অনুমোদন পেলেন ট্রাম্পের এয়ারফোর্স সেক্রেটারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারফোর্স সেক্রেটারি হিসেবে হেদার উইলসনের মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ছবি: রয়টার্স
এয়ারফোর্স সেক্রেটারি হিসেবে হেদার উইলসনের মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ছবি: রয়টার্স

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স সেক্রেটারি হিসেবে হেদার উইলসনের মনোনয়ন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। হাউস অব রিপ্রেজেনটেটিভের সাবেক এই রিপাবলিকান–দলীয় সদস্যকে মনোনয়ন দিয়েছিলেন ট্রাম্প। সিনেটে গতকাল সোমবার অনায়াসেই এর অনুমোদন মেলে।

হেদারের বিপক্ষে মোট ২২টি ‘না’ ভোট পড়েছে। এর সবগুলোই এসেছে ডেমোক্র্যাটদের কাছ থেকে। অন্যদিকে, অনুমোদনের পক্ষে পড়ে ৭৬টি ভোট।

এর আগে গত মার্চে অনুষ্ঠিত শুনানিতে হেদার উইলসন মার্কিন বিমানবাহিনীর এফ-৩৫ জঙ্গি বিমানের ভূয়সী প্রশংসা করেছিলেন। তিনি এই ব্যয়বহুল অস্ত্রকে আরও উন্নত করতে পরামর্শক নিয়োগের উপদেশ দিয়েছিলেন।

৫৬ বছর বয়সী হেদার মার্কিন বিমানবাহিনীর একাডেমি থেকে স্নাতক ডিগ্রিধারী। ২০১৩ সালে দক্ষিণ ডাকোটায় স্কুল অব মাইনস অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট ছিলেন তিনি। ১৯৯৮ থেকে ২০০৯ পর্যন্ত হাউস অব রিপ্রেজেনটেটিভের সদস্য ছিলেন। তিনি নিউ মেক্সিকো আসন থেকে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচন করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।