অনৈতিক নানা ঘটনায় বিব্রত কমিউনিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে বাংলাদেশি আমেরিকান আক্কাস আলীর শাস্তির দাবিতে নিউইয়র্কের হাডসনে তার বাড়ির সামনে বিক্ষোভ

স্ত্রীর আগের ঘরের সংসারের শিশু সন্তানকে যৌন হয়রানির অভিযোগে এক বাংলাদেশি আমেরিকান গ্রেপ্তার হয়েছেন। কথিত বাংলাদেশি চলচ্চিত্র নায়িকার কারণে ভেঙেছে প্রবাসীর সংসার। চাচার হাতে স্কুলপড়ুয়া ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশি এক সাংবাদিকের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নিউইয়র্ক সামাজিক অবক্ষয়ের এমন নানা ঘটনার কথা শোনা যাচ্ছে প্রায়ই। এসব ঘটনা নিয়ে বিব্রত বাংলাদেশ কমিউনিটির মানুষ। এতে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কমিউনিটির।

শিশুকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রে বসবাসরত আক্কাস আলী ওরফে মোহাম্মদ আলী (৬৮) নামে এক বাংলাদেশি-আমেরিকানের শাস্তির দাবিতে সম্প্রতি তাঁর বাড়ির সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা। ১১ সেপ্টেম্বর দুপুরে নিউইয়র্কের হাডসন এলাকার প্রমেনেডি হিলের কাছে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘জাগো হাডসন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০১৫ সালে পুলিশের কাছে প্রথম ওই ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন ফারজানা মৌসুমি নামে এক বাংলাদেশি আমেরিকান নারী। নানা কারণে সময়ক্ষেপণ করে স্থানীয় পুলিশ প্রশাসন। লাগাতার কর্মসূচির পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে আক্কাস আলীকে প্রথম গ্রেপ্তার করা হয়। পরে ছাড়া পেলেও গত মার্চে আবার গ্রেপ্তার হন। তবে এখন তিনি জামিনে রয়েছেন।

‘জাগো হাডসন’-এর অন্যতম প্রতিষ্ঠাতা জেরিন আহমেদ অভিযোগ করেন, শিশুদের যৌন-নির্যাতন ও যৌন হয়রানির কয়েকটি অভিযোগ রয়েছে আক্কাসের বিরুদ্ধে। কয়েক দশকে তাঁর হাতে ধর্ষণের শিকার হয়েছে অন্তত ৮ শিশু-কিশোর। এর মধ্যে এ পর্যন্ত তিনজন পুলিশে অভিযোগ করেছেন।

সিলেটের সন্তান আক্কাস দুই দশকের বেশি নিউইয়র্কের হাডসনে বসবাস করছেন। তাঁর মালিকানায় তিনটি ফুডকার্ট (রাস্তার পাশে ভ্রাম্যমাণ খাবার দোকান) রয়েছে। তাঁর সন্তানেরা সেগুলো দেখশোনা করেন।

ধর্ষণসহ যৌন নির্যাতন ও শিশুর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ প্রমাণিত হলে আক্কাসের সর্বোচ্চ ২৫ বছরের দণ্ড হতে পারে বলে জানান কলম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি।

আক্কাসের মতো অভিযোগ উঠেছে নোয়াখালীর সোনাইমুড়ী থেকে আসা এক বাংলাদেশি আমেরিকানের বিরুদ্ধে। লং আইল্যান্ডে বসবাসরত এক গৃহবধূ অভিযোগ করেন, তাঁর আগের ঘরের মেয়ে তাঁরই স্বামীর হাতে যৌন হয়রানির শিকার হয়েছে। পরের তিনি নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এই স্বামীর সংসার ছাড়েন।

২০০৭ সালে ওই নারী দুবছরের সন্তানসহ আত্মীয় সম্পর্কের কাজিনকে বিয়ে করেন। আমেরিকায় আসার পর প্রথম কয়েক দিন ভালোই চলছিল সংসার। কিন্তু আমেরিকা আসার কয়েক বছর পর স্বামী মদ্যপ অবস্থায় বাসায় তাঁকে মারধর শুরু করেন। এভাবে শত কষ্টে মেয়ে সন্তানের কথা ভেবে সংসার ছাড়েননি তিনি। এদিকে মেয়ে বড় হতে থাকে।

গৃহবধূ অভিযোগ করেন, ‘এক সময় শিশু সন্তান আমাকে বলতে শুরু করে, বাবা তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছে। এ ছাড়া মেয়ে যত বড় হচ্ছে, মানসিক অত্যাচার বাড়তে থাকে। প্রতিবাদ করলেই আমাকে মারধর করে। আমি ৯১১ অভিযোগ করলে পুলিশ পাঁচবার তাঁকে গ্রেপ্তার করে। পরে আমি আমার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে ১৫ মাস ধরে আলাদা থাকি।

ওই গৃহবধূ আরও বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে না আসলে আমার স্বামী, শ্বশুর ও ননদের এসব অপরাধের কথা জানতাম না। একেকজন মেয়েকে বিয়ে ও ডিভোর্স দিয়ে ডলার কামানো তাদের ব্যবসা। আর এভাবে শুধু আমার জীবন নষ্ট হয়নি, আরও অনেকের জীবন নষ্ট করেছে আমার শ্বশুর পক্ষ।

গত বছর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে আসেন বাংলাদেশি নায়িকা শিলা। অভিযোগ উঠেছে, শো করতে এসে নিউইয়র্কের এক প্রবাসীর সঙ্গে হোটেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ওই প্রবাসীর স্ত্রী দেখে যান। এরপর শুরু হয় সংসারে অশান্তি। ২০১০ সালে পরিবারের সম্মতিতে বিয়ে হলেও ওই নারীর কপালে আর সুখের দেখা মেলেনি। বিয়ের প্রায় ৫ বছর পর এ দেশে আসেন ওই গৃহবধূ। তাদের ঘরে একটি সন্তান রয়েছে।

ঘটনা এখানে শেষ নয়, এরপর আরও উঠতি বয়সী মেয়েদের সঙ্গে ছবি ও ভিডিও স্ত্রী দেখার পর বাধ্য হয়ে সংসার করেন। কিন্তু স্বামী তার অনৈতিক কাজ বন্ধ না করায় অভিমান করে গত বছর বাংলাদেশে চলে যান ওই গৃহবধূ। চলতি বছর তিনি যুক্তরাষ্ট্রে এসে ফেব্রুয়ারিতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। মামলাটি আদালতে বিচারাধীন।

কয়েক বছর ধরে নিউইয়র্কের কয়েকজন নারী বিউটি পারলারের আড়ালে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে কমিউনিটির অনেকে অভিযোগ তুলেছেন। এ নিয়ে বিক্ষোভ–মানববন্ধও হয়েছে। চলতি বছর কমিউনিটির নেতাদের চাপে কুইন্সের ফ্রেশমেডো এলাকায় একটি বিউটি পারলার বন্ধ হয়ে যায়।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে নিজের চাচা ও কমিউনিটির পরিচিত মুখ চৌধুরী নামের এক ব্যক্তির ছবি পোস্ট করে যৌন হয়রানির অভিযোগ করেন স্কুলপড়ুয়া এক শিক্ষার্থী। মুহূর্তেই এই ছবি ও পোস্ট ভাইরাল হয়ে যায়। এ ছাড়া কয়েক দিন ধরে নিউইয়র্কের এক পরিচিত সাংবাদিকের আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে বাংলাদেশি কমিউনিটির মানুষ বিব্রত।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির এমন নৈতিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, ‘এসব ঘটনা নানা উদ্বেগের জন্ম দিয়েছে। পারিবারিক ও সামাজিকভাবে নৈতিক ও পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা থেকে আমরা অনেকেই সরে এসেছি।’