অনুমানের গল্প
নগরীর প্রথম সারির হোটেলে বছর তিনেক ধরে কাজ করছি। একমাত্র বোনের আবেদনে আইনসিদ্ধ অভিবাসী হয়ে নিউইয়র্কে এসেছি চার বছর আগে।
দুই বছর ছিলাম বোনের বাসায়। দুলা ভাইয়ের ভালো সামাজিক যোগাযোগ। নিউইয়র্ক আসার তিন মাসের মাথায় পেয়ে গেলাম ভালো হোটেলে ভালো বেতনের চাকরি। একদিন বোনকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, আপা, আমি তোমাদের বাসায় থাকি, খাওয়া–দাওয়া করি, কিছু দিতে হবে না?
উত্তরে বোন বলেন, লাগবে না। আমাদের ব্যয় তেমন নেই। এ ছাড়া আমি কাজ করি। এদিকে ট্যাক্সি চালিয়ে তোর দুলা ভাই ভালো আয় করেন। চলে যায়। তুই এ নিয়ে চিন্তা করিস না। তোকে কিছুই দিতে হবে না। আমি না থাকলে মেয়েটিকে দেখে রাখিস।
দেশ থেকে প্রেমিকার চাপ আসছে জোরেশোরে। পরিবার ছেলে দেখছে, বিয়ে দিয়ে দেবে। আপার কানে যেতেই দুলা ভাইসহ দুজনে জোর করে দেশে পাঠালেন। কনের অলংকারসহ দামি প্রসাধনী, সঙ্গে আরও উপহার দিয়ে দুটি সুটকেস ভর্তি করে দিলেন। একমাত্র দুলাভাই ডলার ভর্তি খাম হাতে তুলে দিয়ে বললেন, পাঁচ হাজার আছে। নতুন বউকে নিয়ে মউজ করিও। পারলে ফেরত দিয়ো। না পারলেও কোনো অসুবিধা নাই।
বিয়ের ঠিক দশ মাস পর বউ নিউইয়র্কে এসে হাজির। ভালো কাজের সুবিধায় সহজে মিলে গেল এক বেড রুমের অ্যাপার্টমেন্ট। বোনকে নিয়ে বউ সুন্দর করে সাজাল অ্যাপার্টমেন্ট। একমাত্র ছেলে নিয়নের জন্য আপা দুলা ভাইয়ের আদরের শেষ নেই। ওর জন্মের আগে থেকে সুমিকে আপা মায়ের আদরে দেখভাল করলেন ১০টি মাস। নিয়নের জন্মের এক ঘণ্টা পর তোলা ছবিটি সুমি বড় করে বাঁধিয়ে রেখেছে বসার ঘরের দেয়ালে।
শুক্র ও শনিবার আমার ছুটির দিন। করোনার তাণ্ডবের শুরু থেকেই লম্বা ছুটিতে বাসায় আছি। বসার ঘর থেকে শুনছি, সুমি কথা বলছে আপার সঙ্গে। ফোনালাপ শেষ করে সুমি পাশে বসতে বসতে বলছে, আপার শরীরটা ভালো না। অ্যাজমার টান এবার নাকি বেশি, যন্ত্রণা দিচ্ছে খুব। যাবে নাকি কাল? চল একবার দেখে আসি। নিয়নকে আপা দেখতে চাইছেন।
রাতে দুলা ভাইয়ের ফোন। শ্বাস নিতে অসুবিধা হওয়ায় আপাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। আরও পরীক্ষার জন্য রেখে দিয়েছে। সারা রাত ঘুমাতে পারিনি। দেশে আম্মাকে জানাতেই হাউমাউ করে কেঁদে বলছেন, আমার মেয়েটি ভালো নয়। এটা আমি জানি বাবা। কয়দিন যাবৎ কী সব উল্টোপাল্টা স্বপ্ন দেখছি।
বললাম, টাকা পাঠাচ্ছি। একটি গরু সদকা দিয়ে দিয়ো আপার ভালোর জন্য। আম্মা তখনো কাঁদছেন আর বলছেন, দিমুরে বাবা দিমু। আজই দিমু।
হাসপাতালে গেলেন রোববার। রাতেই হাসপাতাল জানাল, আপা করোনায় আক্রান্ত। তবে বিপজ্জনক নয়। সোমবার বিকেলে দুলা ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। ভাগনি হাসপাতালে গিয়েছিল মায়ের খবর নিতে। সেও জানাল, আপা ভালোই আছেন। দেশে মাকে জানালাম আপার শেষ অবস্থা। মা কোনো জবাব দিলেন না। শুধু কান্নার আওয়াজই শুনলাম। মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ভাগনির কাছে এল চরম বার্তা নিয়ে ফোন কল।
সরি, তোমার মা আর রেসপন্স করছেন না। আমরা চেষ্টা করছি। সব শেষ। বাসায় দুলাভাই আর ভাগনি একা। আমরা কেউই যেতে পারছি না। হাসপাতাল থেকে পরদিন ফোনে একটি নম্বর দিয়ে জানাল দাফনের জন্য ওদের সঙ্গে যোগাযোগ করতে। পরিচিত জুয়েল ভাই দাফনের দায়িত্ব নিলেন। মারা যাওয়ার দুদিন পর মঙ্গলবার জানালেন, বেলা দুটায় ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে দাফন হবে। জানাজা থেকে শুরু করে পুরো দাফন কাজের দায়িত্ব ফিউনারেল হোমের। স্বল্প কয়জন নিকটাত্মীয় ইচ্ছে করলে যেতে পারেন।
মেমোরিয়াল পার্কে পৌঁছতে বেলা দুটা বেজে গেল। দূরে দেখা গেল কবরস্থানের ভেতরে রাস্তার পাশেই একটি বড় সয়েল ডিগার কবর খুঁড়তে ব্যস্ত। জুয়েল ভাইকে ফোন দিয়ে
জানলাম, ওখানেই যেতে হবে। ড্রাইভিংয়ে আমি। একটু জোরে চালিয়ে দাফনের জায়গায় পৌঁছানোর আগেই থেমে গেলাম। দেখি, সামনে রাস্তায় স্ট্যান্ডের ওপর রাখা দুটো কফিন।
কোনটিতে আপার লাশ, তা তো জানি না। আশেপাশে কেউ নেই যে, জিজ্ঞেস করব দুটোর কফিনের কোনোটিতে শুয়ে আছেন আপা।
বেশ দূরে কিছু মানুষের জটলা। আন্দাজ করলাম, দুলা ভাই ওখানে আছেন। বিশাল প্রান্তরজুড়ে ওয়াশিংটন মেমোরিয়াল পার্কের এই মুসলিম কবরস্থান। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শুরু। কখনো থামছে। এরপর আবার শুরু। গাড়িকে এক পাশে রেখে বৃষ্টি আর বেশ জোরে বওয়া বাতাসের মধ্যে নেমে পড়লাম রাস্তায়।
এক পাশ দিয়ে হেঁটে আসছি। হঠাৎ চোখে পড়ল, কফিনের সঙ্গে সুতা দিয়ে ঝোলানো পলিথিন মোড়ানো কাগজ বাতাসে দুলছে। ভাবলাম, পাশে গিয়ে দূর থেকে নাম দেখে বের করব কোনটি আপার কফিন। এরই মধ্যে বৃষ্টি বেড়েছে অনেকটা, সঙ্গে বাতাস। কফিন দুটির সঙ্গে সুতা দিয়ে সাঁটানো কাগজ দুটি দুলছে ভীষণভাবে।
কফিন থেকে মাত্র দুহাত দূরে দাঁড়িয়ে চোখেমুখে বৃষ্টির জল নিয়ে হাত বাড়িয়ে প্রথম কাগজটি উল্টে দেখামাত্র আমার পুরো শরীর কেঁপে উঠল। লম্বাটে শক্ত কাগজে কালো কালি দিয়ে লেখা নামটি। স্পষ্ট পড়তে পারছি, নাশীদা চৌধুরী, ১১০, গ্র্যান্ড টেরেস, এস্টেরিয়া। নিউইয়র্ক।