অন্য দেশে সন্তান জন্ম হলে বিপদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সিটিজেনশিপ বা নাগরিকত্ব নীতিমালায় আরও কঠোর হচ্ছেন। আমেরিকার চাকরিজীবী নাগরিকদের দেশের বাইরে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে। ২৮ আগস্ট ট্রাম্প প্রশাসনের ঘোষিত এই নীতিমালা ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে। দেশের বাইরে আমেরিকার কর্মজীবী নাগরিকদের জন্ম নেওয়া সন্তান সরাসরি নাগরিকত্ব পাওয়ার নিয়ম চালু ছিল। নতুন নিয়মে সন্তানের হয়ে বাবা–মা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিসের কাছে আবেদন করতে হবে।

ইমিগ্রেশন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন এই নিয়মের ফলে আমেরিকার হয়ে দেশের বাইরে কাজ করা অনেক কর্মজীবীর সন্তানদের নাগরিকত্ব অস্বীকার করা হতে পারে। সাউথ টেক্সাস কলেজ অফ ল’–এর প্রফেসর জোসেফ ব্ল্যাকম্যান বলেন, নাগরিকত্ব অস্বীকার করা হচ্ছে না সরাসরি। করা হচ্ছে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাবা–মা সন্তানের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।

এ আবেদনের নানা প্রক্রিয়ায় বাইরে জন্ম নেওয়া অনেক কর্মজীবীর সন্তানদের মার্কিন নাগরিকত্ব প্রাপ্তি ব্যাহত হতে পারে বলে তিনি আশঙ্কা করেন। 

ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কেন কুসিনেলি বলেন, নীতিমালা পরিবর্তনের সঙ্গে দেশের বাইরে কর্মরত সার্ভিস মেম্বারদের জন্মগত অধিকারের কোনো পরিবর্তন হবে না। কর্মজীবী বা মার্কিন সেনা সদস্যদের দেশের বাইরে জন্ম নেওয়া সন্তানদের নাগরিকত্ব প্রত্যাখ্যান করা হবে না বলে তিনি উল্লেখ করেন।

ইমিগ্রেশন হাব নামের একটি সংস্থার পরিচালক টেইলর মোরান বলেন, নতুন নির্দেশনা নানা আমলাতান্ত্রিক জটিলতার জন্ম দেবে। নতুন নীতিমালায় বলা হচ্ছে, আমেরিকার নাগরিক যারা কাজের খাতিরে দেশের বাইরে আছেন এবং সেখানে সন্তানের জন্ম হচ্ছে, তাদের আমেরিকায় বসবাসকারী হিসেবে বিবেচনা করা হবে না। তাদের আবেদন প্রক্রিয়া আর যাচাই–বাছাইয়ের মাধ্যমে নাগরিকত্ব সনদ দেওয়া হবে।

ডেমোক্র্যাট এবং উদারনীতিকেরা ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই নীতিমালার সমালোচনা শুরু করেছে। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট ড্যান কিল্ডি বলেন, এই নীতিমালা আমেরিকার সেনাবাহিনীর জন্য ক্ষতির কারণ হবে। ট্রাম্প প্রশাসনের এ নীতিমালা দেশের জন্য কাজ করা মার্কিন সেনা সদস্যদের জন্য একটি চপেটাঘাত বলে তিনি উল্লেখ করেন।