নাচ। সিএনজির দরজা সংলগ্ন শক্ত করে বাঁধা একটি ক্যাসেট প্লেয়ারে বাজছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ‘চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি’।
চালক জানাল, সে নিজেই বিভিন্ন স্থান থেকে এসব বাহারি জিনিস কিনে সিএনজিটি সাজিয়েছে। সিএনজির নামকরণ করেছে প্রিয়তমা স্ত্রীর নামে ‘বেহুলা সুন্দরী’। তার স্ত্রী সাজতে খুব ভালোবাসত। সংগত কারণেই নারী যাত্রীরাই তার সিএনজি বেশি পছন্দ করে। উচ্চগ্রামের গান ও সিএনজির অভিনব সৌন্দর্যে পাশ থেকে যাওয়া যানবাহনের যাত্রী ও পথচারীরা ভেতরে উঁকি দিয়ে আমাকে দেখার চেষ্টা করছিল।
আমি ‘বেহুলা সুন্দরী’–এর সওয়ারি। বাইরে বসন্ত মন্দিরা ঋতু। সঙ্গে বইমেলার সুবাসিত নতুন বই। অচেনা একটা সুবাস এসে নাকে লাগল। একটা ঘোর লাগা রহস্যময়তা আমায় আবিষ্ট করে তুলল। আমার ঠিক পাশেই কারও অশরীরী উপস্থিতি অনুভব করলাম। অদ্ভুত একটা শিহরণ খেলে গেল আমার শরীরে।
হঠাৎ আমাকে চমকে দিয়ে সিএনজিটি ব্রেক কষে থেমে যেতেই দেখলাম, নিজের গন্তব্যে চলে এসেছি। চালক তার বিজনেস কার্ডটি আমার হাতে দিয়ে বললে, ‘আপা, বেহুলা আপনাকে পছন্দ করেছে। তাই খুশি মনে আপনার পাশে বসে আছে। পছন্দ না হলে এতক্ষণে আপনাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিত। আবার কোথাও গেলে আমাকে কল দিয়েন।’
সিএনজি থেকে নামতে গিয়ে চমকে উঠলাম। আমার ঠিক পাশেই বসে আছে এক আবছায়া নারীমূর্তি। বেহুলা সুন্দরী!
সময়
মাহমুদুল হক চৌধুরী
ফোর টোয়েন্টি ফিফ্থ অ্যাভিনিউ থেকে আগেও মারিয়াকে নিয়েছি নিউজার্সির ডুনেলেন ট্রেন স্টেশনে। হাইওয়েতে ঘণ্টাখানেকের রাস্তা। পেছনে ল্যাপটপ নিয়ে চুপচাপ বসে থাকে। আজকে লিংকন টানেলে ঢোকার আগে ৩৭ স্ট্রিট থেকে নাইন্থ অ্যাভিনিউতে যেই লেফট টার্ন নেব, একজন পথচারী সেলফোনে কথা বলে অন্যমনস্কভাবে একেবারে গাড়ির সামনে এসে হাজির। হার্ড ব্রেক করলাম।
‘সরি মিস মারিয়া, পথচারীটি আরেকটু হলেই একেবারে গাড়ির ওপরে এসে পড়েছিল। আর ইউ ওকে?’
‘আই আ্যাম ফাইন। ডোন্ট ওয়ারি!’
‘তুমি ডাউনটাউনে আজ কেন এসেছিলে?’
‘আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার ছিল। অথচ আজকে সম্পর্কটাই ভেঙে গেল!’
মারিয়ার বয়স ত্রিশের একটু বেশি। যেন কোন এক গ্রিক রাজকন্যা। হাসলে এখনো মুক্তো ঝরে।
আগের বয়ফ্রেন্ডদের সঙ্গে বিয়ের কথা কখনো ভাবেনি। বলল, আজকের ফ্রেন্ডটি দুসন্তানের বাবা ও টাক মাথা। ডিনারের সময় ঘুরেফিরে শুধু সন্তানের কথাই বলছিল।
বল, আমি কি এসব শুনতে গেছি?
সেই মুহূর্তে কি বলব সঠিক শব্দ খুঁজে পাচ্ছিলাম না।
‘ডু ইয়ু রিগ্রেট পর নট মেরিং ইয়েট?’
‘নান অব মাই ফ্রেন্ডস ওয়াজ রেডি ফর ম্যারেজ। দেটস নট ইভেন ইন আওয়ার মাইন্ড।’
মারিয়া মা-বাবার সঙ্গে থাকে। আগে ম্যানহাটনে স্টুডিও নিয়ে থাকত। খুব ব্যয়বহুল। নিউজার্সিতে মা-বাবার প্যালেসের মতো বাড়ি। ভাই থাকে অন্য স্টেটে। মেরিয়া ডুনেলেন থেকে ম্যানহাটনে আসে। ভোর ছয়টার ট্রেন ধরতে হয়। ছোটবেলাটা অ্যাস্টোরিয়ায় কেটেছে। পুরোটাই ছিল গ্রিক নেইবারহুড। ‘কেন যে বাবা-মা প্রাসাদসম বাড়ি কিনে নিউজার্সি এল?’ মারিয়ার কথায় উদ্বেগের আভাস।
অন্য ইউরোপীয়দের তুলনায় গ্রীকরা অনেক কনজারভেটিভ। চালচলন ও বেশভূষায় নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে চলে।
‘এভরিবডি ডাজ মিস্টেক। প্রবাবলি ইটস এ প্রসেস অব লাইফ’—নীরবতা ভেঙে বললাম।
মারিয়া কোনো উত্তর দিল না।
সময়ের কাজ সময়মতো না করলে জীবনে দুর্ভোগ নেমে আসে। এই সত্যটি উপলব্ধির জন্য সেই সময় পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়। সবই নিয়তি। মারিয়াকে এপোসতোলাসকে নামিয়ে দিলাম। নির্জন ট্রেন স্টেশনের নির্জন পার্কিং লট। মারিয়ার সাদা ইউএসভি মার্সিডিজটি একমাত্র দাঁড়িয়ে আছে সেখানে। গাড়ি স্টার্ট দেওয়া পর্যন্ত অপেক্ষায় থাকলাম। যাত্রীর নিরাপত্তার জন্য একটু দেরি করা অভ্যাস হয়ে গেছে।
এই ফাঁকে ট্যাবলেটে জবটা কমপ্লিট করে নিলাম।
পিচ্চি মিতা!
হাসান মাহমুদ
অনেক আগে যখন ফেসবুক ছিল না, ইমেইল পেলাম—‘আমার নাম এই, আমি ক্লাস নাইনে পড়ি। আমি পেন ফ্রেন্ড করি, অনেক দেশে আমার মিতা আছে, তুমি আমার মিতা হবে?’ বললাম-‘আচ্ছা, হলাম’! এরপর পিচ্চি আমাকে ইমেইল করল, কিন্তু ব্যস্ততার জন্য জবাব দিতে পারলাম না। মেয়ে আমাকে ইমেইল করে করে শেষে ক্ষান্ত দিল। কয়েক বছর পরে ইমেইল পেলাম, ‘মিতা! আমাকে মনে আছে? আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি’!
জবাব দিলাম, ‘বাহ, বাহ, তোমার নামটা যেন কি’? মেয়ে ফেটে পড়ল, ‘কি? তুমি আমার নাম ভুলে গেছ? কেমন মিতা তুমি? আমি আর কোনো দিন তোমার সঙ্গে কথা বলব না’! তখন তাকে আমি এটা পাঠাই—
মিতা!
কে আমি আর কে তুমি তা-একটু খুলে বলবে, মিতা?
শুধুই তুমি নামের বানান? ভুলে গেলেই করবে গো মান?
নামটা তোমার ভুলতে মানা, তুমি কেবল সেই ঠিকানা?
নামের খ্যাতি পাওয়ার জন্য,ছুটুক সবাই পাগল হন্যে-
নও তুমি ওই অন্ধ কুয়ার, বাসিন্দা! এই বন্ধ দুয়ার
খুলেই দেখো আকাশ জুড়ে, আলোর পাখি যাচ্ছে উড়ে।
অসীম প্রভায় দিক দিগন্ত, যাচ্ছে ভেসে যুগ যুগান্ত।
ফুটছে ফুলের মিষ্টি হাসি, ঝরছে মেঘের বৃষ্টিরাশি
পদ্মপত্রে জলের ধারায়, নাম হারালে কিই বা হারায়?
মগ্ন সবাই নিজের গানেই, নামের ধাঁধায় কেউ বাঁধা নেই।
নামের ভুলে কি আসে যায়? সব নামে জুঁই সুবাস ছড়ায়।
রাগ করো না। মাথার মধ্যে, পদ্য তো নেই, কঠিন গদ্যে
জ্বলছে আগুন বিস্ফোরণে, লড়ছি মরণ-বাঁচন রণে।
লক্ষ নুরজাহান ফিরোজা, চলছে বয়ে ভূতের বোঝা!
ওদের আমি ভাই, সেটা কি, চাইবে তুমি ভুলেই থাকি?
পুড়ছে আমার লক্ষ বোনেই, তাই এ মাথায় জায়গা তো নেই
হাজার হাজার তত্ত্ব তথ্যে, ভর্তি মাথা মিথ্যে-সত্যে।
তোমার শুধু ভুলেছি নাম, তোমায় মনে রেখেছিলাম।
বিস্মরণের স্মৃতি নিয়ে, আছিই মিতা হাত বাড়িয়ে।
মেয়ে জবাব দেয়নি। আমার পিচ্চি মিতা হারিয়ে গেছে জীবন থেকে!

অন্যরকম
দীপা ফিরোজ
সৌদি আরবের সবচেয়ে নামী বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত হয়ে পড়াতে এলাম সেবার, জনস্বাস্থ্য বিষয়ক মাস্টার্স প্রোগ্রামে। বিশাল এক ক্যাম্পাস। ততোধিক বিশাল তার বিস্তৃতি। আমি সব সময়ই বড়সড় স্কুল কলেজে পড়া মানুষ। অবকাঠামোর বিশালতায় বিস্মিত হই না তেমন। যেটাতে বিস্ময়াভিভূত হলাম, তা হল ক্লাসে মেয়েদের আধিক্য দেখে। প্রায় ষাট ভাগ মেয়ে। এরা পড়তে এসেছে দুর্যোগ ব্যবস্থাপনা। ক্লাসে তারা অবাক হয়ে আমার কথা শোনে, অসংখ্য প্রশ্ন করে, মতামতও দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে তর্ক–বিতর্ক করে। আমার কাজকর্ম নিয়ে তাদের সীমাহীন কৌতূহল। আমি জিজ্ঞেস করি, লেখাপড়া শেষ করে কে কি করতে চায়! ওরা বলে কাজ করবে। তারপর বলে আমার মতো মাঠে–ঘাটে কাজ করবে। আমি উদ্দীপনায় ডগমগ হই। আশান্বিত হই যে, আরও কিছু তৈরি ছেলেমেয়ে বেরিয়ে আসবে। এ দেশটা অনেক দূর যাবে। যে দেশের মেয়েরা এ রকম প্রগতিশীল, তাদের দেশের জাতীয় উন্নতি কে ঠেকায়?
আমি ওদের অ্যাসাইনমেন্ট দিই। নানারকম ওয়েব লিংক দিই। যেসব ওদের কাছে জানালার মত কাজ করে। সেই জানালা দিয়ে আমার মত করেই ওরা পৃথিবীটাকে দেখে। ক্লাসের সময় পেরিয়ে যায়। আমি তখনো বকে চলেছি। আমাকে ওরা কিছুতেই ছাড়ে না। এটা শুনতে চায়, ওটা জানতে চায়।
একা মেয়েদের এ দেশে সে রকম চলাফেরা করার সুবিধা নেই তখন। ক্লাস থেকে ফিরে তাই জেনিথের সঙ্গে গল্প করি। জেনিথ আমেরিকার একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াতে এসেছে একই প্রোগ্রামে। এ দেশের মেয়েদের এই অগ্রসরমাণতা ওকেও ছুঁয়েছে।
এক বিকেলে ভিন্ন ঘটনা ঘটল। ক্লাস শেষ করে দুজন হোটেলে ফিরছি। গাড়িতে বসে গল্প করছি, কার দিন কেমন গেল! হঠাৎ আমার দিকে ঘুরে তাকাল জেনিথ। জিজ্ঞেস করল ‘আচ্ছা! তুমি তোমার ক্লাসের মেয়েদের মুখ দেখেছ?’
আমি চমকে উঠি! আমি ওদের আগ্রহ দেখি, ওদের উৎসাহ দেখি, ওদের জ্বলজ্বলে চোখ দেখি। কিন্তু কই, মুখ তো দেখি না! মনে পড়ল, কালো কাপড়ের আড়ালে ঢাকা পড়ে গেছে সেসব অনুসন্ধিৎসু অবয়ব। কী জানি কেন! এরপর আমরা দুজনেই আর কোন কথা বলি না। উদাস হয়ে তাকিয়ে থাকি জানালার বাইরে।
আলো ঝলমলে এই শহরে তখন দুর্বার গতিতে ছুটে চলেছে এক অত্যাধুনিক যান দুজন অভিমানী ভিনদেশিকে নিয়ে।