অন্ধত্ব দমাতে পারেনি মাহবুবুরকে

জন্মান্ধ মাহবুবুর রহমান রনি। অন্ধত্ব, নানান জনের নানা সমালোচনা আর ভয় উপেক্ষা করে এগিয়ে চলেছেন তিনি। ইতিমধ্যে তাঁর অর্জনও কম হয়নি।
মাহবুবুর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শেষে আরও উচ্চ শিক্ষার জন্য রনি ঘুরছেন দেশে-দেশে। ইতিমধ্যে নরওয়ে থেকে উচ্চ ডিগ্রি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি কলেজে অধ্যয়নরত। কিন্তু তাঁর স্বপ্ন পূরণে প্রয়োজন আর্থিক সহযোগিতার।
বাবার নাম মোহাম্মদ সাদুল্লাহ বাচ্চু। আর মায়ের নাম রাবেয়া খানম রুবি। বাড়ি সিলেটের বাহুবল উপজেলার খাদিমনগরে। তাঁর ৩ বোন রয়েছে। পরিবারে সবার বড় সে।
মাহবুবুর রহমান রনি বলেন, অন্ধ হয়ে আমার জন্মটা মা-বাবা তথা পরিবারের জন্য ট্র্যাজিক ঘটনা ছিল। কেননা তিনি ছিলেন পরিবারের প্রথম সন্তান। ‘শত কষ্ট থাকা সত্ত্বেও আমার মা-বাবা আমাকে বড় করার চেষ্টা করেন। আমি স্বাভাবিক ছিলাম না, তাই আমার লেখাপড়ার জন্য বাবা বিভিন্ন মাদ্রাসায় পাঠান। বাসায় মওলানাও রেখে দেন। তাতেও পড়াশোনা করতে পারছিলাম না। পরবর্তী সময়ে এক প্রতিবেশী জানালেন অন্ধরাও পড়াশোনা করতে পারে। তখন আমার বয়স ১১ বছর।’
মাহবুবুর রহমান জানায়, প্রতিবেশীর পরামর্শে সে ১৯৯৫ সালে ঢাকায় মিরপুর ১৪ নম্বরে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে ভর্তি হয়। সেখানে প্রাথমিক পাস করার পর সিলেটে ফিরে যায়। সেখান থেকেই মানসিকভাবে নিজেকে গড়ার সকল সুযোগ পায়। মাহবুবুর আরও বলেন, ‘ছোট দুই বোন পড়ার সময় তাদের পাশে বসে থাকতাম। বাবা বই এনে দিতেন, মা সেই বই পড়ে বলে দিতেন, আমি মুখস্থ করতাম-অ তে অজগর, আ-তে আম। কিন্তু আমি যে আরও পড়তে পারব তা জানতাম না।’ তিনি জানান, ঢাকা থেকে ফিরে আসার পর সিলেটে অন্ধদের জন্য স্কুল থাকলেও হোস্টেল ছিল না। তাই মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অন্ধ হোস্টেল থাকায় সেখানে চলে গেলেন। সেটা ২০০০ সালের ঘটনা। সেখানে ব্রেইল সিস্টেম (অন্ধদের পড়ার বিশেষ ব্যবস্থা) পাচ্ছিলেন না। পড়া রেকর্ড করে করে পড়তে হয়েছে। সমন্বিত স্কুলে রোল নম্বর ১-৫ নম্বরে থাকত। ২০০৫ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সমন্বিত অন্ধ শিক্ষা প্রকল্প থেকে মানবিক বিভাকে এই স্কুলের সর্বোচ্চ নম্বর পেয়ে এসএসপি পাস করেন।
মাহবুবুর বলেন, পরবর্তী সময়ে মৌলভীবাজার থেকে সিলেটে চলে আসি। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলাম। আমিই সেখানকার প্রথম অন্ধ ছাত্র হলাম। কিন্তু আমি ভালো রেজাল্ট করার পরও অনেক পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়েছে; যা অমার কাছে খুব খারাপ লেগেছে। পরবর্তী সময়ে শারমীন ম্যাডাম ও মাহবুব স্যার ক্লাসের বাইরেও সাহায্য করতেন। সেখান থেকে ২০০৭ সঙ্গে এইচএসসি পাস করি। মানবিক শাখায় ৪.৪০ গ্রেড পেয়ে পাস করি। এইচএসসি পাশের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির যুদ্ধ শুরু হয়। তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অন্ধ শিক্ষার্থীদের জন্য কোনো প্রস্তুতির (কোচিং) ব্যবস্থা ছিল না। বন্ধুদের প্রাইভেট পড়ার লেকচার শিট ধার করে এনে তা ছোট বোন রেকর্ড করে দিলে তা থেকে শিখতাম। এভাবেই চলতে থাকে আমার অনিশ্চিত জীবনের সংগ্রাম।
‘মেধা তালিকায় ১৬৫ তম স্থান নিয়ে ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের জন্য মনোনীত হই। আমার মা আর আমার ইচ্ছে মতো শিক্ষক হওয়ার জন্য ইংরেজি বেছে নেই। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন ছিল বড় চ্যালেঞ্জিং। বিশ্ববিদ্যালয়ের এস এম হলের আবাসিক ছাত্র হিসেবে ৪৯ রুমে থাকতাম। পরিবারের খরচে অনার্স, মাস্টার্স শেষ করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ড. ফখরুল আলম, ড. রুবিনা খান, তাহমিনা আহমেদ, তাসনিম মাহবুব সিরাজ স্যার আমাকে আর্থিক ও মানসিকভাবে সাহায্য করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’ বলেন মাহবুবুর।
মাহবুবুর জানান, ২০১১ সালে প্রথম শ্রেণি পেয়ে ইংরেজি সাহিত্যে স্নাতক শেষে করে, ২০১৩ সালে ইংরেজি ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে প্রথম শ্রেণিতে মাস্টার্স করেন। কিন্তু সব বন্ধুরা চাকরি পেলেও, অন্ধ হওয়ার কারণে তিনি চাকরি পাচ্ছিলেন না। চাকরি পেতে গিয়ে অনেক কথাও শুনতে হয়েছে, খারাপ লেগেছে। ফলে হতাশাও কাজ করত। কিন্তু দমে যাইন, আবার যুদ্ধে নেমে পড়েন।
মাহবুবুর বলৈন, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে সিলেটের গোয়াইনঘাট মডেল স্কুলে প্রথম চাকরি পাই। চাকরি পাওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়। কারণ আমার সকল শিক্ষার্থীরা চোখে দেখতো, আমি চোকে দেখতে পারতাম না। আমি অন্ধ হয়েও শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারছি—এই আনন্দ আমাকে সাহস জোগায়। এই চাকরিতে থাকাবস্থায় ২০১৪ সালে বিসিএস পরীক্ষায় অংশ নেই এবং ২০১৫ সালের ১৬ এপ্রিল ৩৪তম বিসিএসে মৌখিক পরীক্ষায় অংশ নেই। ইতিমধ্যে নরওয়ের ইউনিভার্সিটি অব অসলো থেকে ফুল স্কলারশিপসহ মাস্টার্স করার আমন্ত্রণ পাই ২০১৫ সালের ১৬ এপ্রিল। ফলে ২০১৫ সালের আগস্টে ভিসা নিয়ে পড়াশোনা করতে নরওয়ে যাই। এটাই জীবনে প্রথম দেশের বাইর যাওয়া, প্লেনে ওঠা।’

রনি জানান, ৪ আগস্ট নরওয়ে পৌঁছে সেখানকার স্বাদ, গন্ধ পেয়ে ভালো ছিলাম। নরওয়েতে স্পেশাল শিক্ষা নিয়ে দুই বছর পড়াশোনা করে ভালো রেজাল্ট করে দেশে ফিরি। দেশে ফিরে ২০১৭ সালে ১ ডিসেম্বর সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজে প্রভাষক হিসেবে যোগ দিই। এরপর আরও ডিগ্রি নিতে যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের লিঞ্চ স্কুল অব এডুকেশন ফ্যাকাল্টির কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আবেদন করলে তারা আংশিক স্কলারশিপ দিয়ে মাস্টার্স পড়ার সুযোগ দেয়। পিএইচডি করতে হলে জিআরই পাস করতে হয়। কিন্তু বাংলাদেশের অন্ধরা ‘জিআরই’ দিতে পারেন না।
‘২০১৮ সালের ১ সেপ্টেম্বর বোস্টন আসি এবং বিদেশি ছাত্র হিসেবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বোস্টনের ডর্চচেষ্টারে বাসা ভাড়া করে থাকছি। আর পড়াশোনা করছি।’ বলেন মাহবুবুর। জানান, তার টিউশন ফি প্রতি ক্রেডিট ১,৪৭৮ ডলার। পড়াশোনা করতে ৩০ ক্রেডিট লাগবে। ৯ ক্রেডিট শেষ করেছেন। যুক্তরাষ্ট্র আসার সময় তাঁর পরিবার থেকে ৩,০০০ ডলার নিয়ে আসেন। সামনে আরও ২১ ক্রেডিট লাগবে। এ জন্য ৩১ হাজার ৩৮ ডলার প্রয়োজন। তাঁর আছে ৮,৭০০ ডলারের মতো। সব মিলিয়ে আরও ২২ হাজার ডলারের মতো লাগবে।
মাহবুবুর বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি। কিন্তু আমি আমেরিকান নাগরিক না হওয়ায় তারা সাহায্য করতে পারছে না। এ জন্যই অর্থের দরকার। অর্থ সাহায্য না পেলে পড়াশোনা চালাতে পারেবা না। আগামী ১৪ জানুয়ারির মধ্যে ১৩ হাজার ডলারের মতো লাগবে পরবর্তী সেমিস্টারের রেজিস্ট্রেশনের জন্য।’ তিনি জানান, বোস্টনে কাজও পাচ্ছেন না। বোস্টন কলেজ কোনো অন্ধকে ‘ফেইস’ করেনি। ফলে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন।
রনি স্কুলের ছুটিতে নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেষ্টারে আছেন এক আত্মীয়ের বাসায়। তার এক বোন সিলেটের শাহ পরান হাইস্কুলের সহকারী শিক্ষক ও বিবাহিত। আরেক বোন সিলেটের মইনুদ্দীন মহিলা কলেজে বাংলায় স্নাতক (সম্মান) করছে। ছোট আরেক বোন ২০১৯ সালে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী।
রনি বলেন, ‘চোখে না দেখা, পড়তে না পাড়া আর প্রিয় মাকে না দেখা জীবনের বড় কষ্ট। এ ছাড়া অন্ধ হওয়ার কারণে আমাকে আলাদা মনে হয়, আলাদা করা হয়। অধিকাংশ মানুষের কাছে সত্যিকারের ভালোবাসা পাই না। সবাই সহযোগিতার হাত বাড়ায়, নিজেকে অসহায় মনে হয়।’
মাহবুবুর তাঁর স্বপ্ন পূরণে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান। মাহবুবুর রহমান রনির সঙ্গে যোগাযোগের নম্বর- ৯২৯-৪৬২-২৯৩৩
এদিকে জন্মান্ধ মাহবুবুর রহমান রনির স্বপ্ন আর সমস্যার কথা শুনে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী এগিয়ে এসেছেন। তিনি রনির সমস্যা সমাধানে কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন। আরও এগিয়ে এসেছেন কমিউনিটির পরিচিত মুখ ও সমাজসেবী অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ।