অন্তঃসত্ত্বা শোনার পরই সন্তানের জন্ম
জুডি ব্রাউনের বয়স ৪৭ বছর। পেটে হঠাৎ প্রচণ্ড ব্যথা। একপর্যায়ে স্বামীকে নিয়ে ছুটলেন হাসপাতালে। নিঃসন্তান এই দম্পতি জানতেন না সেখানে তাদের জন্য কী খবর অপেক্ষা করছে। চিকিৎসক পরীক্ষা করে জানালেন জুডি অন্তঃসত্ত্বা। এ খবর শোনার এক ঘণ্টা পর সন্তানের জন্ম দেন জুডি। এবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়।
৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বেভারলি হাসপাতালে জুডি তাঁর সন্তানের জন্ম দেন। তিনি ডব্লিউসিভিবি নিউজকে বলেন, ‘চিকিৎসক বললেন সুখবর আছে। আপনার কোনো ধরনের ব্লকেজ বা সমস্যা নেই। আপনি অন্তঃসত্ত্বা। আর এখনই আপনি তাকে জন্ম দিতে যাচ্ছেন।’
এ খবর শোনার এক ঘণ্টা পরই আট পাউন্ড ওজনের এক কন্যাশিশুর জন্ম দেন জুডি। এই নবজাতকের নাম রাখা হয় ক্যারোলিন রোজ। এই দম্পতির বিয়ে হয়েছে ২২ বছর। জুডি অন্তঃসত্ত্বা হওয়ার পর মনে করেছিলেন তিনি হয়তো মেনোপজের দিকে যাচ্ছেন।
নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যানগন মেডিকেল সেন্টারের প্রসূতিবিদ্যা-বিষয়ক চিকিৎসক ইফাথ হোসকিনস বলেন, মেনোপজের কাছাকাছি সময় এ ধরনের ঘটনা খুব কম। সাধারণত মেনোপজের গড় বয়স ৫২-৫৩। অনেক নারী আছেন, যাঁদের এই বয়সের আগে বা পরে মেনোপজ হতে পারে। যেহেতু জুডি মেনোপজ পূর্ববর্তী সময়ে, তাই তাঁর সন্তানসম্ভবা হওয়ার সম্ভাবনা কম ছিল। তবে একেবারেই যে ছিল না, তা নয়।
জুডির না বোঝার কারণ হিসেবে হোসকিনস বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার আগে জুডির ঋতুস্রাব ছিল অনিয়মিত। এ ছাড়া তাঁর পেটে গ্যাসের সমস্যা ছিল।
কিন্তু জুডির যখন পেট বড় হতে লাগল ও ওজন বাড়তে লাগল, তখন তিনি মনে করেন হয়তো বয়সের কারণে তাঁর ওজন বাড়ছে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, আমি আমার মায়ের মতো হয়ে যাচ্ছি।’ কিন্তু তাঁর স্বামী জ্যাসন বিষয়টি ভালোই লক্ষ করলেন। তিনি বলেন, সাধারণত জুডির পেট শক্ত থাকে কিন্তু এ সময় তাঁর পেট অনেক নরম তুলতুলে ছিল।
অন্তঃসত্ত্বা থাকার সময় কোনো চিকিৎসা না নিলেও মা ও সন্তান উভয়ই সুস্থ। বাবা হতে পেরে আনন্দিত জ্যাসন। বাবার আদরের দুলালী যখন কেঁদে ওঠে, তখন জ্যাসন বলেন, ‘আমি এখানেই আছি।’